শুরু হোক উৎসবের প্রস্তুতি
নভেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা। কাজেই সবাই এখন ব্যস্ত নিজেদের শিক্ষাক্রম নিয়ে। আবার বার্ষিক পরীক্ষার পরপরই হয়তো ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বড় মেধার লড়াই, আনন্দের উপলক্ষ—গণিত অলিম্পিয়াড। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১১-এর সঙ্গেই হবে নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। বরাবরের মতো ১৪-১৫টি আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের বিজয়ীরা ঢাকার জাতীয় উৎসবে যোগ দেবে।কাজেই নিজেদের পড়াশোনার ফাঁকে ফাঁকে গণিত অলিম্পিয়াডের লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে এখনই। গত সংখ্যায় গণিত ইশকুলে আমরা প্রাইমারি ও জুনিয়র ক্যাটাগরির প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। এ সংখ্যায় রয়েছে সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রস্তুতির রসদ।২০০৪ সালে যারা গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে, তাদের সঙ্গে এবারের লড়াকুদের পার্থক্য অনেক। কারণ, আমাদের শিক্ষার্থীদের হাতে এখন অনেক বই, অনুশীলনের অনেক সুযোগ। কাজেই একাডেমিক কমিটি যখন প্রশ্ন নিয়ে কাজ করে, তখন তারা এ বিষয়গুলোও মাথায় রাখে। তা ছাড়া প্রতিবছরই নতুন নতুন সমস্যা তৈরি করতে হয় অলিম্পিয়াডের জন্য। কাজটা দিন দিন দুরূহ হয়ে পড়ছে। তাই আঞ্চলিক অলিম্পিয়াডের গণ্ডি পেরিয়ে জাতীয় উৎসবে আসার জন্য খাটতে হবে প্রচুর। অনুশীলনীর চেয়ে জরুরি মৌলিক বিষয়গুলোকে ভালোভাবে রপ্ত করা। জোরটা দিতে হবে প্রথমে সেখানেই। তার পরই রয়েছে মৌলিক বিষয়গুলোর প্রয়োগ। সেটির জন্যও দরকার অনুশীলন।প্রচলিত ব্যবস্থায় জ্যামিতির সমস্যা উপপাদ্যের প্রমাণনির্ভর। কিন্তু আঞ্চলিক অলিম্পিয়াডে জ্যামিতির গাণিতিক সমস্যাই থাকে। ফলে সেভাবেই প্রস্তুতি নিতে হবে।গণিত উৎসব কেবল গণিতেরই উৎসব নয়, এর সঙ্গে যুক্ত থাকে আমাদের স্বপ্ন বিনির্মাণের উদ্যোগ। মুক্তিযুদ্ধ, মুক্তদর্শনের সঙ্গে তাই থাকে দেশকে এগিয়ে নেওয়ার নানা কর্মকাণ্ডের সম্পৃক্তি। এ বছরও প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার একটি উপলক্ষ পাওয়া যাবে সেখানে। থাকবে গণিতের বইয়ের প্রদর্শনী। কয়েকটি বিজ্ঞান সংগঠনের সঙ্গে আলোচনা হচ্ছে, যদি উৎসবে বিজ্ঞানাগারের উপকরণ হাজির করা যায়। থাকবে আগামী দিনের জন্য জরুরি বইগুলো সংগ্রহের সুযোগ।নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের এ বছরের স্লোগান এবং লোগোর ছবি এখনো চূড়ান্ত হয়নি। যারা এ ব্যাপারে পরামর্শ দিতে আগ্রহী, তারা ইচ্ছা করলে [email protected]তে ই-মেইল করে জানাতে পারে।প্রস্তুতির কাজে নিজেরা নিজেরাই প্রস্তুতি নেওয়া যাবে। অথবা আয়োজন করা যাবে কর্মশালা বা ক্যাম্পের। তাও নিজেদের উদ্যোগে। এ ছাড়া যাদের ইন্টারনেট রয়েছে, তারা অনায়াসে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটের সহায়তা নিতে পারে। ইন্টারনেটে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একটি গ্রুপও আছে। [email protected]এ যোগ দিয়ে অংশ নেওয়া যাবে নানা আলোচনায়। ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডে। সেখানে লাল-সবুজের পতাকা নিয়ে যাবে যারা, তাদের খোঁজা হবে এই আয়োজনের মাধ্যমে। কাজেই সে দলে থাকার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে এখনই। যেমনটি গণিত অলিম্পিয়াডের স্বেচ্ছাসেবকেরা তাদের কাজ শুরু করে দিয়েছে এরই মধ্যে।সবার সেকেন্ড ডিফারেনশিয়াল নেগেটিভ হোক।