সৃজনশীল প্রশ্নোত্তরএসএসসি পরীক্ষায় ইতিহাস বিষয়টি মানবিক বিভাগের পরীক্ষার্থীদের জন্য একটি আবশ্যিক নৈর্বাচনিক বিষয়। সে কারণে অধিক গুরুত্ব দিয়ে এ বিষয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হয়। এ বিষয়ের সৃজনশীল প্রশ্নপত্র ক ও খ এই দুটি বিভাগে বিভক্ত। ক বিভাগে (বিশ্ব সভ্যতা-প্রাচীন যুগ) দুটি প্রশ্ন এবং খ বিভাগ (বাংলাদেশের ইতিহাস) থেকে সাতটি প্রশ্ন মিলে মোট নয়টি প্রশ্ন থাকে। প্রত্যেক পরীক্ষার্থীকে ক বিভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্নসহ মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হয়। এ বিষয়ের সকল প্রশ্নের পরিপূর্ণ উত্তর লিখতে পারলে উচ্চতর নম্বর প্রাপ্তি সম্ভব। নিচে এসএসসি পরীক্ষার মানের একটি সৃজনশীল প্রশ্ন এবং এর নমুনা উত্তর দেওয়া হলো।মধ্যযুগে বাংলার শাসনকর্তাদের ইতিহাস নিয়ে সালেহা এবং রাহেলা আলোচনা করছে। সালেহা: দিল্লির সুলতানেরা বাংলাকে তাঁদের অধিকারে রাখতে নিজেদের অনুগত লোকদের বাংলার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। কিন্তু ওই শাসনকর্তাদের অনেকে দিল্লির অভ্যন্তরীণ গোলযোগের সুযোগ নিয়ে দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে এবং স্বাধীনভাবে দেশ পরিচালনা করে।রাহেলা: এসব স্বাধীন শাসনকর্তাদের পালাবদলে সর্বশেষ বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। প্রাসাদের ভেতরের ষড়যন্ত্রকে কাজে লাগিয়ে সুচতুর ইংরেজ বণিকগণ তাঁকে পরাজিত করে বাংলার ক্ষমতা গ্রাস করে। ফলে বাংলার অর্থনৈতিক ও সামাজিক জীবনে দুর্যোগ নেমে আসে। ক. কোন তুর্কি বীর বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার সূচনা করেন? খ. বাংলায় মুসলিম শাসনের প্রথম পর্যায়ের শাসনকর্তাদের পুরোপুরি স্বাধীন বলা যায় না কেন?গ. সালেহার বক্তব্য অনুসারে মধ্যযুগে বাংলার শাসনকর্তাদের স্বরূপ ব্যাখ্যা করো। ঘ. রাহেলার সর্বশেষ বক্তব্যের পক্ষে যুক্তি দেখাও। উত্তর: ক. বখতিয়ার খলজি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার সূচনা করেন। উত্তর: খ. বাংলায় মুসলিম শাসনের প্রথম পর্যায় ছিল ১২০৪ থেকে ১৩৩৮ সাল পর্যন্ত। এই সময়কালে বাংলার শাসকদের কেউ ছিলেন বখতিয়ার খলজির সহযোদ্ধা খলজি মালিক। আবার কেউ কেউ তুর্কি বংশের শাসক ছিলেন। এই শাসকদের সবাই দিল্লির সুলতানের অধীনে বাংলার শাসনকর্তা হয়ে এসেছিলেন। পরবর্তী সময়ে তাঁদের অনেকে দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হতে চাইলেও সফল হননি। সে জন্য তাঁদের পুরোপুরি স্বাধীন বলা যায় না। উত্তর: গ. মধ্যযুগে বিশেষ করে মুঘল শাসনকালে বাংলায় সুবাদারি ও নবাবি উভয় ধরনের শাসনকর্তার পরিচয় পাওয়া যায়। ওই সময়কালে বাংলাকে একটি সুবা মনে করা হতো। দিল্লির সম্রাটের এই সুবার শাসনকর্তা হিসেবে যাঁকে নিযুক্ত করতেন, তিনি বাংলার সুবেদার বলে পরিচিত হতেন। এই সুবেদার দিল্লির সম্রাটের অধীন থেকে সম্রাটের নির্দেশমতো বাংলা শাসন করতেন।ঐতিহাসিক ঘটনাবলি থেকে জানা যায়, দিল্লির দুর্বল উত্তরাধিকারীদের সময়ে মুঘল শাসন শক্তিহীন হয়ে পড়ে। এ সুযোগে ওই সুবেদারেরা দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে এবং স্বাধীনভাবে দেশ পরিচালনা করে। মুর্শিদকুলী খানের সময়ে বাংলা সুবা প্রায় স্বাধীন হয়ে পড়ে। এ সময় সুবাকে বলা হতো ‘নিজামত’ আর সুবেদারের বদলে পদবি হয় নাজিম। নাজিম পদটি হয়ে পড়ে বংশগত। নাজিমেরা বাংলার সিংহাসনে বসে মুঘল সম্রাটের কাছ থেকে শুধু একটি অনুমোদন নিয়ে নিতেন। তাই বাংলার শাসনের এই আমল নবাবি আমলরূপে পরিচিতি লাভ করে।সুতরাং সালেহার বক্তব্যে বাংলার যে শাসনকর্তাদের পরিচয় মিলে তারা হচ্ছেন নবাব।উত্তর: ঘ. রাহেলার সর্বশেষ বক্তব্য ছিল ইংরেজ বণিক বাংলার ক্ষমতা গ্রাস করায় অর্থনৈতিক ও সামাজিক জীবনে দুর্যোগ নেমে আসে। আমরা ঐতিহাসিক ঘটনাবলি থেকে রাহেলার বক্তব্যের পক্ষে নিচের যুক্তিগুলো উপস্থাপন করছি: প্রথমত, ইংরেজ বণিক বাংলার শাসন ক্ষমতা গ্রাস করার আগে এ দেশে সুবাদারি ও নবাবি শাসনকাল ছিল। ওই সময় খাদ্যশস্যের দাম সস্তা ছিল। লোকজন সহজে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারায় কোনো দুর্ভিক্ষের ঘটনা ঘটেনি। কিন্তু বাংলার ক্ষমতা ইংরেজ শক্তির হাতে চলে যাওয়ার পর ১১৭৬ বাংলা সনে এমন দুর্ভিক্ষ দেখা দেয় যা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিতি পায়।দ্বিতীয়ত, বাংলার সুবেদার ও নবাবেরা দস্যু-তস্করদের কঠোর হাতে দমন করায় সমাজ জীবনে শান্তি ও স্থিতি ছিল। নবাব আলীবর্দী খান বর্গী নামে পরিচিত মারাঠী দস্যুদের বিতাড়িত করে বাংলার জনজীবনে শান্তি প্রতিষ্ঠা করেন। অথচ বাংলার ক্ষমতা ইংরেজদের কুক্ষিগত হওয়ার পর রাজস্ব আদায়ের নামে ইংরেজরা বাংলার নিরীহ জনগোষ্ঠীকে নানাভাবে উৎপীড়ন ও নির্যাতন করে। তৃতীয়ত, বাংলার শাসনভার ইংরেজদের হাতে চলে যাওয়ার আগে এখানের কৃষি ও বাণিজ্যে সমৃদ্ধি ছিল। তখন এ দেশ থেকে শিল্পপণ্য বহির্বিশ্বে রপ্তানি হতো। অথচ ইংরেজ শাসনামলে ব্রিটিশ শিল্প পণ্য এ দেশে আমদানি হয়। ক্রমান্বয়ে বাংলা ব্রিটেনের শিল্পের কাঁচামাল উৎপাদনকারী দেশে পরিণত হয়। সর্বোপরি দ্বৈত শাসন, চিরস্থায়ী বন্দোবস্ত ইত্যাদি ব্যবস্থা প্রবর্তন করে বাংলার জনগণের জীবন ও জীবিকাকে দুর্দশাগ্রস্ত করে।