শিখে এলাম দেখে এলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউউটের শিক্ষার্থীরা ঘুরে এলেন রংপুরের পথেপ্রান্তরে
বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউউটের শিক্ষার্থীরা ঘুরে এলেন রংপুরের পথেপ্রান্তরে

একটা ভাঙা প্রাথমিক বিদ্যালয়ে বসে থাকা নয়জন বিদেশিকে একঝাঁক ছোট শিশু অ, আ, ক, খ শেখাচ্ছে আর তাঁরাও বেশ উৎসাহের সঙ্গে সমস্বরে পাঠ গ্রহণ করছেন—রংপুরের নিশ্চিন্তপুর গ্রামে এমন অদ্ভুত আর মজার ঘটনার মুখোমুখি হয়েছিলাম আমরা। আমরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (আইডিএমভিএস) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের (আইডিএমভিএস) শিক্ষার্থীরা।
বিভাগটি সংক্ষেপে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট নামে পরিচিত।
উন্নয়ন সংস্থা ভিএসও বাংলাদেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের (আইডিএমভিএস) আমরা ছয়জন শিক্ষার্থী ও যুক্তরাজ্য থেকে আসা নয়জন শিক্ষার্থী বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষের জীবনযাপন সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করতে এক মাস রংপুরে অবস্থান করি। সেখানে আমরা অবস্থান করেছিলাম গ্রামের সাধারণ কিছু পরিবারে, যেন একেবারে কাছ থেকে তাদের জীবনব্যবস্থাটা তাদের মতো করে অনুভব করা যায়।
আমাদের দলটির মূল উদ্দেশ্য ছিল রংপুরের সুবিধাবঞ্চিত এলাকার মানুষের মধ্যে চিকিৎসা, নিরাপদ পানি পান, শিশুশিক্ষা ও স্যানিটেশন বিষয়ে পরামর্শ ও সচেতনতা তৈরির চেষ্টা করা। আমরা আমাদের কাজের জন্য বেছে নিয়েছিলাম রংপুরের নিশ্চিন্তপুর, ফতেপুর ও আবদুল্লাহপুরের কিছুটা অংশ। নিজের দেশের মানুষ যে কতটা কষ্টে আছে, কত ধরনের কুসংস্কারে যে তারা এখনো আচ্ছন্ন, বিদেশিদের চেয়ে তা আমাদেরই বেশি অবাক করেছিল। মাসজুড়ে আমরা নানা ধরনের কর্মসূচি, কর্মশালা, আলোচনা সভা ইত্যাদির মাধ্যমে সচেতনতা তৈরির চেষ্টা করেছি। তারাও বিশেষ করে বিদেশি ভলান্টিয়ারদের আন্তরিকভাবে গ্রহণ করেছে। দেশীয় সংস্কৃতি আর বাংলাদেশের মানুষের আতিথেয়তায় তাঁরা গ্রামের মানুষের সঙ্গে মিশে গিয়েছিল। কাজের ফাঁকে ফাঁকে আমাদের সুযোগ হয়েছে রংপুরের বিখ্যাত জায়গাগুলো ঘুরে দেখারও।
এক মাসের পুরো সময়টুকু আমাদের সার্বক্ষণিক সহযোগী বা গাইড হিসেবে কাজ করেছে গ্রামগুলোতে গড়ে ওঠা ইয়ুথ ক্লাবের সদস্যরা, যারা আমাদেরই সমবয়সী।
প্রায় প্রতিদিনই আমরা ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করতাম। সাজিদ, মুশতাক, খালিদ, সাবরিনাসহ আমরা সবাই খুবই আনন্দের সঙ্গে স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন রকম কাজে অংশ নিয়েছি। কখনো আমাদের দিন শুরু হতো ‘টুথ ব্রাশিং কাম্পেইন’-এর উদ্দেশে হাতে টুথব্রাশ ও পেস্ট নিয়ে। কখনো বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে ছুটে যেতাম আশপাশের বাড়িগুলোতে আবার কোনো কোনো দিন দেখা যেত আমরা ‘হাত ধোয়া কর্মসূচির’ প্রচারণায় ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন স্কুলে।
আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলটি নির্ধারিত এক মাসের কাজ শেষ করে ফিরে এলেও যুক্তরাজ্যের ভলান্টিয়াররা রংপুরে কাজ করেছেন পুরো তিন মাস। তাঁর ঢাকায় ফিরেছেন ১৪ অক্টোবর।
এখনো আমাদের মুঠোফোনে মাঝেমাঝেই যখন রংপুর থেকে ফোন কল আসে, তখন সত্যি মনের অজান্তেই ফিরে যাই রংপুরের ওই পরিবারের মানুষগুলোর কাছে, যারা হয়ে উঠেছিল আমাদের দ্বিতীয় পরিবার।
আমাদের দলের যুক্তরাজ্যের ভলান্টিয়ার ভিকি টারনার এবং কায়া ওরনিকের মতে, বাংলাদেশের মানুষের আন্তরিকতায় তারা মুগ্ধ। না হলে পরিবার ছেড়ে বিদেশে ভিন্ন এক পরিবেশে এতটা সময় অতিবাহিত করাটা অসম্ভব ছিল।
যুক্তরাষ্ট্র দলের আরেক সদস্য ক্যাডরি ইক দেশে ফিরে তার নিজস্ব ব্লগে লিখেছেন, ‘আমি রংপুরকে ভালোবেসে ফেলেছি। ওখানকার সুন্দর অভিজ্ঞতাগুলো আজীবন মনে থাকবে। আর মনে থাকবে হাসিমাখা প্রতিটা মানুষের মুখ, যাদের সঙ্গে গড়ে উঠেছে আত্মিক এক সম্পর্ক।’