সমাজ
অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ ১১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: পাহাড়পুর কোথায় অবস্থিত? এখানে বাংলার বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির প্রাচীন ধ্বংসাবশেষের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর বর্ণনা দাও?উত্তর: নওগাঁ জেলার বদলগাছী উপজেলার অন্তর্গত পাহাড়পুর গ্রামে অবস্থিত এখানকার প্রাচীন ধ্বংসাবশেষ বাংলার বৌদ্ধ ও হিন্দু সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।পাহাড়পুরের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ হলো সোমপুর বিহার। এই ভূখণ্ডে যত বৌদ্ধ বিহার আবিষ্কৃৃত হয়েছে, তার মধ্যে সোমপুর মহাবিহার আয়তনে সবচেয়ে বড়। পাল রাজা ধর্মপাল এই মহাবিহারটি প্রতিষ্ঠা করেন। এর চারদিকে রয়েছে ১৭৭টি আবাসিক কক্ষ, বিস্তৃত প্রবেশপথ, ছোটখাটো অনেক স্তূপ ও মন্দির। এ ছাড়া এখানকার প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের মধ্যে স্নানঘাট, গন্ধেশ্বরীর মন্দির ও সত্যপীর ভিটা উল্লেখযোগ্য। পাহাড়পুরে খননকাজ চালিয়ে বিভিন্ন রকমের নিদর্শন পাওয়া গেছে। এসব নিদর্শন ওই অঞ্চলে প্রাচীন বৌদ্ধ ও হিন্দুদের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির তথ্য প্রদান করে। ধ্বংসাবশেষ থেকে মনে হয়, সমাজে ধর্মের বেশ প্রভাব ছিল।প্রশ্ন: সোনারগাঁ কোথায় অবস্থিত? এর ঐতিহাসিক নিদর্শনের বর্ণনা দাও।উত্তর: ইতিহাসখ্যাত সোনারগাঁ বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এর অবস্থান। প্রাচীন সুবর্ণগ্রাম থেকে মুসলিম আমলের সোনারগাঁ নামের উদ্ভব। এখানকার স্থাপত্য নিদর্শনাদি থেকে এটি সুস্পষ্ট যে সমগ্র মোগরাপাড়া ও গোয়ালদি এলাকায় এই সমৃদ্ধ মুসলিম বসতি বিস্তৃত ছিল। মধ্যযুগে দীর্ঘ সময় ধরে সোনারগাঁ ছিল দক্ষিণ-পূর্ব বঙ্গের প্রশাসনিক কেন্দ্র। চৌদ্দ শতকের শুরু থেকে সোনারগাঁ একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে। বিভিন্ন পর্যটকের বিবরণী থেকে সোনারগাঁয়ের সমৃদ্ধ বাণিজ্যিক কর্মকাণ্ডের কথা জানা যায়। এখানকার খাস মসলিনের খ্যাতি ছিল জগৎজুড়ে। এ ছাড়া ইসলামিক শিক্ষা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবেও সোনারগাঁয়ের সুনাম ছিল।বাংলার বারো ভূঁইয়াদের নেতা ঈশা খান ও তাঁর ছেলে মুসা খানের শাসনামলে সোনারগাঁ তাঁদের রাজধানী ছিল। নিচু এলাকা বলে তখন সোনারগাঁকে ভাটি অঞ্চল বলা হতো। সোনারগাঁ অসংখ্য ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থান। বর্তমান নিদর্শনগুলো হলো, সুলতানি ও মোগল আমলের অনেক ধর্মীয় ইমারত, মোগল আমলের কয়েকটি সেতু, আর ইংরেজ আমলের কিছু আবাসিক ভবন। এ ছাড়া বিভিন্ন দিঘি, মসজিদ, দরগাহ, মঠ, সরদারবাড়ি, পানাম নগরের আবাসিক ভবনগুলোর ধ্বংসাবশেষ এবং গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।১৬১০ সালে ঢাকা নগর প্রতিষ্ঠার পর থেকে সোনারগাঁ তার প্রাধান্য হারাতে থাকে। উনিশ শতকের দ্বিতীয়ার্ধের মধ্যে সোনারগাঁ তার আগের গৌরব হারিয়ে ফেলে। ১৯৭৫ সালে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।প্রশ্ন: লালবাগ দুর্গে কী কী ঐতিহাসিক নিদর্শন রয়েছে? লেখো।উত্তর: মোগল আমলে শাহজাদা আজম শাহ ও সুবাদার শায়েস্তা খানের সময় নির্মিত হয় লালবাগ দুর্গ। এটি বাংলাদেশের একটি প্রসিদ্ধ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি পুরোনো ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসম্পূর্ণ প্রাসাদদুর্গ। লালবাগ দুর্গ আওরঙ্গবাদ কেল্লা নামেও পরিচিত। কারুকাজখচিত প্রাচীরফটক ছাড়াও লালবাগ দুর্গে রয়েছে দরবার হল, মসজিদ, মোগল সুবাদার শায়েস্তা খানের মেয়ে পরী বিবির সমাধিসৌধ ও পুকুর। পরী বিবির সমাধিসৌধটি মোগল স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন। সমাধিসৌধের মধ্যখানে অবস্থিত কবরটি মার্বেল পাথর দিয়ে বাঁধানো। ওপরে রয়েছে লতাপাতার নকশা। সাম্প্রতিককালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ১৮ একর বিস্তৃত দুর্গ এলাকায় খননকাজ চালিয়েছে। খননের মাধ্যমে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন আবিষ্কৃত হয়েছে।