
‘বড় হয়ে সরকারি রাজেন্দ্র কলেজে পড়ব’ এমন স্বপ্ন নিয়ে বেড়ে ওঠে ফরিদপুর অঞ্চলের অনেক শিক্ষার্থী। কালের পরিক্রমায় কলেজটি প্রায় শতবর্ষ ছুঁয়েছে। এখনো এই প্রতিষ্ঠান শহরে ছড়িয়ে দিচ্ছে তারুণ্যের দীপ্তি, উদ্যম।
কেন রাজেন্দ্র কলেজ ঘিরে এত স্বপ্ন? শোনা যাক এক শিক্ষার্থীর গল্প।
এই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর করছেন মাগুরা সদরের রাউতাড়া গ্রামের রাজন কুন্ডু। বলছিলেন, ‘আমি তখন পঞ্চম শ্রেণির ছাত্র। রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। স্কুলের প্রধান শিক্ষক জয়নাল স্যার একদিন জিজ্ঞেস করলেন, “নাম কী?” আমি বললাম, স্যার, রাজন কুন্ডু। স্যার বললেন, “তোকে এখন থেকে রাজেন্দ্র বলে ডাকব। আমি রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলাম, তুইও রাজেন্দ্র কলেজে পড়বি”।’ রাজন কুন্ডু তখনো রাজেন্দ্র কলেজের খোঁজ জানতেন না। নবম শ্রেণিতে পড়ার সময় বড় ভাইয়ের সঙ্গে একদিন ফরিদপুর ঘুরতে এসে রাজেন্দ্র কলেজের দেখা পান। প্রথম দেখাতেই ঠিক করেছিলেন, বড় হয়ে এই কলেজেই পড়বেন। জয়নাল স্যারের ইচ্ছা আর রাজনের স্বপ্ন—দুটোই পূরণ হয়েছে!
কলেজ কথা
১৯১৮ সালের ১০ জুলাই মাত্র ২৯ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করেছিল সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। এখন এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ হাজার।
সরকারি রাজেন্দ্র কলেজের পদার্থবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইয়েদা হোসেন বলছিলেন তাঁর ভাবনা, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে যেসব ভালো কলেজের নাম শুনেছিলাম, তার মধ্যে অন্যতম রাজেন্দ্র কলেজ। কলেজে ভর্তি হওয়ার পর শিক্ষক ও বন্ধুদের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। এখন আমার মনে হয়, এ কলেজে ভর্তি হওয়ার আগে কলেজের কথা যতটা শুনেছিলাম, পেয়েছি তার চেয়ে অনেক বেশি। এখানে পড়াশোনার মান ভালো। শিক্ষকেরা নিজ দায়িত্বে ক্লাস নেন, নিজ দায়িত্বে ক্লাস টেস্টগুলো শেষ করেন। হরতাল হলেও আমাদের ক্লাস বন্ধ থাকে না।’
বর্তমানে রাজেন্দ্র কলেজের আয়তন প্রায় ৫৪ একর। ২০টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করার সুযোগ রয়েছে। ১৯৭ জন শিক্ষক নিয়মিত পাঠদান করছেন। এ ছাড়া কর্মচারীর সংখ্যা ১৯০ জন। দুটি লাইব্রেরিতে প্রায় ৩৫ হাজার বই আছে। পাঁচটি ছাত্রাবাস ও তিনটি ছাত্রীনিবাসে শিক্ষার্থীরা থাকছেন। শিক্ষকদের জন্য রয়েছে একটি ডরমিটরি। ছয়টি বাস, দুটি মাইক্রোবাস, চারটি কমনরুম ও দুটি সাইকেলের গ্যারেজও আছে ছাত্রছাত্রীদের জন্য।
আছে সীমাবদ্ধতাও
কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, নয়টি বিভাগে শিক্ষকের স্বল্পতা রয়েছে। ফিন্যান্স বিভাগে শিক্ষক নেই। মাত্র দুজন করে শিক্ষক রয়েছেন বিপণন ও দর্শন বিভাগে। এ ছাড়া শিক্ষকের স্বল্পতা আছে প্রাণিবিদ্যা, ইতিহাস, উদ্ভিদ, ইসলামের ইতিহাস, পদার্থ ও গণিত বিভাগে। সব মিলিয়ে আরও ৬৫ জন শিক্ষক প্রয়োজন।
ক্যাম্পাসে একটি মিলনায়তনের দাবি জানালেন শিক্ষার্থীরা। ছাত্রাবাস, ছাত্রীনিবাস, শিক্ষকদের জন্য আবাসন সুবিধার প্রয়োজনের কথাও বললেন অনেকে।

স্বাধীনতার সূতিকাগার
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ফরিদপুর অঞ্চলে বড় ভূমিকা রেখেছেন রাজেন্দ্র কলেজের ছাত্রনেতারা। ১৯৭১ সালে কলেজের ছাত্র সংসদের সহসভাপতি ছিলেন সাবেক সাংসদ শাহ মোহাম্মদ আবু জাফর ও সাধারণ সম্পাদক ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি কবিরুল আলম।
মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর গঠিত বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) জেলা কমান্ডার হন শাহ জাফর এবং সদর মহাকুমার সভাপতি হন কবিরুল আলম। ১৯৭১ সালের ১ মার্চ জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হলে জেলায় জেলায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। ফরিদপুরে গঠিত তিন সদস্যের কমিটির অন্যতম সদস্য ছিলেন মো. সালাউদ্দিন।
২১ এপ্রিল পাকিস্তানি সেনার আক্রমণ ঠেকাতে গোয়ালন্দ ঘাট, কামারখালী, নাড়ারটেক সিএনবি ঘাটে প্রতিরোধ গড়ে তোলা হয় তরুণ ছাত্রনেতাদের নেতৃত্বে। ১৭ ডিসেম্বর ফরিদপুরে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করলে সার্কিট হাউসে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন সরকারি রাজেন্দ্র কলেজের সহসভাপতি শাহ মোহাম্মদ আবু জাফর।
গত বুধবার তিনি বলছিলেন, ‘রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলাম বলেই আমরা আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে পেরেছি। এই কলেজের ছাত্র হিসেবে নিজ এলাকার প্রতি, দেশের প্রতি একটা দায়িত্ব ছিল।’

সীমাবদ্ধতা থাকলেও শিক্ষার মান ভালো
মোশার্রফ আলী
অধ্যক্ষ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
পড়ালেখার মান বাড়াতে হলে আমাদের প্রথমে সীমাবদ্ধতাগুলো দূর করতে হবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। আমাদের আরও ভালো অবকাঠামো, ছাত্রাবাস ও শিক্ষকদের জন্য আবাসন সুবিধা প্রয়োজন। এত সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু এখানে শিক্ষার মান ভালো। উচ্চমাধ্যমিকে গড়ে নব্বই ভাগ শিক্ষার্থী পাস করছে। স্নাতক-স্নাতকোত্তরেও ছেলেমেয়েদের ফলাফল ভালো। রাজেন্দ্র কলেজকে আমরা এ অঞ্চলের সেরা কলেজ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।