* সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজকর্ম ১ম পত্র থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
ফার্মগেট ওভারব্রিজে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে সাহেদ। সে সুস্থ-সবল হলেও ছেঁড়া ও নোংরা পোশাক পরে, গায়ে কালো রং মেখে এবং রুগ্ণ চেহারা বানিয়ে মানুষের সাহায্য কামনা করে। সাধারণ মানুষও সরল বিশ্বাসে তাকে টাকা দান করে। এভাবে লোক ঠকিয়ে সাহেদ প্রতিদিন প্রায় ৫০০ টাকার মতো আয় করতে পারে।
ক. প্রথম দরিদ্র আইন প্রণয়ন করা হয় কত খ্রিষ্টাব্দে?
খ. দারিদ্র্য বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাহেদ ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন অনুযায়ী কোন শ্রেণির দরিদ্র? ব্যাখ্যা করো।
ঘ. সাহেদের মতো দরিদ্রদের অবস্থার উন্নয়নে ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন কতটা কার্যকর ভূমিকা
রেখেছে? বিশ্লেষণ করো।
উত্তর-ক
প্রথম দরিদ্র আইন প্রণয়ন করা হয় ১৩৪৯ খ্রিষ্টাব্দে।
উত্তর-খ
সাধারণত দারিদ্র্য বলতে এমন একটি অবস্থাকে বোঝায়, যখন মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র অর্থের বিনিময়ে ক্রয় করতে সম্পূর্ণ বা আংশিকভাবে ব্যর্থ হয়।
দারিদ্র্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো Poverty। এ ছাড়া দারিদ্র্য বলতে এমন এক সামাজিক বঞ্চনাকে বোঝায়, যার কারণে মানুষ মৌল মানবিক চাহিদা থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় চাহিদা যথাযথভাবে পূরণ করতে অসমর্থ হয়।
উত্তর-গ
উদ্দীপকের সাহেদ ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন অনুযায়ী সক্ষম দরিদ্র শ্রেণির অন্তর্ভুক্ত।
১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন অনুযায়ী সবল বা কর্মক্ষম ভিক্ষুকদের সক্ষম দরিদ্র বলা হতো। সক্ষম দরিদ্র শ্রেণিভুক্ত ভিক্ষুকদের সক্ষম দরিদ্র বলা হতো। সক্ষম দরিদ্র শ্রেণিভুক্ত ভিক্ষুকদের সংশোধনাগারে বা কর্মশালায় কাজ করতে বাধ্য করা হতো। জনসাধারণকে নিষেধ করা হতো এদের ভিক্ষা দিতে। উদ্দীপকের সাহেদ সুস্থ-সবল হওয়া সত্ত্বেও অপরিচ্ছন্ন পোশাক পরিধান করে, কালো রং মেখে রুগ্ণ চেহারা বানিয়ে মানুষের সাহায্য কামনা করে। মানুষও সরল বিশ্বাসে তাকে টাকা দান করে। এভাবে সাহেদ লোক ঠকিয়ে প্রতিদিন প্রায় ৫০০ টাকার মতো আয় করে।
১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইনানুযায়ী সাহেদের মতো কর্মক্ষম দরিদ্র ব্যক্তিদের ভিক্ষাদানে সাধারণ মানুষকে নিষেধ করা হলেও বাংলাদেশে এমন কোনো বিধান না থাকায় সাহেদ সুবিধা ভোগ করে। তাই বৈশিষ্ট্যের বিচারে বলা যায়, ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইনানুযায়ী সাহেদ সক্ষম দরিদ্র শ্রেণিরই অন্তর্ভুক্ত।
উত্তর-ঘ
উদ্দীপকের সাহেদের মতো দরিদ্র ব্যক্তিদের অবস্থার উন্নয়নে ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে।
১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন সাহেদের মতো দরিদ্র ব্যক্তিদের সাহায্যের উদ্দেশ্যেই প্রণীত হয়েছিল, যা তাদের অবস্থার উন্নয়ন সাধনে নানা ধরনের কার্যকর কর্মসূচি গ্রহণ করে। ফলে এ আইনের সহায়তায় দরিদ্র ব্যক্তিরা অনেক সুবিধা ভোগ করে। এ আইনে দরিদ্র ব্যক্তিদের তিনটি শ্রেণিতে ভাগ করা হয় এবং তিনটি ভিন্ন শ্রেণির প্রয়োজনানুযায়ীই তাদের সাহায্যোর্থে পদক্ষেপ নেওয়া হয়। এ আইনের আওতায় বিভিন্ন এলাকায় দরিদ্র ব্যক্তিদের জন্য পরিদর্শক নিযুক্ত করা হয়। তাঁরা সরেজমিনে প্রত্যক্ষভাবে দরিদ্র ব্যক্তিদের সমস্যা সম্পর্কে অনুসন্ধান চালাতেন এবং প্রয়োজন অনুযায়ী তাদের সাহায্য করতেন।
১৬০১ খ্রিষ্টাব্দের আইনটি ছিল মূলত উদ্দীপকের সাহেদের মতো দরিদ্র নাগরিকদের প্রতি সরকারের দায়িত্বের প্রতিফলন। ওই আইনের আওতায় উদ্দীপকের সাহেদের মতো সক্ষম দরিদ্র ব্যক্তিদের কাজে বাধ্য করা হয় এবং তাদের ভিক্ষাদান কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। আবার যারা সাহেদের মতো দরিদ্র, তবে অক্ষম; তাদের দায়িত্ব অর্পণ করা হয়েছিল সেই অক্ষম দরিদ্র ব্যক্তিদের সচ্ছল আত্মীয়স্বজনের ওপর। এ আইনের আওতায় সাহায্যপ্রার্থী ব্যক্তিকে সাহায্য পেতে আবেদনপত্র জমা দিতে হতো। এভাবে ওই আইন উদ্দীপকের সাহেদের মতো অসহায় দরিদ্র মানুষের উন্নত ও মর্যাদাপূর্ণ জীবনমান বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপর্যুুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন বাস্তবিকভাবেই সাহেদের মতো দরিদ্র ব্যক্তিদের অবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছে।
প্রভাষক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর