সমাজ বিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৯ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

.
.

অধ্যায়-৯

ক. মাদক কী?
খ. যৌতুক কেন সামাজিক সমস্যা? ব্যাখ্যা করো।
গ. প্রথম ছবিটি দেখে তুমি বাংলাদেশের কোন সামাজিক সমস্যাকে চিহ্নিত করবে?
ঘ. দ্বিতীয় ছবিতে নির্দেশিত সমস্যাটি প্রথম ছবিতে নির্দেশিত সমস্যার প্রভাব—উপযুক্ত উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো।
উত্তর-ক
মাদক বলতে এমন বস্তুকে বোঝায়, যা গ্রহণে শারীরিক ও মানসিক বিপর্যয় ঘটায়। একই সঙ্গে বস্তুটির প্রতি আসক্তি তৈরি করে।
উত্তর-খ
যৌতুক বাংলাদেশের অন্যতম প্রধান সামাজিক সমস্যা। যৌতুকের কারণে সময়মতো অনেক মেয়ের বিয়ে হয় না। এর জন্য পারিবারিক অশান্তির সূচনা হয়। নারীরা নির্যাতন ও নিগ্রহের শিকার হন। যৌতুকের টাকা না দিতে পারায় অনেক ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক ভেঙে যায়। যৌতুকের টাকা জোগাড় করতে গিয়ে অনেক পরিবারকে নিঃস্ব হতে হয়। এসব কারণে যৌতুক প্রথা সামাজিক সমস্যা।
উত্তর-গ
প্রথম ছবিটি দ্বারা বাংলাদেশের জনসংখ্যা সমস্যাকে চিহ্নিত করা যায়। দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে এটি পরিগণিত হয়।
যখন কোনো দেশের জনসংখ্যা অধিক হয় এবং এই অধিক জনসংখ্যা দেশের আর্থসামাজিক বিপর্যয়ের সৃষ্টি করে, তখন তাকে জনসংখ্যা সমস্যা বলে। অর্থনীতিবিদ ম্যালথাস কোনো দেশের জনসংখ্যা খাদ্য উত্পাদনের তুলনায় বেশি হলে সেই অবস্থাকে জনসংখ্যা সমস্যা বলে চিহ্নিত করেন। বাংলাদেশের প্রাকৃতিক ও সামাজিক সম্পদের তুলনায় জনসংখ্যা অধিক, যা নানা ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে। দেশের বিদ্যমান সম্পদ দিয়ে এই অধিক জনসংখ্যার জন্য কোনো ক্ষেত্রেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ফলে শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত, কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। উদ্দীপকের ছবিতে দেখা যাচ্ছে, ট্রেনের ধারণক্ষমতার থেকে অনেক বেশি মানুষ যাতায়াত করছে, যা জনসংখ্যা সমস্যাকে নির্দেশ করে।
উত্তর-ঘ
দ্বিতীয় ছবিটি দ্বারা পরিবেশদূষণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এটি শুধু বাংলাদেশেরই নয়, বরং বিশ্ববাসীর সমস্যা। পরিবেশের কোনো স্বাভাবিক বৈশিষ্ট্য লোপ পাওয়াকে পরিবেশদূষণ বলে। মাটি, বায়ু, পানিসহ পরিবেশের যেকোনো উপাদান বিনষ্ট হওয়াই পরিবেশদূষণের নামান্তর। পরিবেশদূষণ হচ্ছে পরিবেশের যেকোনো ভৌত, রাসায়নিক কিংবা জৈবিক পরিবর্তন, যা জীবজগতের ওপর ক্ষতিকর প্রভাব রাখে।
বাংলাদেশে জনসংখ্যা সমস্যা অন্যান্য সামাজিক সমস্যা সৃষ্টির মূলেও কাজ করছে। যেমনটি পরিবেশদূষণের ক্ষেত্রে কাজ করছে। অধিক জনসংখ্যার প্রয়োজন মেটাতে প্রতিনিয়ত পরিবেশের নানা উপাদান বিনষ্ট হচ্ছে। অধিক জনসংখ্যার চাহিদা মেটাতে কলকারখানার উত্পাদন বৃদ্ধি পাচ্ছে। ফলে কলকারখানার বিষাক্ত ধোঁয়ায় বায়ু দূষিত হচ্ছে। কলকারখানার বর্জ্য মাটি ও পানিকে দূষিত করছে। একইভাবে আবাসন কিংবা কলকারখানা স্থাপনের জন্য পাহাড় কাটা হচ্ছে কিংবা নদী ভরাট করা হচ্ছে।
জ্বালানি চাহিদা মেটাতে কিংবা আসবাব তৈরির জন্য গাছ কাটা হচ্ছে। এমনকি বনভূমি উজাড় করা হচ্ছে প্রতিনিয়ত। ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের সরবরাহ কমে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পেয়ে পৃথিবী উত্তপ্ত হয়ে উঠছে। যার দীর্ঘমেয়াদি ফল হিসেবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, যা শুধু মানুষের জন্য নয়, সব জীবজগতের জন্য হুমকি সৃষ্টি করছে। জলবায়ুর পরিবর্তনের কারণে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, খরা, নদীভাঙন প্রভৃতি দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। সার্বিকভাবে বলা যায়, বাংলাদেশে পরিবেশদূষণের অন্যতম প্রধান কারণ হলো অধিক জনসংখ্যা।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম