সমাজ
অধ্যায়-১ ও ২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১ ও ২ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: পরিবেশ সুন্দর রাখার প্রয়োজনীয়তা লেখো। পরিবেশ রক্ষায় আমাদের করণীয় কী?উত্তর: সুন্দর, সুস্থ জীবনযাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন। পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে গাছ। পরিবেশে যদি প্রয়োজনীয় সংখ্যক বৃক্ষ না থাকে তাহলে আমাদের নানা রকম অসুবিধা হতে পারে। গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন আমরা বৃক্ষ থেকে পেয়ে থাকি। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি বৃক্ষ থেকে আসে। অনেক প্রয়োজনীয় ওষুধ বৃক্ষ থেকে পাওয়া যায়। বৃক্ষ মাটির ক্ষয়রোধ করে। প্রচণ্ড গরমে গাছের ছায়ায় আমরা একটু শীতল পরশ পাই। কিন্তু আমরা অনেক সময় গাছের গুরুত্ব না বুঝে নির্বিচারে গাছ কাটি। অনেক সময় শিশুরা রাস্তায় চলার পথে অপ্রয়োজনে গাছের ডালপালা ভেঙে ফেলে রাখে। কোনো কারণে একটি গাছ কাটলে নতুন করে আর গাছ লাগানো হয় না। এতে আমাদের বসবাসের পরিবেশ নষ্ট হয়। প্রয়োজনীয় গাছপালার অভাবে তাপমাত্রা বেড়ে যায়। পরিবেশ বিজ্ঞানীদের মতে, নির্বিচারে গাছপালা কাটার ফলে আমাদের দেশে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে পরিবেশে বিপর্যয় দেখা দিতে পারে। অতিরিক্ত গাছ কাটার ফলে দেশের আবহাওয়া ও ভূ-প্রকৃতিতে মরুকরণ প্রক্রিয়া শুরু হতে পারে।পরিবেশ রক্ষায় আমাদের করণীয়:১. নিজের বসতবাড়ি, রাস্তাঘাট ও বিদ্যালয়ের আশপাশে গাছ লাগাব।২. এসব গাছে প্রয়োজনমতো বেড়া ও পানি দেব এবং এগুলো পরিচর্যা করব। ৩. অযথা গাছ কাটব না। গাছের ডাল ভাঙব না। কোনো কারণে একটি গাছ কাটলে আরেকটি গাছ লাগাব। ৪. শহরে যাদের বাড়িতে খোলা জায়গার অভাব রয়েছে তারা বাড়ির বারান্দায় বা ছাদে টবে করে গাছ লাগাবে এবং এগুলো পরিচর্যা করবে।৫. কেউ গাছের ক্ষতি করলে তাকে এ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেব।প্রশ্ন: রাষ্ট্রীয় সম্পদকে কেন জনসম্পদ বলা হয়? উত্তর: রাষ্ট্র আমাদের সবচেয়ে বড় কল্যাণকর সংগঠন। ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের বাইরে একটি দেশের যাবতীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্র জনগণের ব্যবহার ও কল্যাণের জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, সুযোগ-সুবিধা গড়ে তোলে। রাস্তাঘাট, সেতু, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি রাষ্ট্রীয় সম্পদ। এ ছাড়া একটি দেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন নদনদী, খালবিল, বনভূমি, বিভিন্ন খনিজ সম্পদ ইত্যাদিও রাষ্ট্রীয় সম্পদের অন্তর্গত। এসব রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করার অধিকার রাষ্ট্রের সব মানুষের রয়েছে। এ কারণে রাষ্ট্রীয় সম্পদকে জনসম্পদও বলা হয়। আসলে সব সামাজিক সম্পদই রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্র সমাজ ও মানুষের কল্যাণে তার সব সম্পদ ব্যবহার করে।প্রশ্ন: জনগণকে শিক্ষিত সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিদ্যালয়ের গুরুত্ব বর্ণনা করো। উত্তর: আমাদের এলাকার বিদ্যালয়, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের সামাজিক সম্পদ। বিদ্যালয় আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। বিদ্যালয়ে শিক্ষা লাভ করে আমরা জীবনে প্রতিষ্ঠিত হই। এ জন্য বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতি গঠনের কারখানা বলা যায়। বিদ্যালয় আমাদের গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ। আমরা বিদ্যালয়ের প্রতিটি জিনিস যত্নসহকারে ব্যবহার করব। কোনো জিনিসের যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখব। বিদ্যালয়ে আমরা শিক্ষকের তত্ত্বাবধানে গাছ লাগাব, বাগান করব এবং বাগানের পরিচর্যা করব। রাষ্ট্র পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। আমরা অতি অল্প খরচে এসব প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারি। দেশের জনগণকে শিক্ষিত সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল