সমাজকর্ম ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজকর্ম ১ম পত্র বিষয় থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

মিজান একজন মাদকাসক্ত বন্ধুর সঙ্গে মেলামেশা করে নিজেও মাদকাসক্ত হয়ে পড়ে। বিয়ের পরও সে মাদক ছাড়েনি। মাদকদ্রব্য কেনার জন্য সে মা, বাবা ও তার স্ত্রীকে প্রায়ই নির্যাতন করে। তার মা, বাবা ও স্ত্রী তাকে একটি মাদক নিরাময়কেন্দ্রে ভর্তি করিয়ে দেন। সেখানে একজন সমাজকর্মীর তত্ত্বাবধান ও কাউন্সেলিং থেকে মিজান চিকিত্সা নিচ্ছে। সমাজকর্মী মিজানকে সমাজকর্মের পদ্ধতি ও কৌশল প্রয়োগের মাধ্যমে নিরাময়ে সহায়তা করছেন।
ক. সমাজকর্মের মৌলিক পদ্ধতি কয়টি?
খ. সমাজকর্ম পদ্ধতি বলতে কী বোঝো?
গ. মিজানের সমস্যা সমাধানে সমাজকর্মী সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতির জ্ঞান প্রয়োগ করছেন?
ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে সমাজকর্মী কোন মৌলিক পদ্ধতিটি কী প্রক্রিয়া অবলম্বন করে মিজানের সমস্যার সমাধান দিতে পারেন? বিশ্লেষণ করো।
উত্তর-ক
সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিনটি।
উত্তর-খ
সমাজকর্ম পদ্ধতি বলতে সমাজকর্মের কর্মপন্থা বা প্রক্রিয়াকে বোঝায়। সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা। সমাজকর্মের পদ্ধতিগুলো পেশাটিকে সার্থক করে তুলেছে। পেশাদার সমাজকর্মে যেসব প্রক্রিয়ার মাধ্যমে সমাজকর্মের বৈজ্ঞানিক জ্ঞান, দক্ষতা ও নীতিমালা সমাজের ব্যক্তি, দল ও সমষ্টির সমাধানে প্রয়োগ করা হয়, সেসব সুশৃঙ্খল কর্মপ্রক্রিয়ার সমষ্টিই হলো সমাজকর্ম পদ্ধতি।
উত্তর-গ
মিজানের সমস্যা সমাধানে উল্লিখিত সমাজকর্মী ব্যক্তিসমাজকর্ম পদ্ধতির জ্ঞান প্রয়োগ করেছেন।
ব্যক্তিসমাজকর্মের মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার সমস্যাগুলোকে কার্যকরভাবে মোকাবিলা করা এবং হারানো সামাজিক ভূমিকা পালনে ক্ষমতার পুনরুদ্ধারে সহায়তা করা হয়। এ পদ্ধতির মাধ্যমে ব্যক্তির সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করে তাকে স্বাবলম্বী করে গড়ে তোলার প্রয়াস চালানো হয়।
উদ্দীপকে একটি ব্যক্তিগত সমস্যার দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে। মিজান সঙ্গদোষে মাদকাসক্ত হয়ে পড়েছে। একটি মাদক নিরাময়কেন্দ্রে একজন সমাজকর্মী তাকে সহায়তা করছেন। এ ক্ষেত্রে সমাজকর্মী ব্যক্তিকেন্দ্রিক সমস্যা সমাধানে কাজ করছেন। তাঁর প্রধান দায়িত্ব হলো মিজানকে সমাজকর্মের জ্ঞান ব্যবহার করে মানসিকভাবে সমস্যা মোকাবিলায় সক্ষম করে তোলা। প্রকৃতপক্ষে মাদকাসক্তি এমন একটি সমস্যা, যা থেকে মুক্তি পেতে হলে প্রচুর মানসিক শক্তি ও মানসিক সমর্থনের প্রয়োজন পড়ে। আর ব্যক্তিসমাজকর্ম পদ্ধতির সাহায্যে সাহায্যার্থীকে অনুরূপ সহায়তা প্রদান করে সমস্যা মোকাবিলায় সামর্থ্য করে তোলা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে সমাজকর্মী ব্যক্তিসমাজকর্ম পদ্ধতি অনুসারেই মিজানের সমস্যার সমাধানে কাজ করছেন।
উত্তর-ঘ
উদ্দীপকে সমাজকর্মী ব্যক্তিসমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া অবলম্বন করে মিজানের সমস্যার সমাধান দিতে পারেন।
ব্যক্তিসমাজকর্মে সমস্যার সমাধান প্রক্রিয়া বলতে সাধারণত সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের লক্ষ্যে গৃহীত ধারাবাহিক ও বিজ্ঞানসম্মত কার্যপ্রণালিকে বোঝায়। এই নির্দিষ্ট কার্যপ্রণালি অনুসরণের মাধ্যমেই সঠিক সমাধানে উপনীত হওয়া সম্ভব, যা উদ্দীপকের মিজানের ক্ষেত্রেও প্রযোজ্য।
মিজানের সমস্যা সমাধানে সমাজকর্মীকে প্রথমেই তার সমস্যাসংশ্লিষ্ট সব তথ্য সংগ্রহ করতে হবে, যে প্রক্রিয়াকে অনুধ্যান বলে। এরপর তিনি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে মিজানকে মানসিকভাবে সাহস ও প্রেরণা দান করবেন। এর ফলে মিজানের মধ্যে সাময়িক স্বস্তি ফিরে আসবে। মিজানের সমস্যার প্রকৃতি ও কারণ নির্ণয় এবং তা মোকাবিলার উপায় নিরূপণ-সম্পর্কিত চিন্তাভাবনা হবে সমাজকর্মীর পরবর্তী কাজ। সমস্যা নির্ণয়ের পর তিনি মিজানের মাদকাসক্তির সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ ক্ষেত্রে প্রত্যক্ষ সমর্থনমূলক পদ্ধতি কার্যকর হতে পারে। তবে সমস্যা সমাধানের পর গৃহীত ব্যবস্থার সফলতা ও বিফলতা অবশ্যই মূল্যায়ন করতে হবে। এর সঙ্গে সঙ্গে সমাজকর্মীকে মিজানের সমস্যা সমাধানের প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ বা অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে মিজানকে প্রয়োজনীয় সেবার জন্য অন্যত্র প্রেরণের ব্যবস্থাও নিতে হতে পারে। সর্বশেষ ধাপ হিসেবে সমাজকর্মী মিজানের সমস্যার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটাবেন।
উপর্যুক্ত ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে একজন সমাজকর্মী মিজানের সমস্যার সমাধান নিশ্চিত করতে পারেন।
প্রভাষক, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর