সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১২ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: বারভূঁইয়া বলতে কী বোঝায়? কয়েকজন বারভূঁইয়ার নাম লেখো।উত্তর: দাউদ কররানিকে পরাজিত করার মধ্য দিয়ে বাংলায় মোগল শাসনের সূচনা হয়। দিল্লির সম্রাট আকবর সম্পূর্ণ বাংলার ওপর অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি। পূর্ববঙ্গ, পশ্চিম ও উত্তর বাংলার বেশ কিছু অঞ্চল বড় বড় জমিদারের অধিকারে ছিল। তাঁরা নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। তাঁদের শক্তিশালী সেনাদল ও নৌবাহিনী ছিল। তাঁরা বারভূঁইয়া নামে পরিচিত। এখানে বার বলতে ১২ জনের সংখ্যা বোঝায় না। সমসাময়িক ঐতিহাসিকেরা বারভূঁইয়া ও তাঁদের নেতার কথা বলেছেন। অর্থাৎ নেতাসহ বারভূঁইয়া ১৩ জন। তা ছাড়া সম্রাট আকবরের সময়ের বারভূঁইয়া এবং সম্রাট জাহাঙ্গীরের আমলের বারভূঁইয়া হুবহু একই ব্যক্তি ছিলেন না।কয়েকজন উল্লেখযোগ্য বারভূঁইয়া: ঈসা খান, রাজা প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, মুসা খান, ফতেহ খান প্রমুখ। এঁদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন সোনারগাঁয়ের জমিদার ঈশা খান ও তার ছেলে মুসা খান।প্রশ্ন: বাংলায় সুবাদারি শাসন সম্পর্কে আলোচনা করো।উত্তর: ১৬১০ সালে সুবাদার ইসলাম খান বারভূঁইয়াদের দমন করে সারা বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন। বাংলা মোগল সাম্রাজ্যের একটি সুবা বা প্রদেশে পরিণত হয়। সুবাদার হিসেবে নিয়োগ লাভের পর তিনি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন ‘জাহাঙ্গীরনগর’। তাঁর পরে যাঁরা বাংলার সুবাদার হন, তাঁদের মধ্যে মীর জুমলা, শায়েস্তা খান, মুর্শিদকুলী খান প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। শায়েস্তা খান ১৬৬৬ সালে চট্টগ্রাম দখল করেন। ফলে বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষ পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে রক্ষা পায়। তিনি বাংলা সুবা থেকে ইংরেজ বণিকদের বিতাড়িত করেন। তাঁর আমলে বাংলায় জিনিসপত্রের দাম খুব সস্তা ছিল। সে সময় টাকায় আট মণ চাল পাওয়া যেত। মুর্শিদকুলী খান এ দেশের রাজস্ব সংস্কারের জন্য খ্যাতিমান হয়ে আছেন। তিনি তৎকালীন দুর্বল মোগল সম্রাটের প্রতি ছিলেন নামমাত্র অনুগত। তাঁর সময়কাল থেকেই সুবাকে নিয়ামত, সুবাদারকে নাজিম বা নবাব বলা হতে থাকে এবং বাংলা সুবাদারি বংশগত হয়ে পড়ে।প্রশ্ন: হোসেন শাহী আমলকে বাংলায় মুসলমান শাসনের ‘স্বর্ণযুগ’ বলা হয় কেন?উত্তর: হাবশি শাসন উচ্ছেদ করে ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন সৈয়দ হোসেন। সুলতান হয়ে তিনি আলাউদ্দিন হোসেন শাহ উপাধি গ্রহণ করে। এভাবেই বাংলায় হোসেন শাহী বংশের শাসনপর্ব শুরু হয়। বাংলায় স্বাধীন সুলতানদের মধ্যে হোসেন শাহী আমল ছিল সবচেয়ে কৃতিত্বের যুগ। হোসেন শাহ ছিলেন এ যুগের শ্রেষ্ঠ সন্তান। তিনি বিহারের বিস্তীর্ণ এলাকা জয় করেন। তিনি ছিলেন প্রজাদরদি ও বহু গুণের অধিকারী। তাঁর আমলে বাংলা ভাষা ও সাহিত্যের অনেক উন্নতি হয়। শ্রীচৈতন্য তাঁর শাসনামলে বৈষ্ণব ধর্ম প্রচার করেন। হোসেন শাহের পর এ বংশের আরও তিনজন সুলতান বাংলা শাসন করেন। তাঁরা সবাই যোগ্য শাসক ছিলেন। তাঁরা হোসেন শাহের মতো উদারভাবে শাসনকার্য পরিচালনা করেন। সবাই শিল্প, সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেন। এ জন্য হোসেন শাহী আমলকে বাংলায় মুসলমানদের শাসনের স্বর্ণযুগ বলা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল