শিক্ষার্থীরা সচেতন থাকবে সব বিষয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাধ্যক্ষ (স্কুল), বিএএফ শাহীন কলেজ, ঢাকাপরীক্ষার্থী বন্ধুরা, জেএসসি পরীক্ষা তোমাদের জীবনে প্রথম পাবলিক পরীক্ষা। পরীক্ষায় ভালো করতে হলে পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে। বিষয়ভিত্তিক প্রস্তুতি অবশ্যই নেবে। এ ছাড়া কিছু সাধারণ বিষয়ের প্রতি তোমাদের সচেতন থাকা প্রয়োজন। পরীক্ষার কমপক্ষে দুদিন আগে স্কুল থেকে প্রবেশপত্র সংগ্রহ করবে। প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনাগুলো পড়বে এবং অবশ্যই সেগুলো মেনে চলবে। হাতে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাবে। পরীক্ষাকেন্দ্রে কক্ষ নম্বর ও প্রাপ্ত সিটের কোনো সমস্যা থাকলে তা উপস্থিত শিক্ষক অথবা কেন্দ্রের সচিবকে জানাবে। পরীক্ষার খাতা হাতে পাওয়ার পর খাতার ওএমআর ফর্মের তথ্য বৃত্ত ভরাট দ্বারা যথাযথভাবে পূরণ করবে। কোনো অবস্থাতেই খাতা ভাঁজ করা যাবে না। প্রয়োজনে স্কেল দিয়ে মার্জিন দেবে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পুরো প্রশ্নটি মনোযোগ সহকারে এক/দুইবার পড়বে। যেসব প্রশ্নের উত্তর ভালো জানা আছে, সেগুলো চিহ্নিত করে উত্তর লেখা শুরু করবে। বানানের প্রতি সতর্ক দৃষ্টি রাখবে। খাতায় ভালো নম্বর পাওয়ার জন্য হাতের লেখা ও প্রশ্নের উপস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। খাতায় যেন অবাঞ্ছিত দাগ বা কাটাকাটি না হয়, সে দিকে সতর্ক দৃষ্টি রাখবে। ভুল হলে একটানে কেটে শুদ্ধ উত্তর লিখবে। সৃজনশীল ও বহুনির্বাচনী পরীক্ষা একই উত্তরপত্রে দিতে হবে। প্রশ্নের উত্তর লেখার সময় সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখবে। প্রাসঙ্গিক উদ্ধৃতি, ছক, চিত্র ইত্যাদি ব্যবহার করতে ভুল করবে না। নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগে লেখা শেষ করবে এবং অবশ্যই খাতা রিভিশন দেবে। মনে রাখবে, সঠিক উত্তর দেওয়ার মধ্যেই সাফল্য পাওয়ার সূত্র লুকিয়ে থাকে।