সমাজ
অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: তোমার এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের নাম লেখো।উত্তর: আমাদের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ:১. রাস্তাঘাট নির্মাণ, সংস্কার ও সংরক্ষণ।২. পুল, সাঁকো, সেতু, কালভার্ট নির্মাণ, সংস্কার ও সংরক্ষণ।৩. ধর্মীয় স্থান, সরকারি প্রতিষ্ঠান ও সম্পদ সংরক্ষণ।৪. গাছ লাগানো, পরিচর্যা এবং সামাজিক বনায়ন।৫. এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।৬. ঝোপঝাড়, পুকুরের কচুরিপানা ও নর্দমা পরিষ্কার করে মশা নিধনের ব্যবস্থা করা।৭. নিরাপদ পানি পান সম্পর্কে সবাইকে সচেতন করা।৮. এলাকার পানি সরবরাহের উৎসের যত্ন নেওয়া।৯. খাল খননের ব্যবস্থা করে পানি নিষ্কাশন ও সংরক্ষণের ব্যবস্থা করা।১০. এলাকায় শিক্ষার উন্নয়নের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং নিরক্ষরতা দূরীকরণ কার্যক্রম গ্রহণ করা।১১. এলাকার লোকজনকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা।১২. বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা ইত্যাদি।প্রশ্ন: যাতায়াত ব্যবস্থার উন্নয়নে আমাদের করণীয় সম্পর্কে লেখো।উত্তর: আমরা কেউ সারা দিন নিজ গৃহে অবস্থান করি না। নানা প্রয়োজনে প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে হয়। এ কাজে আমরা রাস্তা, সাঁকো, সেতু ইত্যাদি ব্যবহার করি। এগুলো পর্যাপ্তসংখ্যক থাকলে যাতায়াত ব্যবস্থা উন্নত হয়। আমাদের চলাচল সহজ হয়। মালামাল পরিবহনে সুবিধা হয়। ব্যবসা-বাণিজ্যের উন্নতি হয়। তাই আমরা আমাদের নিজ এলাকায় রাস্তাঘাট, সাঁকো, সেতু ইত্যাদির যত্ন নেব। সম্ভব হলে এগুলো নির্মাণ ও সংস্কারে সাহায্য করব। অযথা রাস্তাঘাট কেটে নষ্ট করব না। ময়লা-আবর্জনা এবং অন্য কোনো জিনিস রাস্তার ওপর স্তূপাকারে রেখে রাস্তায় চলাচলে অসুবিধা সৃষ্টি করব না। মনে রাখতে হবে, এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। আমরা আমাদের সাধ্যমতো বড়দের সাথে এ কাজে অংশগ্রহণ করব। সবাইকে এ বিষয়ে সচেতন করব। প্রশ্ন: কীভাবে এলাকাবাসীকে স্বনির্ভর করা যায়?উত্তর: বিভিন্ন এলাকায় বিভিন্ন অর্থনৈতিক অবস্থার লোক বসবাস করে। আবার প্রতিটি এলাকাতেই জীবনধারণের জন্য প্রয়োজনীয় সব উপাদান তৈরি বা উৎপাদিত হয় না। ফল-ফুল, শাক-সবজি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজন। এগুলো উৎপাদনের মাধ্যমে এলাকার লোকজনের খাদ্য ও পুষ্টির জোগান দিতে পারে। সরকারের কৃষি বিভাগ থেকে এবং অন্যান্য বেসরকারি সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ দেওয়া হয় এবং চারা ও বীজ সরবরাহ করা হয়। এলাকায় এ ধরনের কর্মকাণ্ড আয়োজনের মাধ্যমে এলাকাবাসীকে স্বাস্থ্যসচেতন ও স্বনির্ভর হতে আমরা সাহায্য করতে পারি। নিজ এলাকার উন্নয়নের লক্ষ্যে আমরা কর্মকাণ্ড গ্রহণ করতে পারি। যেমন, আমরা পুকুরের কচুরিপানা, ঝোপঝাড় ও নর্দমার ময়লা পরিষ্কার করে মশা-মাছি নিধনের ব্যবস্থা করতে পারি। এলাকায় সমবায় পদ্ধতিতে মাছ চাষ, হাঁস-মুরগির চাষ করতে পারি। এতে মানুষের আয়-উপার্জন বাড়ানো যায়। পুষ্টির চাহিদাও পূরণ হয়। আমাদের দেশে প্রায় প্রতিবছর ঝড়, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। এতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, সেতু ও প্রতিষ্ঠানাদি মেরামত করায় অংশগ্রহণ করতে পারি। এই সবকিছুই এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের অংশ। এলাকার উন্নয়ন মানে দেশের উন্নয়ন। তাই সব কাজে সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব। এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে সমাজের সবার অংশগ্রহণ প্রয়োজন। সেই সঙ্গে এলাকার অধিবাসী হিসেবে বড়দের সঙ্গে ছোটরাও সাধ্যমতো এসব কাজে অংশগ্রহণ করবে। এলাকার উন্নয়নে সাধ্যমতো অবদান রাখবে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল