সমাজ
অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থীরা, গত পরশুর পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১২ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: বার ভুঁইয়া বলতে কী বোঝায়? বাংলার বার ভুঁইয়াদের কয়েকজনের নাম লেখো।উত্তর: ঐতিহাসিকেরা মনে করেন, বার ভুঁইয়া বলতে মূলত ১২ জন জমিদারকে বোঝায় না, বরং ভুঁইয়া ও তাঁদের নেতাসহ ১৩ জন ভুঁইয়াকে বোঝানো হয়ে থাকে। মোগল শাসনামলে পূর্ববঙ্গ এবং পশ্চিম-উত্তর বঙ্গের বিশাল অঞ্চল একশ্রেণীর জমিদারের অধিকারে ছিল। তাঁদের অনেকেই মোগল শাসনকে মেনে নেননি। তাঁরা নিজ নিজ অঞ্চলে স্বাধীনভাবে জমিদারি পরিচালনা করতেন। তাঁদের শক্তিশালী সেনাবাহিনী ও নৌবাহিনী ছিল। ইতিহাসে এরাই বার ভুঁইয়া নামে পরিচিত। বার ভুঁইয়াদের কয়েকজনের নাম: ঈসা খান, রাজা প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, মুসা খান, ফতেহ খান প্রমুখ। এঁদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন সোনারগাঁওয়ের ঈসা খান ও তাঁর পুত্র মুসা খান।প্রশ্ন: সুবাদার শায়েস্তা খানের গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ করো।উত্তর: শায়েস্তা খানের গৃহীত পদক্ষেপ: ১৬৬৪ খ্রিষ্টাব্দে সম্রাট আওরঙ্গজেব শায়েস্তা খানকে বাংলার সুবাদার হিসেবে নিয়োগ দেন। ১৬৮৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি বাংলার সুবাদার ছিলেন। রাজ্যে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি কতগুলো পদক্ষেপ গ্রহণ করেন। এসব পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য ছিল— ১. শায়েস্তা খান ১৬৬৬ সালে চট্টগ্রাম দখল করেন। ২. শায়েস্তা খানের সুবাদারির শেষ দিকে তিনি ইংরেজদের বাংলা সুবা থেকে বিতাড়িত করেন। ৩. শায়েস্তা খান সকল জিনিসের দাম সস্তা রাখার ব্যবস্থা করেন। ৪. সুবাদার শায়েস্তা খান পার্শ্ববর্তী রাজ্যের আক্রমণ থেকে বাংলাকে রক্ষার পদক্ষেপ নেন। ৫. সুবা বাংলায় শান্তি প্রতিষ্ঠা, মানুষের জানমাল রক্ষা এবং রাজ্যসীমা অক্ষুণ্ন রাখতে যোগ্য সেনাপতি নিয়োগ করেন।প্রশ্ন: মধ্যযুগে বাংলার ধর্মীয় অবস্থা কীরূপ ছিল?উত্তর: মধ্যযুগে বাংলার ধর্মীয় অবস্থা: মুসলমান সুফিসাধক ও শাসকদের দৃষ্টিভঙ্গি এবং বৈষ্ণব আন্দোলন বাংলায় এক উদার ধর্মীয় পরিবেশের সৃষ্টি করে। সমাজে সকল ধর্মের মানুষের সমান সুযোগ-সুবিধা ছিল। সুলতানি আমলে নানা ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় ছিল। শ্রীচৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম স্বাধীনভাবে পালন করত। মুসলমান শাসকদের দরবারে অনেক হিন্দু উচ্চ রাজপদে কাজ করতেন। মুসলমান সমাজে প্রধান ধর্মীয় উৎসব ছিল ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এ ছাড়া হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিক ঈদে মিলাদুন্নবী ও লাইলাতুল বরাত আড়ম্বরের সঙ্গে পালিত হতো। হিন্দুসম্প্রদায় নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন করত, পূজাপার্বণ জাঁকজমকের সঙ্গে পালন করা হতো। অন্যদিকে মোগল আমলেও ধর্মীয় স্বাধীনতা অব্যাহত থাকে, রাষ্ট্র-প্রশাসনে অংশগ্রহণের ক্ষেত্রে ধর্ম তেমন কোনো বাধা সৃষ্টি করেনি। বৈষ্ণব আন্দোলন মোগল যুগেও প্রবল ছিল। এ যুগে ধর্মীয় ইমারতের মধ্যে মসজিদ, মন্দির, সমাধি, ঈদগাহ ছিল উল্লেখযোগ্য। প্রশ্ন: মধ্যযুগে বাংলায় বিনোদনের কী কী ব্যবস্থা ছিল?উত্তর: মধ্যযুগে বাংলার বিনোদনের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা প্রচলিত ছিল। যেমন চৌগান, পাশা, তাস। বাজিকরদের খেলা বেশ জনপ্রিয় ছিল। এ ছাড়া পায়রা ওড়ানো, সাঁতারকাটা, নৌকাবাইচ ইত্যাদি ছিল তখনকার জনপ্রিয় বিনোদনমাধ্যমে। পালাগান, যাত্রা, অভিনয় খুব জনপ্রিয় ছিল।