জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে ভালো নম্বর পেতে হলে তোমাদের অবশ্যই মনোযোগী হতে হবে। ক বিভাগে তিনটি বড় প্রশ্ন থাকে। মান ১৫। প্রতিটি প্রশ্নের একাধিক অংশে ভাগ থাকে। খ বিভাগে চারটি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ৫। # পার্থক্য, বৈশিষ্ট্য, ছক, বৈজ্ঞানিক নাম ও চিত্রভিত্তিক প্রশ্নে সব সময়ই বেশি নম্বর পাওয়া যায়। এসব প্রশ্নের উত্তর করাটা গুরুত্বপূর্ণ।# জীববিজ্ঞানে লেখার পাশাপাশি চিহ্নিত চিত্র খুব গুরুত্বপূর্ণ। চিত্র হতে হবে বিজ্ঞানসম্মত, সঠিক চিহ্নিত করা। মনে রাখবে, চিহ্নিত করা না থাকলে চিত্রের কোনো মূল্য নেই। অপ্রাসঙ্গিক, ভুল, অপরিষ্কার চিত্র কখনো আঁকবে না। চিত্র খাতার বাঁ দিকে আঁকবে এবং ডান দিকে চিহ্নিত করবে। চিহ্নিতকরণ যেন একই রেখায় সমানভাবে হয়।# জীববিজ্ঞানে বেশ কিছু টার্ম বা নাম রয়েছে যা ইংরেজিতে লিখতে হয়। সেগুলো অবশ্যই সঠিকভাবে ইংরেজিতে লিখবে। উদাহরণের ক্ষেত্রে সঠিক বৈজ্ঞানিক নাম দেবে।# তথ্যগত কোনো ভুল অবশ্যই বাদ দেওয়ার চেষ্টা করবে। যেমন—নাম, সাল, সংখ্যা, বৈজ্ঞানিক নাম কিংবা বৈশিষ্ট্য ইত্যাদি।# পার্থক্য লেখার ক্ষেত্রে পয়েন্ট আকারে লিখবে। লেখার পার্থক্যসূচক বৈশিষ্ট্য থাকলে ভালো হয়। প্রয়োজনে উদাহরণ ও চিত্র দেবে।# প্রতিটি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সংজ্ঞা, সূচনা, অবস্থান, বৈশিষ্ট্য, গঠন, বিস্তারিত, কাজ, গুরুত্ব এসব বিষয়ের দিকে লক্ষ রাখা খুবই প্রয়োজন। # বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে অবশ্যই গণ ও প্রজাতির নিচে আলাদা দাগ দিতে হবে।