সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের ১১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: সোনারগাঁয়ে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি নিদর্শনের নাম উল্লেখ করো।উত্তর: ঢাকা শহর থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সোনারগাঁয়ের অবস্থান। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। সোনারগাঁ ছিল মধ্যযুগে বাংলার মুসলিম শাসকদের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্র।সোনারগাঁয়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। বর্তমানে যেসব নিদর্শন বিদ্যমান আছে তার মধ্যে অধিকাংশই হচ্ছে সুলতানি ও মোগল আমলের। আর এসব নিদর্শনের বেশির ভাগই হলো ধর্মীয় ইমারত।ধর্মীয় ইমারত ছাড়া রয়েছে মোগল আমলের কয়েকটি সেতু এবং ইংরেজ আমলের কয়েকটি আবাসিক বাসভবন। আরও রয়েছে বড় দিঘি।ধর্মীয় ইমারতগুলোর মধ্যে রয়েছে মসজিদ, মঠ, দরগাহ, সরদারবাড়ি, পানাম নগরের ধ্বংসাবশেষ এবং গিয়াসউদ্দিন আযম শাহের সমাধি।প্রশ্ন: লালবাগ দুর্গে কী কী ঐতিহাসিক নিদর্শন রয়েছে?উত্তর: পুরাতন ঢাকা নগরের দক্ষিণ-পশ্চিম কোণে বুড়িগঙ্গা নদীর তীরে দুর্গটির অবস্থান। মোগল আমলে শাহজাদা আযম শাহ এবং সুবাদার শায়েস্তা খানের সময় নির্মিত হয় লালবাগ দুর্গ। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এ দুর্গের ঐতিহাসিক নিদর্শনের মধ্যে রয়েছে কারুকাজখচিত প্রাচীর, ঘণ্টক, দরবার হল, মসজিদ, মোগল সুবাদার শায়েস্তা খানের কন্যা পরী বিবির সমাধিসৌধ ও পুকুর।পরী বিবির সমাধিসৌধটি মোগল স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন। সমাধিসৌধের মধ্যখানে অবস্থিত কবরটি মার্বেল পাথর দিয়ে বাঁধানো। ওপরে রয়েছে লতাপাতার নকশা।প্রশ্ন: বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থান সম্বন্ধে আমরা কেন জানব?উত্তর: প্রাচীনকাল থেকে এ দেশের অর্থাৎ বাংলাদেশের বর্তমান ভূখণ্ডে উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। বাংলাদেশের ঐতিহাসিক বিভিন্ন নিদর্শনসমৃদ্ধ স্থান যেমন—বগুড়ার মহাস্থানগড়, কুমিল্লার ময়নামতী, নওগাঁর পাহাড়পুর, সোনারগাঁ, লালবাগের কেল্লা, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ইত্যাদি। এগুলো প্রাচীন সভ্যতার নিদর্শন বহন করছে।আমাদের দেশে আরও অনেক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নিদর্শনসমৃদ্ধ স্থান রয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, জাদুঘর, ভাস্কর্য ইত্যাদি। সাম্প্রতিককালে নরসিংদীর ওয়ারি বটেশ্বরে বাংলার প্রাচীন নগরসভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এগুলো আমাদের জাতীয় ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির অংশ। এগুলো আমাদের গর্ব। আমরা এগুলো সম্পর্কে জানব। তাহলে আমাদের বাস্তব অভিজ্ঞতা অর্জিত হবে এবং জ্ঞান সমৃদ্ধ হবে। এভাবে আমাদের জাতীয় ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে।