সমাজ
প্রধান শিক্ষক (প্রা.) হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা অধ্যায়-১২ প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১২ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: মধ্যযুগে বাংলায় কী কী সামগ্রী আমদানি ও রপ্তানি হতো?উত্তর: মধ্যযুগে বাংলার অর্থনীতির চালিকাশক্তি ছিল ব্যবসায়-বাণিজ্য। এ সময় বহির্বিশ্বের সঙ্গে বাংলার বাণিজ্যিক যোগাযোগ ছিল। মধ্যযুগে বাণিজ্যের ধরন ছিল আমদানি-রপ্তানি বাণিজ্য। বাংলায় উৎপাদিত বিভিন্ন সামগ্রী রপ্তানি হতো বহির্বিশ্বে। আবার প্রয়োজনীয় অনেক সামগ্রী আমদানি করা হতো। আমদানিসামগ্রী: মধ্যযুগে বণিকেরা এশিয়ার বিভিন্ন অঞ্চল এবং ইউরোপ থেকে কিছু পণ্যসামগ্রী আমদানি করতেন। এসব পণ্যসামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য ছিল স্বর্ণ-রৌপ্য, রেশম, বিভিন্ন বিলাসসামগ্রী, চীনামাটির বাসন-কোসন, মূল্যবান পাথর ইত্যাদি। রপ্তানিসামগ্রী: চাল, চিনি, আদা, রসুন, হলুদ, লাক্ষা, মসলিন ও অন্য ধরনের কাপড় মধ্যযুগে বাংলার রপ্তানিদ্রব্যের মধ্যে অন্যতম ছিল।প্রশ্ন: ইবনে বতুতার বিবরণ থেকে কী জানা যায়?উত্তর: বাংলা সম্পর্কে ইবনে বতুতার বিবরণ: সুলতানি আমলে বাংলায় সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক ইবনে বতুতা। তার বিবরণ থেকে এ আমলে বাংলার মানুষের পোশাক, অলংকার ও খাদ্য সম্পর্কে জানা যায়।১. পোশাক: মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের নর-নারীরা বিভিন্ন পোশাক পরতেন। নিচে এ পোশাক সম্পর্কে আলোচনা করা হলো—ক. মুসলমান পুরুষদের পোশাক: ধনী মুসলমান পরিবারে পুরুষদের পোশাক ছিল ইজার (পায়জামা. ও লম্বা জামা। জামায় থাকত গলাবন্ধ এবং কোমরে বাধা থাকত উজ্জ্বল ফিতা। মাথায় পাগড়ি পরার রেওয়াজ ছিল। পায়ে ব্যবহার করতেন কারুকাজখচিত চামড়ার জুতা ও মোজা। মধ্যবিত্ত মুসলমান পুরুষেরা পায়জামা, জামা, পাগড়ি ও জুতা ব্যবহার করতেন। সাধারণ মুসলিম পুরুষদের পরিধান ছিল লুঙ্গি ও ফতুয়া ধরনের জামা এবং তারা মাথায় টুপি পরতেন।খ) মুসলমান নারীদের পোশাক: কামিজ, সালোয়ার এবং কখনো কখনো দামি শাড়ি ছিল অভিজাত মুসলিম মহিলাদের পোশাক। দামি ওড়না তাঁরা ব্যবাহর করতেন। স্বল্প আয়ের সাধারণ মহিলারা শাড়ি পরতেন।গ) হিন্দুদের পোশাক: অভিজাত হিন্দু পুরুষ ও রমণীরা জাঁকজমকপূর্ণ ও রুচিসম্মত পোশাক পরতেন। সাধারণ হিন্দুরা ধুতি ও চাদর ব্যবহার করতেন। একধরনের হাঁটু পর্যন্ত লম্বা জামাও পরতেন। এর নাম ছিল অঙ্গরাখি, জুতার বদলে তারা পায়ে খড়ম ব্যবহার করতেন। নিম্নশ্রেণীর হিন্দুরা শুধু ধুতি পরতেন। হিন্দু মহিলাদের সাধারণ পোশাক ছিল শাড়ি।২. অলংকার: পুরুষ-মহিলা সবাই অলংকার পছন্দ করতেন। তবে অলংকার বেশি প্রিয় ছিল মহিলাদের। সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের অলংকার ব্যবহূত হতো।৩. খাদ্য: ভাত, মাছ, তরকারি, ডাল ছিল জনপ্রিয় খাবার। উৎসব অনুষ্ঠানে মাংস পরিবেশনের রেওয়াজ ছিল। তা ছাড়া দুধ, দই, ছানা, মিষ্টি, পায়েশ, ক্ষীর খেতে লোকে ভালোবাসত। খাওয়া শেষে পান খাওয়ার চল ছিল। মোগল আমলে এই খাদ্যাভাসেও যথেষ্ট পরিবর্তন আসে। ভাত, মাছ, তরকারির পাশাপাশি কাবাব, রেজালা, কোরমা এবং ঘি-সহযোগে রান্নার যাবতীয় মোগলাই খাবার জায়গা করে নেয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল