সমাজ
অধ্যায়-২ ও ৩প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রতিবছরই রচনামূলক প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সে আলোকে আজ তোমাদের পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। অধ্যায়: ২ প্রশ্ন: সামাজিক সম্পদ হিসেবে পাঠাগারের গুরুত্ব বর্ণনা করো। উত্তর: সামাজিক পাঠাগার একটি গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ। বই মানুষের সবচেয়ে উপকারি বন্ধু। পাঠাভ্যাস আমাদের মনকে আনন্দিত করে, প্রফুল্ল রাখে। পত্র-পত্রিকা থেকে আমরা আমাদের পাঠ্যপুস্তকের বাইরের জ্ঞান অর্জন করতে পারি। গল্পের বই, পত্র পত্রিকা, প্রবন্ধ অন্যান্য বই আমাদের মানসিক বিকাশ ও উন্নতিতে অবদান রাখে। আমরা পাঠাগারের বই, পত্রপত্রিকা যত্নসহকারে পড়ব। পাঠাগারের বইয়ের ভেতরে কোনোরূপ মন্তব্য লেখা বা বই যাতে কাটা ছেঁড়া ও চুরি না হয় সেদিকে খেয়াল রাখব। পাঠাগারের উন্নতির জন্য চেষ্টা করব। প্রশ্ন: আমাদের জনজীবনে রাষ্ট্রীয় সম্পদের গুরুত্ব বর্ণনা করো। উত্তর: রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের সম্পদ। আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র। রাষ্ট্রীয় চিকিৎসা প্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে আমরা চিকিৎসা সেবা পেয়ে থাকি। তাই আমাদের জীবনে হাসপাতালের গুরুত্ব অপরিসীম। আমরা হাসপাতালের আইনকানুন মেনে চলব। হাসপাতালের যেখানে-সেখানে থুতু, ময়লা ফেলে হাসপাতাল নোংরা করব না। হাসপাতাল যাতে পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখব। আমাদের দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ যেমন—বাংলা একাডেমী, শিশু একাডেমী, গণগ্রন্থাগার ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। দেশের শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়নে এসব প্রতিষ্ঠানের বিশেষ ভূমিকা রয়েছে। একইভাবে শিশুপার্ক, চিড়িয়াখানা ইত্যাদি বিনোদনমূলক রাষ্ট্রীয় সম্পদ। জাতীয় জাদুঘর ইত্যাদি থেকে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানতে পারি। এ ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ আমাদের রয়েছে। রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আরও রয়েছে বিভিন্ন ধরনের যোগাযোগব্যবস্থা যেমন—রাস্তাঘাট, রেলপথ, পানিপথ, ফ্লাইওভার, টেলিফোন, বিমান, রেলগাড়ি, স্টিমার, ফেরি ইত্যাদি। এগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের সঙ্গে যোগাযোগ রক্ষা হয়। দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নতিতে এগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। যমুনা সেতু আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। এর মাধ্যমে দেশের যোগাযোগের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। অল্প সময়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে। ব্যবসা-বাণিজ্যের উন্নতি হয়েছে। একইভাবে দেশের অন্যান্য অঞ্চলের সেতুগুলো দেশের উন্নতিতে অবদান রাখছে। গণমাধ্যম হিসেবে রাষ্ট্রীয় রেডিও, টেলিভিশনের ভূমিকাও অপরিসীম। রাষ্ট্রীয় সম্পদের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রয়েছে। যেমন—বিভিন্ন ধরনের খনিজ, বনভূমি, নদী, সমুদ্র প্রভৃতি। নদীর তীরে নদীবন্দর গড়ে ওঠে। দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদীর পানি দিয়ে আমরা কৃষি জমিতে পানি সেচ করি। নদীর প্লাবন জমির উর্বরতা বাড়ায়। এতে ফসলের পরিমাণ বাড়ে। নদীর মাধ্যমে দেশের এক স্থান থেকে অন্য স্থানে অল্প খরচে মালামাল আনা-নেওয়া করা যায়, যাতায়াত করা যায়। নদীকে আমাদের জীবন বলা হয়। সমুদ্র আমাদের লবণসহ অন্যান্য খনিজ সম্পদের আধার। তা ছাড়া সমুদ্র থেকে আমরা মাছ পাই। সমুদ্রবন্দর, বিমানবন্দরের মাধ্যমে দেশ-বিদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ সংঘটিত হয়। কাজেই রাষ্ট্রীয় সম্পদ হিসেবে এগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যায়: তিন প্রশ্ন: জীবনে পরিপূর্ণ মানুষ হতে কী কী গুণাবলি প্রয়োজন?উত্তর: আমরা ক্লাব, সংঘ ও প্রতিষ্ঠানের সদস্য হব ও নিয়মকানুন মেনে চলব। একতা, সংঘবদ্ধতা, সহযোগিতা ইত্যাদি ক্লাব, সংঘ ও প্রতিষ্ঠানের ভিত্তি। এ ছাড়া আমরা সত্যবাদিতা, ন্যায়বোধ, কর্তব্যবোধ, শৃঙ্খলাবোধ, শিষ্টাচার, সদাচরণ, সহিষ্ণুতা, সহমর্মিতা ও সময়ানুবর্তিতা ইত্যাদি অনুসরণ করব। এগুলো আমাদের সামাজিক মূল্যবোধ একতা, সংঘবদ্ধতা ও সহযোগিতা সমাজের সবার মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে। সামাজিক মূল্যবোধের ভিত্তিতে একটি জাতির সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে ওঠে। সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সাহায্য ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। ফলে সমাজের মানুষের মধ্যে বন্ধন গভীর হয়। মানুষের মধ্যে ঐক্য স্থাপিত হয়। দেশের জন্য ভালোবাসা জন্মে। সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সদাচরণ করতে শেখায়। জীবনে শৃঙ্খলা আনে। পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করে। # পরবর্তী অংশ ছপা হবে আগামীকাল