বরিশাল শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিকের ফলাফলে জিপিএ-৫ ও পাসের হার দুটোতেই এগিয়েছে মেয়েরা। ছেলেদের চেয়ে মেয়েদের জিপিএ-৫ বেশি রয়েছে ১৭৭টি। পাসের হারেও দুই দশমিক ০৭ ভাগ এগিয়ে তাঁরা।
ফলাফলে দেখা গেছে, মেয়েদের পাসের হার ৭২ দশমিক ৮০ ভাগ ও ছেলেদের ৭০ দশমিক ৭৩ ভাগ। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২০১ জন। অন্যদিকে ছেলেরা পেয়েছে এক হাজার ২৪টি।
বিজ্ঞান বিভাগে মেয়েদের পাসের হার ৮২ দশমিক ২৬ ভাগ, ছেলেদের ৮২ দশমিক ১১ ভাগ।
মানবিক বিভাগে মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৬৭ দশমিক ৪৪ ভাগ, সেখানে ছেলেদের পাসের হার ৫৯ দশমিক ৮১।
বাণিজ্য বিভাগে মেয়েদের পাসের হার ৮২ দশমিক ১৩ ভাগ এবং ছেলেদের পাসের হার হচ্ছে ৭৮ দশমিক ১৫ ভাগ। এ বিভাগেও মেয়েরা ছেলেদের তুলনায় ৩ দশমিক ৯৮ ভাগ এগিয়ে রয়েছে।
বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম এনায়েত হোসাইন বলেন, মেয়েরা পড়াশোনায় যতটুকু সময় দেয়, ছেলেরা তেমনটা দেয় না। পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় এর প্রভাব পড়ছে।