সবুজে ঘেরা ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ডানে-বামে-সামনে সুউচ্চ টিলা। চারপাশ ঘেরা সবুজ গাছপালায়। ভেতরে ছোট ছোট জলাশয়। যেন কোনো শিল্পীর সুনিপুণ ছোঁয়ায় আঁকা চিত্রকর্ম। ছবির মতো সুন্দর এই দৃশ্য দেখতে হলে চলে আসতে হবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে। প্রাকৃতিক ও নান্দনিক সৌন্দর্যের এ দৃশ্যকে সঙ্গী করেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি আড্ডা-গল্পে সময় কাটাচ্ছেন নিজেদের মতো করে। নিরিবিলি, শান্ত ও স্নিগ্ধ এই ক্যাম্পাস নিয়ে তাই শিক্ষার্থীদের গর্বের শেষ নেই।

ছবির মতো সুন্দর ক্যাম্পাস শিক্ষার্থীদের মন ভালো করে দেয়
ছবির মতো সুন্দর ক্যাম্পাস শিক্ষার্থীদের মন ভালো করে দেয়

যেভাবে যাত্রা শুরু
আগে নাম ছিল সিলেট সরকারি ভেটেরিনারি কলেজ। ২০০৬ সালের ২ নভেম্বর প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। এরপর নতুন নাম হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। মূল শহর থেকে সাত কিলোমিটার পূর্বে শহরতলির টিলাগড় আলুরতল এলাকায় ৫০ একর জায়গার ওপর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ২২০ জন শিক্ষকের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন।
মোট অনুষদ ছয়টি। এগুলো হচ্ছে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স, কৃষি, মাত্স্যবিজ্ঞান, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা, কৃষি প্রকৌশল ও কারিগরি এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ। একাডেমিক বিভাগ রয়েছে ৪৭টি। শিক্ষার্থীদের আবাসনের জন্য হল রয়েছে সাতটি, যার মধ্যে পাঁচটি ছাত্র হল ও দুটি ছাত্রী হল।

আড্ডায়-আড্ডায় সময় পার
ক্যাম্পাসের ভেতরে বৈশাখী চত্বর (ফুচকা চত্বর), শহীদ মিনার ও কাঁঠালতলা ঘিরেই শিক্ষার্থীদের আড্ডা জমে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের টিলা এবং পার্শ্ববর্তী ইকোপার্ক ঘিরেও চোখে পড়ে শিক্ষার্থীদের ভিড়। গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেল, বৈশাখী চত্বর এলাকায় একদল শিক্ষার্থী মিলে গান ধরেছেন-‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’। ভেটেরিনারি অনুষদের পঞ্চম বর্ষের ছাত্র প্রবাল দত্ত বাজাচ্ছিলেন গিটার। তিনি বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে প্রতিষ্ঠিত মেট্টোনম মিউজিক্যাল ক্লাবের সভাপতিও। প্রবাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর গিটার শিখেছি। এখন আমাদের আড্ডার মধ্যে গানও ঢুকে পড়ে।’
শহীদ মিনারে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ভেটেরিনারি অনুষদের পঞ্চম বর্ষের ছাত্র শরিফুল ইসলাম। তিনি সিকৃবি চলচ্চিত্র সংসদের মুখ্য নির্দেশক। শরিফুল জানান, কথার ফাঁকে ফাঁকে সাংগঠনিক কিছু কাজও গুছিয়ে নিচ্ছেন তাঁরা। সম্প্রতি তাঁদের সংগঠনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ৬৬টি দেশের ৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

শিক্ষার্থীদের আড্ডায় সঙ্গী হয় গিটার
শিক্ষার্থীদের আড্ডায় সঙ্গী হয় গিটার

শিক্ষার্থীদের যত সংগঠন
বিশ্ববিদ্যালয়ে সৃজনশীলতা ও মননশীলতা চর্চার জন্য প্রতিষ্ঠিত হয়েছে একাধিক সংগঠন। এসব সংগঠন নিয়মিতভাবে নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাচ্ছে। ক্যাম্পাসের পাশাপাশি শহর সিলেটের সাংস্কৃতিক চর্চায়ও বেশ কয়েকটি সংগঠন মুখ্য ভূমিকা রাখছে। এসব সংগঠনের মধ্যে বিনোদন সংঘ, প্রাধিকার, চলচ্চিত্র সংসদ, ফটোগ্রাফিক সোসাইটি, পাঠশালা একুশ, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ, মেট্টোনম মিউজিক্যাল ক্লাব, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আর্তি, আর্ট ক্লাব, বাঁধন, ট্যুরিস্ট ক্লাব, মৃত্তিকা, ডিবেটিং সোসাইটি, লুব্ধক থিয়েটার, সাংবাদিক সমিতি, প্রথম আলো বন্ধুসভা, ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স অনুষদ ছাত্র সমিতি, কৃষি অনুষদ ছাত্র সমিতি, মাত্স্যবিজ্ঞান অনুষদ ছাত্র সমিতি, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ছাত্র সমিতি, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ ছাত্র সমিতি উল্লেখযোগ্য।

সংগঠকদের যত কথা
সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সৌমিক দেব কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী। তিনি জানান, তাঁদের সংগঠনটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। সদস্যসংখ্যা ৩৪। কিছুদিন আগে তাঁরা অন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। সেখানে শিক্ষার্থীদের তোলা ৪০০টি আলোকচিত্র জমা পড়েছিল। বাছাইয়ের পর ৫৮টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছিল।
চলতি বছর প্রতিষ্ঠিত আর্ট ক্লাবটি এরই মধ্যে কয়েকটি চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করে ফেলেছে। সর্বশেষ পয়লা বৈশাখে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা পালনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাঁরা। এ সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সমীর মিত্র দাস জানান, তাঁদের সংগঠনে ৩০ জন সদস্য রয়েছেন।
২০১২ সালে ‘পাঠশালা একুশ’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা পয়সায় পাঠদান করে আসছে। এমনকি অতি দরিদ্র কয়েকজন শিশুকে নিজেদের সংগঠনের টাকায় স্কুলে ভর্তি করানো হয়েছে । এই সংগঠনটির সদস্যসংখ্যা ৬০। বর্তমানে ১৩৫ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশু পাঠশালা একুশের মাধ্যমে পাঠ গ্রহণ করছে। সংগঠনটির সভাপতি দীপ্ত চক্রবর্তী কৃষি অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র। দীপ্ত জানান, তাঁদের কাছ থেকে সহায়তা পেয়ে প্রায় ৩০০ সুবিধাবঞ্চিত শিশু বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যালয়ে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করছে। কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের তৃতীয় বর্ষের ছাত্রী মারওয়া রহমান জানান, ছোটবেলা থেকেই তাঁর নাচের প্রতি আগ্রহ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও তাই এই চর্চা অব্যাহত রেখেছেন। তিনি বিনোদন সংঘের সঙ্গে সম্পৃক্ত।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের চতুর্থ বর্ষের ছাত্রী শাহ রুকসানা আক্তার। তিনি জানান, পশুপাখির প্রতি তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তিনি প্রাণীর অধিকার রক্ষায় কাজ করছেন, এমন সংগঠন প্রাধিকার-এর সঙ্গে যুক্ত আছেন।

স্বপ্নের পথে পা
পড়াশোনা আর সাংস্কৃতিক চর্চার পাশাপাশি অনেক শিক্ষার্থীরা স্বপ্ন দেখছেন উজ্জ্বল ভবিষ্যতে। কেউ কেউ বললেন, লেখাপড়া শেষ করে ভালো চাকরি করে সমাজে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেতে চান। কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে সম্প্রতি স্নাতক ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছেন তাবিয়া বিনতে শান। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল শেষে তাঁর সিজিপিএ ৩ দশমিক ৮২, যা তাঁর বর্ষে দ্বিতীয় সর্বোচ্চ। তাবিয়া বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই। বিশ্ববিদ্যালয়ের বাকি দিনগুলোতেও তাই ভালো ফল ধরে রাখতে চেষ্টা করছি।’ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যে টিলা, সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন মাত্স্যবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের ছাত্রী শতাব্দী এষ চৌধুরী, সুমি রানী দাস, রিক্তা সরকার ও ফারজানা আক্তার। তাঁরা প্রত্যেকেই সহপাঠী। জানালেন, ক্যারিয়ার নিয়েই কথা হচ্ছিল তাঁদের মধ্যে। কেউ ব্যবসায়ী, কেউবা বিসিএস ক্যাডার হওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

পরিবহনসংকট
সিকৃবিতে খেলার মাঠ, আধুনিক মিলনায়তন, প্রযুক্তিসম্পন্ন লাইব্রেরি, গবেষণাগার, আবাসনসংকটসহ বেশ কিছু সমস্যা রয়েছে বলে একাধিক শিক্ষার্থী জানিয়েছেন। তবে পরিবহনসংকটের কথাই ঘুরেফিরে বারবার এল। ছাত্র পরিবহনের জন্য মাত্র তিনটি বাস রয়েছে, চালক আছেন দুজন। দূর-দূরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসা করতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। এসব সমস্যা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দুটি বড় ধরনের প্রকল্পের কাজ চলমান রয়েছে। এগুলো বাস্তবায়ন হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’

মো. গোলাম শাহি আলম
মো. গোলাম শাহি আলম

ক্রীড়া-সংস্কৃতিতেও নৈপুণ্য দেখাচ্ছেন শিক্ষার্থীরা
মো. গোলাম শাহি আলম
উপাচার্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এরই মধ্যে একটি স্বনামধন্য উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে পরিচিতি আদায় করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী থেকে শুরু করে কর্মচারীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করছেন। শিক্ষা ও গবেষণায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া-সংস্কৃতি এবং সৃজনশীলতা-মননশীলতায় তাঁদের আগ্রহ আছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের কয়েকটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পেয়েছেন। তবে আমাদের এখানে পরিবহনসংকটের পাশাপাশি খেলার মাঠের সংকট রয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে সংকট নিরসন করতে অবশ্যই কার্যকর উদ্যোগ নেওয়া হবে।