সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়- ২ ও ৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ২ ও ৩ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।অধ্যায়-২ প্রশ্ন: রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও যত্ন নেওয়া প্রয়োজন কেন? উত্তর: সামাজিক সম্পদ সমাজে বসবাসকারী সবার সম্পদ। একইভাবে রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের সম্পদ। এসব সম্পদের ব্যবহার করার অধিকার যেমন সবার আছে, তেমনি এগুলোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব সমাজের ও রাষ্ট্রের সবার। সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার মধ্যেই রয়েছে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন। এসব সম্পদ ব্যবহারের নিয়ম-কানুন মেনে চললে আমাদের উন্নতি ত্বরান্বিত হবে। অপব্যবহার করলে সম্পদের ক্ষতি হয়। অনেক বাড়িতে রান্না শেষ হওয়ার পরও গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে। গ্যাসকে এভাবে ব্যবহার করলে আমাদের গ্যাসের মজুদ অতি দ্রুত শেষ হয়ে যাবে। কাজেই গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। অনেকে রেলগাড়িতে বিনা টিকিটে ভ্রমণ করে। রেলগাড়ির সিট ছিঁড়ে ফেলে, কাটে, রেললাইনের স্লিপার খুলে নিয়ে যায় ইত্যাদি। এতে রাষ্ট্রীয় সম্পদের যেমন ক্ষতি হয় তেমনি যাত্রী ও জনগণের প্রাণহানি ঘটতে পারে।রাষ্ট্রীয় ও সামাজিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য গণসচেতনতা গড়ে তুলতে হবে। এতে আমরা অংশ নেব। সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদের উন্নতির সঙ্গে আমাদের সবার উন্নতি জড়িত। কাজেই রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।অধ্যায়-৩ প্রশ্ন: সুনাগরিকের কী কী গুণ থাকা দরকার?উত্তর: আমরা আমাদের প্রতিবেশীসহ সমাজের সবার সঙ্গে সদ্ভাব রাখব এবং সবার সঙ্গে সদাচরণ করব। প্রতিবেশী ও অন্যদের বিপদে-আপদে সাহায্য করব। বড়দের সম্মান করব। পরিবারের বৃদ্ধ সদস্যদের সেবা করব ও যত্ন নেব। গরিব-দুঃখীদের সাহায্য করব। ছোটবড় কারও মনে কষ্ট দেব না। ছোটদের ভালোবাসব। এভাবে আমরা ভালো বা ন্যয় কাজ করব। কাউকে কটু কথা বলা, কারও সঙ্গে ঝগড়া-বিবাদ করা, শিক্ষক ও গুরুজনদের অসম্মান করা, গরিব-দুঃখীদের হেয় চোখে দেখা ইত্যাদি মন্দ ও অন্যায় কাজ। আমরা কখনো মন্দ বা অন্যায় কাজ করব না। এ রকম কাজ কেউ করে তাহলে তাকে সমর্থন করব না। আমাদের সবার দায়িত্ব সব সময় ন্যায় কাজকে সমর্থন করা এবং অন্যায় কাজ বর্জন করা। আমরা নিয়মিত নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবে যোগ দেব। অন্যকেও যোগ দিতে উৎসাহিত করব। এসব অনুষ্ঠানে কেউ যাতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখব। আমাদের চরিত্র গঠন, নৈতিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। আমরা ধার্মিক ব্যক্তিদের সম্মান করব। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সংরক্ষণে সচেতন থাকব।প্রশ্ন: জীবনে পরিপূর্ণ মানুষ হতে কী কী গুণাবলি প্রয়োজন? উত্তর: আমরা ক্লাব, সংঘ ও প্রতিষ্ঠানের সদস্য হব ও নিয়ম-কানুন মেনে চলব। একতা, সংঘবদ্ধতা, সহযোগিতা ইত্যাদি ক্লাব, সংঘ ও প্রতিষ্ঠানের ভিত্তি। এ ছাড়া সত্যবাদিতা, ন্যায়বোধ, কর্তব্যবোধ, শৃঙ্খলাবোধ, একতা, সংঘবদ্ধতা ও সহযোগিতা সমাজের সবার মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে। সামাজিক মূল্যবোধের ভিত্তিতে একটি জাতির সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে ওঠে। সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সাহায্য ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। ফলে সমাজের মানুষের মধ্যে বন্ধন গভীর হয়। মানুষের মধ্যে ঐক্য স্থাপিত হয়। দেশের জন্য ভালোবাসা জন্মে। সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সদাচরণ করতে শেখায়। জীবনে শৃঙ্খলা আনে। পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল