ইসলাম শিক্ষা পরীক্ষায় ভালো ফলের জন্য প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর লিখতে হবে। প্রশ্নের দিকে খেয়াল রেখে প্রাসঙ্গিক ও সঠিক উত্তর পয়েন্ট আকারে লিখবে। পবিত্র আল-কোরআন-হাদিসের অনুবাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে মূল আরবি শব্দের সঠিক অনুবাদ লেখা হয়।অনুবাদমূলক প্রশ্নে মূল আরবি শব্দগুলোর অর্থ জান কি না, তা পরীক্ষক মূল্যায়ন করবেন। ব্যাখ্যা ও অন্যান্য বর্ণনামূলক উত্তরের ক্ষেত্রে প্রাসঙ্গিক রেফারেন্স-মূলক আল-কোরআনের আয়াত বা হাদিস বা আরবি কোটেশন আরবিতে জানা থাকলে শুদ্ধ করে লিখবে। কোনো অবস্থাতেই ভুল কোটেশন লিখবে না। আরবিতে লিখতে না পারলে বাংলায় লিখবে। কোটেশন আরবিতে লিখলে আবার তার বঙ্গানুবাদ লেখার দরকার নেই। প্রতিটি আল-কোরআনের আয়াতের অনুবাদ ভিন্ন ভিন্ন বাক্যে পরিষ্কার করে সম্ভব হলে আলাদা প্যারায় লিখবে।উত্তর যথাসম্ভব পরিষ্কার ও নির্ভুল বানানে হতে হবে। মনে রাখবে, তোমার জ্ঞানের মূল্যায়ন হবে তোমার লেখা দেখে। সে জন্যই বেশি বেশি লেখার চর্চা করতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর শিখে লিখবে এবং নিজেই আবার বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবে, লিখতে গিয়ে কোথাও ভুল হলো কি না। প্রত্যেকটি প্রশ্নের জন্য যতটুকু সময় বরাদ্দ পাওয়া যাবে, সেই সময়ে ওই উত্তর লেখা শেষ হচ্ছে কি না, তা-ও যাচাই হয়ে যাবে।