শেষ সময়ের ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের এইচএসসি ও সমমানের পরীক্ষা একেবারেই নিকটবর্তী। তাই বলে পরীক্ষা নিয়ে অযথা টেনশন করার সময় এখন নয়। এখন সময় প্রস্তুতির। তাই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ স্বাভাবিক থেকে পুরো আত্মবিশ্বাস নিয়ে প্রস্তুত হতে থাকো। দীর্ঘ সময় ধরে যে বিষয়গুলো পড়ে এসেছ, সেগুলো মনোযোগের সঙ্গে রিভিশন দেওয়ার এই তো সময়। এখনকার প্রতিটি মুহূর্ত মূল্যবান। প্রতিটি মিনিট কাজে লাগাও। নিশ্চিত সফলতা আসবে।পরীক্ষা যেদিন শুরু: যানজট থেকে শুরু করে অন্যান্য সম্ভাব্য বিপত্তির কথা মাথায় রেখে বেশ খানিকটা সময় হাতে রেখে বের হবে বাসা থেকে, কখন কোন কারণে বিলম্ব ঘটে যায় বলা তো যায় না। তোমার কোনো ত্রুটির কারণেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে কয়েক মিনিট দেরি হয়ে গেল—এমন ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সচেতন থেকো। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে পৌঁছানো সম্ভব হলে সিট খোঁজার ব্যাপারে হয়রান হতে হয় না, একটু জিরিয়ে নেওয়ারও সময় পাওয়া যায়। অনেক পরীক্ষার্থীকেই ঘণ্টা পড়ার অব্যবহিত পূর্বে দেখা যায়। উত্কণ্ঠায় ঘর্মাক্ত হয় তারা। একটু আগে যদি আসতে পারো, তাহলে অহেতুক উত্কণ্ঠা থেকে তো বাঁচলে।উত্তরপত্র: পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিট আগেই উত্তরপত্র হাতে পাবে তুমি। উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় রোল নম্বর, বিষয় কোড, রেজিষ্ট্রেশন নম্বর ইত্যাদি যেসব তথ্য দিতে হয় তা ঠিকঠাক লিখে বৃত্ত ভরাট করবে। বৃত্ত ভরাট করার সময় তাড়াহুড়া করতে যেয়ো না, ভুল হতে পারে। ঠান্ডা মাথায় বৃত্ত ভরাট করবে। কারণ ভুল হয়ে গেলে সমস্যা হবে তোমার নিজেরই। তবু যদি বৃত্ত ভরাটে ভুল হয়েই যায়, তাহলে সঙ্গে সঙ্গে তা কক্ষ পরিদর্শককে জানাবে।কিছু নিয়ম: প্রশ্নপত্র হাতে পাওয়ার পর যাতে একটুও সময় অযথা নষ্ট না হয় সে জন্য আগেই খাতার প্রতি পৃষ্ঠায় ঠিকমতো মার্জিন টানবে। উত্তর লিখবে সুন্দর ও স্পষ্ট করে। শব্দের সঙ্গে শব্দের দূরত্ব বজায় রাখবে, লাইনের সঙ্গে লাইনের। এ ধরনের পরিচ্ছন্ন উত্তরপত্র পরীক্ষককেও আকৃষ্ট করবে। অযথা কাটাকাটি বা ওভাররাইটিং না করাই ভালো। তবে কোনো লাইন, অনুচ্ছেদ বা শব্দ যদি কেটে দিতেই হয়, তাহলে তা একটানে কেটে দেবে।নম্বর লিখতে ভুলবে না: এমনও দেখেছি, পরীক্ষার্থী বেশ সুন্দর করে উত্তর লিখেছে, কিন্তু প্রশ্নের নম্বর দেয়নি। এ ক্ষেত্রে উত্তর সঠিক হলেও পরীক্ষকের পক্ষে নম্বর দেওয়া সম্ভব হয় না। ব্যাপারটা দুর্ভাগ্যজনক। এ কারণেই বলি, প্রশ্নের নম্বর লিখতে কখনো ভুল কোরো না। কোনো কোনো প্রশ্নের একাধিক অংশ যেমন ক,খ, গ ইত্যাদি থাকতে পারে। কখনো বা অথবা থাকতে পারে। এসব ক্ষেত্রে তোমাকেও এসব বিষয় স্পষ্ট করে লিখে দিতে হবে। তা না হলে তুমি ঠিক কোন অংশের উত্তর লিখছ, সে বিষয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন পরীক্ষক, যা তোমার জন্য ইতিবাচক নাও হতে পারে। অতএব প্রশ্নের নম্বর লেখার ব্যাপারে সাবধান হতে হবে।অনেক সময় পয়েন্টভিত্তিক উত্তর লেখার প্রয়োজন হতে পারে। এসব ক্ষেত্রে পয়েন্ট লিখে তাতে আন্ডার লাইন করবে অর্থাত্ নিচে রেখা টানবে। এভাবে উত্তর লিখলে পরীক্ষকের মনোযোগ তোমার উত্তরের প্রতি আকৃষ্ট হবে। ফলে ভালো নম্বর দেওয়ার মানসিকতাও তৈরি হবে তাঁর মধ্যে। প্রাসঙ্গিকতা: রচনামূলক বা সংক্ষিপ্ত—যে ধরনের উত্তরই লিখ না কেন, তা প্রাসঙ্গিক হলো কি না, সেদিকে নজর রাখতে হবে। রচনামূলক প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে লিখবে। সবশেষে আলাদাভাবে উপসংহার লিখলে ভালো হয়। ভুল বানানে লেখালেখি একটা বড় সমস্যা। উত্তর লেখার সময় সঠিক বানানে লিখবে। বানান ভুল হলে অনেক লিখেও ভালো নম্বর পাওয়ার আশা করতে পার না তুমি। কারণ এতে করে নম্বর কাটা যাবে, অনেক সময় তা পরীক্ষকেরও বিরক্তির কারণ করতে পারে। কোনো সংজ্ঞা বা মনীষীদের কোনো উদ্ধৃতি লেখার সময় হুবহু লিখবে। এসব ক্ষেত্রে কোনো দাড়ি-কমাও যাতে বাদ না পড়ে সেটাও খেয়াল রাখবে। রাত পোহালেই পরীক্ষা: ভোরে উঠেই যেহেতু পরীক্ষা দিতে যাবে, অতএব পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ রাতেই গুছিয়ে রাখবে। এ জন্য একাধিক বলপেন আগেই পেন্সিল বক্সে রাখতে পারো। এসব বলপেনে আবার কালি আছে কি না সেটাও দেখে রাখবে। কাঠপেন্সিল আগেই ধারালো করে রাখবে। সিগনেচার পেন, ইরেজার, স্কেল, প্রবেশপত্র গোছগাছ করে রাখবে রাতেই। অনেক পরীক্ষার্থীকেই তাড়াহুড়া করার কারণে প্রবেশপত্র ফেলে রেখে আসতে দেখা গেছে, যা দুর্ভাগ্যজনক, তোমার ক্ষেত্রে এমনটা যেন না হয়। এসব ক্ষেত্রে অতিমাত্রায় সাবধান হওয়া দরকার।পরীক্ষার আগের রাতে অহেতুক টেনশন করো না। স্বাভাবিক থাকার চেষ্টা করবে। স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করবে। বেশি রাত না জেগে আগেভাগেই ঘুমিয়ে পড়া ভালো। অযথা দুশ্চিন্তা করে স্বাভাবিক ঘুমের ব্যাঘাত ঘটালে তোমার পরীক্ষায় এর বিরূপ প্রভাব পড়তে পারে। যেসব উত্তর ভালো জানা আছে: কমন পড়েছে যেসব উত্তর অর্থাত্ যেসব উত্তর তোমার ভালো জানা আছে সেগুলোই আগে লিখবে। কম জানা উত্তরগুলো পরীক্ষার শেষ দিকে চিন্তাভাবনা করে লেখার চেষ্টা করবে। সম্ভব হলে প্রশ্নের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করবে। যেমন ৯ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার পরই ২ নম্বর কিংবা ৫ নম্বর উত্তর লেখার পরই ১ নম্বর প্রশ্নের উত্তর না দেওয়াই ভালো। এভাবে উত্তর লিখলে প্রশ্নের ধারাবাহিকতা যেমন নষ্ট হয়, তেমনি পরীক্ষকও এতে বিরক্তিবোধ করেন। বিষয়টা খেয়াল রেখো। বিজ্ঞানের প্রশ্নের ক্ষেত্রে চিত্র ও ছক একে উত্তরের মান বাড়ানো যায়। রিভিশনের জন্য শেষ কয়েক মিনিট: পরীক্ষার শেষ ঘণ্টা বাজার আগে কয়েক মিনিট রিভিশনের জন্য রেখে দাও। এতে ভুলত্রুটিগুলো শুধরে নিতে পারবে।