সমাজবিজ্ঞানে ভালো নম্বর পেতে অবশ্যই অল্প কথায় মূল বিষয়টি তুলে ধরতে হবে। সমাজবিজ্ঞান প্রথম পত্র, বিশেষ করে বিভিন্ন প্রত্যয় লেখার ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ। কেননা, সমাজবিজ্ঞানের অধিকাংশ প্রত্যয় যেমন সমাজ, সম্প্রদায়, সংস্কৃতি, মূল্যবোধ প্রভৃতি সবার কাছে কম-বেশি পরিচিত থাকার কারণে পরীক্ষায় এলে লিখে ফেলতে পারব, এই ভেবে অনেকে কম গুরুত্ব দেয়। তাই পরীক্ষার খাতায় মূল বিষয়টি না লিখে ঘুরিয়ে-পেঁচিয়ে লিখতে গিয়ে মূল থেকে হারিয়ে যায়। এ ক্ষেত্রে প্রশ্নে যা চাওয়া হয়েছে, সুনির্দিষ্টভাবে অল্প কথায় তা লিখতে হবে। কেননা, এটি সৃজনশীল পদ্ধতির অন্যতম দিক। তাই বিভিন্ন প্রত্যয় বা বিষয় শেখার ক্ষেত্রে মূল বিষয়টি আত্মস্থ করতে হবে। তাহলে উদ্দীপক বোঝা যেমন সহজ হবে, তেমনি পরীক্ষার খাতায় মূল বিষয়টি তুলে ধরার সক্ষমতা অর্জন করা যাবে। এটি বহুনির্বাচনিতেও ভালো ফল দেবে কেননা নম্বর বাড়াতে অবশ্যই বহুনির্বাচনির ওপর জোর দিতে হবে। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বিভন্ন অধ্যায়ে আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত নাম, সাল, স্থান প্রভৃতি মাথায় রাখতে হবে ভালোভাবে।
উদ্দীপকের বিষয় চিহ্নিত করা, সঠিক উত্তর লেখা ও বহুনির্বাচনির উত্তর কমন পেতে এটি ব্যাপকভাবে সহায়ক হবে। অন্যদিকে, প্রাসঙ্গিক উদাহরণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সমাজের উদাহরণ দিতে হবে। বিষয়গুলো মাথায় রেখে প্রস্ত্ততি নিলে আশা করি ভালো ফল পাবে।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ চট্টগ্রাম