সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ ১১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ময়মনামতি কোথায় অবস্থিত? এখানে প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর বর্ণনা করো।উত্তর: কুমিল্লা জেলা শহরের প্রায় আট কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত। প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো কুমিল্লার ময়নামতি। এখানে উত্তর-দক্ষিণে প্রায় ১৭ কিলোমিটারব্যাপী ময়মনামতি লালমাই পাহাড়ি অঞ্চল অবস্থিত। এই ব্যাপক অঞ্চলে খননকাজের জন্য ৫০টিরও বেশি স্থান চিহ্নিত হয়েছে। তার মধ্যে নয়টি স্থানে সীমিত পরিসরে খননকাজ হয়েছে। এগুলোর মধ্যে শালবন বিহার, আনন্দ বিহার, কুটিল মুরা, চারপত্র মুরা, ভোজ বিহার, ময়নামতি প্রাসাদ টিলা, রূপবান মুরা, ইটাখোলা মুরা, ময়নামতি টিলা ইত্যাদি উল্লেখযোগ্য। ময়নামতিতে খননকাজ চালিয়ে বেশ কিছু তাম্রশাসন ও মূর্তি পাওয়া গেছে। এ ছাড়া অনেক স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, পোড়া ও মাটির সিল, মূর্তি ইত্যাদি এখানকার জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এসব সামগ্রী থেকে অষ্টম-দ্বাদশ শতক পর্যন্ত সময়কালে দক্ষিণ-পূর্ব বাংলার তৎকালীন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা সম্বন্ধে জানা যায়। বাংলার এই অঞ্চলে বৌদ্ধ সভ্যতার উদ্ভব, বিকাশ ও ধ্বংসের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো ময়নামতি।প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত? এখানে প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার কী কী ধ্বংসাবশেষ নিদর্শন পাওয়া গেছে? বর্ণনা করো।উত্তর: বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিমে মহাস্থানগড়ের অবস্থান। মহাস্থানগড় প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার ধ্বংসাবশেষ। সমস্ত এলাকাটি একটি সুরক্ষিত দেয়াল দিয়ে ঘেরা। এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বড় নগর ‘পুণ্ড্রনগর’-এর ধ্বংসাবশেষ। এখানে ব্রাহ্মী রীতিতে লেখা একটি খণ্ডিত শিলালিপি পাওয়া গেছে। এর নাম মহাস্থান ব্রাহ্মী লিপি। এ শিলালিপিতে পণ্ড্রনগরের উল্লেখ রয়েছে। এ থেকে ধারণা হয়, নগরটি সম্ভবত মৌর্যবংশীয় শাসকেরা প্রতিষ্ঠা করেছিলেন। বাংলার যেকোনো অঞ্চলের মধ্যে প্রথম নগরায়ণের সুনির্দিষ্ট প্রমাণ এটি। নগরের দেয়ালের ভেতর দক্ষিণ-পূর্ব কোণের সবচেয়ে উঁচু স্থানে রয়েছে বিখ্যাত আউলিয়া সুলতান মাহীসওয়ারের মাজার ও মোগল আমলের একটি মসজিদ। দেয়ালবেষ্টিত এলাকার বাইরে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন মঠ। এগুলোর মধ্যে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা মন্দির, খোদার পাথর ভিটা, মানকালীর কুণ্ডধাপ, পরশুরামের প্রাসাদ ও জিয়ত কুণ্ড উল্লেখযোগ্য। এগুলো প্রাচীন প্রাদেশিক রাজধানী শহরতলির সাক্ষ্য বহন করে। চীনা পর্যটক হিউয়েন সাং সপ্তম শতাব্দীতে এখানকার বসুবিহার দেখতে আসেন।মহাস্থানগড়ের জাদুঘরে প্রাচীনকালের বিভিন্ন নিদর্শনাদি, বিশেষ করে পোড়ামাটির দ্রব্যাদি, স্বর্ণের অলংকার ও স্বর্ণের মুদ্রা সংরক্ষিত রয়েছে। মহাস্থানগড়ের সমাজ ও সভ্যতার উত্থান, সমৃদ্ধি ও পতনকাল হচ্ছে খ্রিষ্টপূর্ব তৃতীয় থেকে ১৫০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত। সাম্প্রতিক খননকাজের ফলে এখানে ১৮টি নির্মাণস্তর উন্মোচিত হয়েছে। এ ছাড়া আবিষ্কৃত হয়েছে নানা ধরনের মূল্যবান নিদর্শনাদি। এগুলো থেকে বিভিন্ন যুগের সাংস্কৃতিক ধারা বোঝা যায়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল