সমাজ
অধ্যায়- ২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: আমরা কীভাবে পরিবেশকে সুন্দর রাখব?উত্তর: আমাদের এলাকার খেলার মাঠ, পার্ক ইত্যাদিও আমাদের সামাজিক সম্পদ। আমাদের সুস্থ জীবনযাপনের জন্য আলো, বাতাস, বিনোদনের প্রয়োজন। এ জন্য দরকার খোলা জায়গা, পার্ক, মাঠ ইত্যাদি। এগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। খোলা জায়গায়, পার্কের যেখানে-সেখানে কাগজপত্র, বোতল, ময়লা ইত্যাদি ফেলে আমাদের পরিবেশকে দূষিত করব না। ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলব। সমাজে ছোটবড় সবাইকে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করব। যেখানে-সেখানে ময়লা ফেলার ক্ষতিকর প্রভাব বুঝিয়ে বলব। সমাজে বড়দের সঙ্গে পরামর্শ করে বাড়িঘরের ময়লা-আবর্জনা ফেলার জন্য কয়েকটি নির্দিষ্ট স্থান এবং ডাস্টবিনের ব্যবস্থা করব। ময়লা যাতে নিয়মিত নির্দিষ্ট স্থান এবং ডাস্টবিন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেদিকে খেয়াল রাখব। এতে করে আমাদের পরিবেশের উন্নতি হবে।প্রশ্ন: সামাজিক সম্পদ হিসেবে পাঠাগারের গুরুত্ব বর্ণনা করো।উত্তর: সামাজিক পাঠাগার একটি গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ। বই মানুষের সবচেয়ে উপকারি বন্ধু। পাঠাভ্যাস আমাদের মনকে আনন্দিত করে, প্রফুল্ল রাখে। পত্রপত্রিকায় আমরা আমাদের পাঠ্যপুস্তকের বাইরের জ্ঞান অর্জন করতে পারি। গল্পের বই, পত্রপত্রিকা, প্রবন্ধসহ অন্যান্য বই আমাদের মানসিক বিকাশ ও উন্নতিতে অবদান রাখে। আমরা পাঠাগারের বই, পত্রপত্রিকা যত্নসহকারে পড়ব। পাঠাগারের বইয়ের ভেতরে কোনোরূপ মন্তব্য লেখা বা বই যাতে কাটাছেঁড়া ও চুরি না হয় সেদিকে খেয়াল রাখব। পাঠাগারের উন্নতির জন্য চেষ্টা করব।প্রশ্ন: আমাদের জনজীবনে রাষ্ট্রীয় সম্পদের গুরুত্ব বর্ণনা করো।উত্তর: রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের সম্পদ। আমাদের দেশের মানুষ দরিদ্র। রাষ্ট্রীয় চিকিৎসা প্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে আমরা চিকিৎসা সেবা পেয়ে থাকি। তাই আমাদের হাসপাতালের গুরুত্ব অপরিসীম। আমরা হাসপাতালের আইন-কানুন মেনে চলব। হাসপাতালের যেখানে-সেখানে থুথু-ময়লা ফেলে হাসপাতাল নোংরা করব না। হাসপাতাল যাতে পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখব। আমাদের দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো যেমন: বাংলা একাডেমী, শিশু একাডেমী, গণগ্রন্থাগার ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। দেশের শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়নে এসব প্রতিষ্ঠানের বিশেষ ভূমিকা রয়েছে। একইভাবে শিশুপার্ক, চিড়িয়াখানা ইত্যাদি বিনোদনমূলক রাষ্ট্রীয় সম্পদ। জাতীয় জাদুঘর ইত্যাদি থেকে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানতে পারি। এ ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ আমাদের রয়েছে। রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আরও রয়েছে বিভিন্ন ধরনের যোগাযোগব্যবস্থা যেমন: রাস্তাঘাট, রেলপথ, পানিপথ, ফ্লাইওভার, টেলিফোন, বিমান, রেলগাড়ি, স্টিমার, ফেরি ইত্যাদি। এগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ রক্ষা হয়। দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নতিতে এগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। যমুনা সেতু আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। এর মাধ্যমে দেশের যোগাযোগের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। অল্প সময়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে। ব্যবসা-বাণিজ্যের উন্নতি হয়েছে। একইভাবে দেশের অন্যান্য অঞ্চলের সেতুগুলো দেশের উন্নতিতে অবদান রাখছে। গণমাধ্যম হিসেবে রাষ্ট্রীয় রেডিও, টেলিভিশনের ভূমিকাও অপরিসীম। রাষ্ট্রীয় সম্পদের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রয়েছে। যেমন বিভিন্ন ধরনের খনিজ, বনভূমি, নদী, সমুদ্র প্রভৃতি। নদীর তীরে নদীবন্দর গড়ে ওঠে। দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদীর পানি আমরা কৃষি জমিতে সেচ করি। নদীর প্লাবন জমির উর্বরতা বাড়ায়। এতে ফসলের পরিমাণ বাড়ে। নদীপথে দেশের এক স্থান থেকে অন্য স্থানে অল্প খরচে মালামাল আনা-নেওয়া করা যায়, যাতায়াত করা যায়। নদীকে আমাদের জীবন বলা হয়। সমুদ্র আমাদের লবণসহ অন্যান্য খনিজ সম্পদের আধার। তা ছাড়া সমুদ্র থেকে আমরা মাছ পাই। সমুদ্রবন্দর, বিমানবন্দরের মাধ্যমে দেশ-বিদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ সংঘটিত হয়। কাজেই রাষ্ট্রীয় সম্পদ হিসেবে এগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল