সব সূচকেই পিছিয়ে সিলেট শিক্ষা বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফলাফল জানার পর সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে সিলেট বোর্ডে দ্বিতীয় হয়েছে ওরা l ছবি: প্রথম আলো
ফলাফল জানার পর সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে সিলেট বোর্ডে দ্বিতীয় হয়েছে ওরা l ছবি: প্রথম আলো

দেশের আট শিক্ষা বোর্ডের মধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ফলাফলে সবচেয়ে পিছিয়ে আছে সিলেট শিক্ষা বোর্ড। আট শিক্ষা বোর্ডে পাসের গড় হার যেখানে ৮৬ দশমিক ৭২, সেখানে সিলেটে পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ। ২০১১ সালের পর এই বোর্ডে এত খারাপ ফলাফল আর হয়নি।
শুধু পাসের হারেই নয়, গতবারের চেয়ে এবার জিপিএ-৫ কমেছে ৮৮৯টি। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫২, গতবার পেয়েছিল ৩ হাজার ৩৪১ জন।
পিছিয়ে পড়ার কারণ হিসেবে রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করছে বোর্ড কর্তৃপক্ষ। তবে ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, প্রথমবারের মতো গণিত বিষয়ে পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে হওয়ায় এ বিষয়ে অকৃতকার্যের হার বেশি। ফলাফলে পিছিয়ে পড়ার কারণের মধ্যে গণিতও একটি।
ফলাফল খারাপ হওয়া প্রসঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, ‘এসএসসি পরীক্ষা চলাকালে দেশব্যাপী রাজনৈতিক পরিস্থিতি নেতিবাচক ফলাফলের প্রধান কারণ। ওই সময়ে কবে, কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে—এ নিয়ে শিক্ষার্থীরা উদ্বেগ ও উৎকণ্ঠায় ছিল। এতে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারেনি।’
ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সিলেট শিক্ষা বোর্ড থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ৭২ হাজার ২৪ জন। এর মধ্যে ছেলে ৩২ হাজার ৪১৩, মেয়ে ৩৯ হাজার ৬১১ জন। বোর্ডে মোট পাস করেছে ৫৮ হাজার ৯৩২ জন।
চার বছরের মধ্যে এবারই সবচেয়ে পিছিয়ে: ২০১২ সাল থেকে ২০১৫ সালের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এই চার বছরের মধ্যে এবারই সিলেট শিক্ষা বোর্ড ফলাফলের সব সূচকে পিছিয়ে রয়েছে। ২০১২ সালে পাসের হার ছিল ৯১ দশমিক ৭৮ শতাংশ। ২০১৩ এবং ২০১৪ সালে পাসের হার ছিল যথাক্রমে ৮৮ দশমিক ৯৬ শতাংশ ও ৮৯ দশমিক ২৩ শতাংশ। এবার পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশে এসে ঠেকেছে।
পাসের হারের মতো এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমেছে। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল যথাক্রমে ২ হাজার ৬১১ জন, ২ হাজার ৭৮৯ জন এবং ৩ হাজার ৩৪১ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫২ জন। ২০১২ সালে ১২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। ২০১৩ ও ২০১৪ সালে যথাক্রমে ৮৪টি এবং ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করে। এবার মাত্র ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
গণিতে সর্বনাশ: গণিত বিষয়ে এবারই প্রথমবারের মতো সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার অকৃতকার্য হয়েছে ১৩ হাজার ৯২ জন শিক্ষার্থী। অকৃতকার্যদের মধ্যে শুধু গণিতেই ফেল করেছে ১০ হাজার ১৭৭ জন। এসব অকৃতকার্য শিক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থী বেশি, এই বিভাগে অকৃতকার্য হয়েছে ৯ হাজার ১৯৪ জন। এরপরই ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬৭৮ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ৩০৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
শিক্ষা বোর্ডের ফলাফল বিতরণ শাখা সূত্রে জানা গেছে, গণিত বিষয়ে বহুনির্বাচনী অংশে ৪০ এবং সৃজনশীল অংশে ৬০ নম্বরের পরীক্ষা হয়েছে। অনেক শিক্ষার্থী সৃজনশীল অংশে ৪০ পেয়েও বহুনির্বাচনী অংশে পাস করতে পারেনি। উভয় অংশে পৃথকভাবে পাস করার রীতি থাকায় অধিকাংশ শিক্ষার্থী শতকরা ৪৫ থেকে ৫০ নম্বর পেয়েও পাস করতে পারেনি। গণিতের এই ফলাফল বোর্ডের সার্বিক ফলাফলে নেতিবাচক ভূমিকা রেখেছে। তবে শহরের চেয়ে গ্রামীণপর্যায়ের বিদ্যালয়গুলোতে গণিত বিষয়ে অকৃতকার্যের পরিমাণ একটু বেশি বলে জানা গেছে।
উদ্বেগ প্রকাশ করে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর বসন্ত কুমার পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল রঞ্জন দাস প্রথম আলোকে বলেন, ‘গ্রামাঞ্চলে শিক্ষার্থীদের গণিতভীতি এখনো দূর হয়নি—এটি-ই উদ্বেগজনক। গণিতে সৃজনশীল প্রশ্নপত্র এবং গ্রামে গণিত শিক্ষকের অভাব নেতিবাচক ফলাফলের অন্যতম কারণ।’
এ ব্যাপারে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান খান জানান, অন্যান্য বিষয়ে খুব কমসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হলেও গণিত বিষয়ে কেন এত বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, সেটি খতিয়ে দেখা হবে।