সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজবিজ্ঞানের অধ্যায়-২ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।
অধ্যাপক গাজী সালেহ উদ্দীন সম্প্রতি মাদকাসক্তি নিয়ে একটি গবেষণাকর্ম সমাপ্ত করেন। এ জন্য তিনি চট্টগ্রামের ঝাউলতা বস্তিকে গবেষণার একক হিসেবে ধরে নেন। এ বস্তির মাদকাসক্ত ব্যক্তিদের সম্পর্কে ব্যাপক অনুসন্ধান চালান। ক্ষুদ্র পরিসরে এ বস্তির মাদকাসক্ত ব্যক্তিদের সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। পরে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তিনি সারা দেশের মাদকাসক্ত ব্যক্তিদের সম্পর্কে ধারণা অর্জন করেন এবং একটি সিদ্ধান্তে উপনীত হলেন।
প্রশ্ন:
ক. বৈজ্ঞানিক পদ্ধতি কী?
খ. সমাজবিজ্ঞানকে তুমি কেন বিজ্ঞানের মর্যাদা দেবে? ব্যাখ্যা করো।
গ. অধ্যাপক গাজী সালেহ উদ্দীন তাঁর গবেষণায় কোন পদ্ধতি ব্যবহার করেন?
ঘ. গবেষণাকর্মটি সমাপ্ত করতে তিনি কী কী পর্যায় বা ধাপ অতিক্রম করেন?
উত্তর-ক.
বৈজ্ঞানিক জ্ঞান আহরণ করতে যে নিয়ম-নীতি বা পদ্ধতি অনুসরণ করতে হয়, তা-ই বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি হলো বিজ্ঞানের ভিত্তি।
উত্তর-খ.
বিজ্ঞান বলতে বিশেষ ও সুসংহত জ্ঞানকে বোঝানো হয়ে থাকে, যা পরীক্ষা-নিরীক্ষা ও যুক্তিনির্ভর পদ্ধতি অনুসরণের মাধ্যমে প্রাপ্ত। সমাজবিজ্ঞান সামাজিক বিষয়বস্ত্ত ব্যাখ্যার ক্ষেত্রে একটি যৌক্তিক এবং বিজ্ঞানভিত্তিক পন্থা ও কলাকৌশলের সাহায্য নিয়ে থাকে। গবেষণার বিষয় নির্বাচন, তথ্য সংগ্রহ, তথ্যের শ্রেণিবিন্যাস ও বিচার-বিশ্লেষণের পরই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভবিষ্যদ্বাণী করে থাকে। দেখা যাচ্ছে, সমাজবিজ্ঞান যথাযথ পদ্ধতি অনুসরণ করে সুসংহত জ্ঞান অর্জন করে। তাই সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান। তবে এটা প্রাকৃতিক বিজ্ঞান নয়।
উত্তর-গ.
অধ্যাপক গাজী সালেহ উদ্দীন তাঁর গবেষণার ঘটনা জরিপ পদ্ধতি ব্যবহার করেছেন।
এক বা একাধিক ঘটনা পর্যবেক্ষণ করে একটি সাধারণ সূত্রে আসার পদ্ধতিই ঘটনা জরিপ। এ পদ্ধতিতে গবেষক যে বিষয় নিয়ে গবেষণা করতে চান, তার একটি প্রতিনিধিত্বশীল অংশ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এ পদ্ধতিতে ব্যক্তি, দল, গ্রাম, সম্প্রদায় বা পেশাজীবী শ্রেণিকে গবেষণার একক হিসেবে ধরে তার সম্পূরকে বিশদ তথ্য সংগ্রহ করা হয়। অর্থাৎ বৃহৎ সমাজের ক্ষুদ্র অংশের বিশদ তথ্য নিয়ে বৃহৎ সমাজ সম্পর্কে ধারণা অর্জন করা হয়। সংবাদপত্র ও বিভিন্ন অপরাধের ধরন প্রকৃতি জানতে আজকাল এ পদ্ধতি বেশি ব্যবহৃত হয়।
উদ্দীপকে দেখা যাচ্ছে, অধ্যাপক গাজী সালেহ উদ্দীন মাদকাসক্তি নিয়ে গবেষণা করতে গিয়ে একটি বস্তিকে গবেষণার একক হিসেবে ধরে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। তিনি ওই বস্তির মাদকাসক্ত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে সারা দেশের মাদকাসক্ত ব্যক্তিদের সম্পর্কে একটি সিদ্ধান্তে উপনীত হবেন। তাই তাঁর গবেষণাপদ্ধতি ঘটনা জরিপ পদ্ধতি। কেননা, এ পদ্ধতিতেই এমনটি করা হয়।
উত্তর-ঘ.
তিনি এই গবেষণায় একটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ব্যবহার করেন। তিনি যেসব পর্যায় অনুসরণ করেন, তার মধ্যে রয়েছে:
সমস্যা নির্বাচন: তিনি প্রথমে যে বিষয় নিয়ে গবেষণা করেতে চান, সে বিষয় নির্বাচন করেছেন।
পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ: এ পর্যায়ে তিনি গবেষণার বিষয়টি নিবিড়ভাবে দেখেছেন এবং সে সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। তথ্য সংগ্রহের ক্ষেত্রে তিনি গৌণ তথ্য সংগ্রহ করেছেন। আগের দিনের বই-পত্র, বিভিন্ন দলিল-দস্তাবেজ প্রভৃতি থেকে তথ্য সংগ্রহ করেছেন।
তথ্যের শ্রেণিবিন্যাস: প্রাপ্ত তথ্যকে তিনি লিঙ্গ, বয়স, পেশা প্রভৃতি ভেদে শ্রেণি বিভক্ত করেছেন।
কল্পনা প্রণয়ন: এ পর্যায়ে তিনি অনুকল্পনা প্রণয়ন করেছেন। তাঁর গবেষণা ফলাফল সম্পর্কে একটি আগাম ধারণা তৈরি করেছেন।
সত্যতা বা যথার্থতা যাচাই: এখানে তিনি যে কল্পনা প্রণয়ন করেছেন, তা তাঁর প্রাপ্ত তথ্য দ্বারা সমর্থিত হচ্ছে কি না, তা যাচাই করে দেখেছেন।
ভবিষ্যদ্বাণী: শেষ পর্যায়ে এসে তিনি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি ভবিষ্যদ্বাণী করেছেন।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম