
ঢাকা-শরীয়তপুর সড়কের পাশে ধানুকা এলাকায় শরীয়তপুর সরকারি কলেজটি অবস্থিত। ৬ দশমিক ৮ একর জমির ওপর কলেজের ক্যাম্পাস। চারপাশ সবুজ গাছপালায় ঘেরা। ক্যাম্পাসের ভেতরে আছে ছোট্ট পুকুর। অবসরে সেই পুকুরপাড় হয়ে ওঠে শিক্ষার্থীদের আড্ডার জায়গা। ১৯৭৮ সালে কলেজটির যাত্রা শুরু হয়। ১৯৮০ সালে হয় সরকারীকরণ। এখন এই প্রতিষ্ঠানে পড়ছেন প্রায় সাড়ে আট হাজার শিক্ষার্থী। কলেজে ১২টি বিষয়ে স্নাতক ও ৪টি বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয়।
সাহিত্যের আলোয়
শরীয়তপুর সরকারি কলেজে রয়েছে সাহিত্য বিভাগ। বিভিন্ন জাতীয় দিবসের আয়োজনে এই বিভাগের শিক্ষার্থীরাই ক্যাম্পাসে অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব কাঁধে নেন। ঢাকার শিল্পকলা একাডেমিতে গিয়ে নাটক করে এসেছেন শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। পেয়েছেন পুরস্কারও।
এর বাইরেও অঙ্কুর থিয়েটার নামে কলেজে একটি সংগঠনের কার্যক্রম চালু আছে। সদস্যসংখ্যা ২১। থিয়েটারের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান বাংলা বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র। তিনি জানান, ২০১৪ সালে অঙ্কুরের পথচলা শুরু। সৃজনশীলতা ও মননশীলতা চর্চায় কাজ করে যাচ্ছে এই সংগঠন। দিনে দিনে অঙ্কুরের লোকবল আরও বাড়ছে। মঞ্চনাটক ছাড়াও সংগীত ও নৃত্য নিয়ে কাজ করছে সংগঠনটি।

ক্লাসের বাইরে
শরীয়তপুর সরকারি কলেজে রয়েছে ডিবেটিং ক্লাব ও বিজ্ঞান ক্লাব। কলেজে প্রতি মাসে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কৃত করা হয় শিক্ষার্থীদের। কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। বিজ্ঞানভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানও আয়োজন করা হয় এখানে। বিজ্ঞান মেলা ও বিজ্ঞান সপ্তাহে অংশ নেন কলেজের শিক্ষার্থীরা, হাজির হন তাঁদের উদ্ভাবনগুলো নিয়ে।
লেখাপড়ার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবছর ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, নাটক, স্বেচ্ছায় রক্তদান ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়। কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ছাত্র রোকন উদ্দিন বলেন, ‘কলেজজীবনে প্রবেশ করেই মাদকবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হই। জেলা পুলিশ সুপারের উদ্যোগে গড়া “মাদক নির্মূল করি” (মানিক) নামের একটি মাদকবিরোধী সংগঠন রয়েছে। আমাদের কলেজের অনেক শিক্ষার্থী এই সংগঠনে কাজ করছে। গত দুই বছরে এই সংগঠনের ব্যানারে আমরা ১০টি স্থানে মাদকবিরোধী নাটক পরিবেশন করেছি।’
স্নাতকের (সম্মান) ছাত্র আবদুল মোতালেব জানান, তাঁরা কয়েকজন বন্ধু মিলে স্বেচ্ছায় রক্তদান করে থাকেন। এখনো কোনো সাংগঠনিক রূপ দেওয়া হয়নি। তবে তাঁরা শিক্ষার্থীদের একটা দল গড়ে তোলার চেষ্টা করছেন। দলের সবার রক্তের গ্রুপ ও ফোন নম্বর তালিকাভুক্ত করা থাকবে। কারও রক্তের প্রয়োজন হলেই ছুটে যাবেন এই দলের সদস্যরা।

প্রশাসনিক কাজে শিক্ষার্থীদের সহায়তা
কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম চলছে। দ্বাদশ শ্রেণির ১২ জন শিক্ষার্থী ভর্তির কাজে সহযোগিতা করছে।
দ্বাদশ শ্রেণির ছাত্র শাহিন সরদার, আকাশ বেপারি ও মো. সজীব জানায়, সকাল নয়টায় তারা ল্যাপটপ ও মুঠোফোন নিয়ে হাজির হয়ে যায়। যখন যার ক্লাস না থাকে, সে অনলাইন ভর্তিপ্রক্রিয়ায় শিক্ষার্থীদের সহযোগিতা করে।
আমরা স্বপ্ন বুনি
রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী উম্মে কুলছুম বলেন, ‘এ কলেজ থেকে পাস করার পর আইন বিষয়ে পড়ার ইচ্ছা রয়েছে। আমাদের সমাজে এখনো নারীরা অধিকারবঞ্চিত। আইন পেশায় নিযুক্ত হয়ে আমি নারীর অধিকার রক্ষায় নিজেকে নিয়োজিত করব।’
আরেক শিক্ষার্থী শ্রাবনী জানালেন, পড়ালেখা শেষ করে তিনি শিক্ষক হতে চান। এলাকায় বাল্যবিবাহ রোধে ভূমিকা রাখতে চান। পাশাপাশি সর্বস্তরে শিক্ষার বিস্তারেও তিনি কাজ করবেন।
কিছু সংকট
শরীয়তপুর সরকারি কলেজে দুটি হোস্টেল আছে। একটি ছেলেদের, আরেকটি মেয়েদের। ছাত্রদের হোস্টেলে শিক্ষার্থীরা আছেন। কিন্তু সীমানাপ্রাচীর না থাকায় ছাত্রী হোস্টেলটি চালু করা যাচ্ছে না। কলেজের শিক্ষার্থীরা জেলার ছয়টি উপজেলা থেকে এসে পড়ালেখা করছেন। তার ওপর কোনো পরিবহনব্যবস্থা নেই। গণপরিবহনে তাঁদের যাতায়াত করতে হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী খাতুনে জান্নাতের বাড়ি ডামুড্যা উপজেলার সিড্ডা গ্রামে। বাসে ডামুড্যা উপজেলা সদর, তারপর ব্যাটারিচালিত ইজিবাইকে করে তাঁকে যাতায়াত করতে হয়। খাতুনে জান্নাত বলেন, ‘কলেজের নিজস্ব পরিবহন থাকলে বোধ হয় এত দুর্ভোগে পড়তে হতো না। কলেজের হোস্টেল চালু না থাকায় সিট পাচ্ছি না। বাড়ি থেকে আসা-যাওয়া করে পড়ালেখা করতে বেশ কষ্টই হচ্ছে। হোস্টেল চালু করলে পড়ালেখায় আরও মনোযোগী হতে পারতাম।’

মনোয়ার হোসেন
অধ্যক্ষ, শরীয়তপুর সরকারি কলেজ
মাদক নির্মূল করাসহ মানবতার কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণে আমরা খুবই উৎসাহিত করি। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও আমাদের ছাত্রছাত্রীরা সাফল্য পাচ্ছে। জাতীয় পর্যায়ে অবদান রাখছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীলতা বৃদ্ধিতে শিক্ষকেরা সহায়তা করছেন। কলেজের অবকাঠামোগত সংকট রয়েছে, সেটা ঠিক। শিক্ষার্থীদের জন্য পরিবহনব্যবস্থা নেই। এই সব সংকট নিরসনের জন্য আমরা চেষ্টা করছি।