সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজবিজ্ঞানের অধ্যায়-৬ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# প্রদীপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাঁর বাড়ি বান্দরবান জেলার পাহাড়ি এলাকায়। তাঁরা সাধারণত পাহাড়ের ঢালু ভূমিতে জুম চাষ করেন। বন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ায় জন্য তাঁরা বাঁশ দিয়ে তৈরি উঁচু মাচাং ঘরে বসবাস করেন। পাহাড়ি এলাকায় বাঁশের আধিক্য থাকায় তাঁরা ঘর-বাড়ি নির্মাণসহ নানা ক্ষেত্রে বাঁশ ব্যবহার করেন।
প্রশ্ন:
ক. হান্টিংটনের মতে, কত ডিগ্রি তাপমাত্রা বুদ্ধিমত্তার জন্য সবচেয়ে অনুকূলে?
খ. সংস্কৃতি বলতে কী বোঝায়?
গ. প্রদীপের সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদানটি চিহ্নিত করো।
ঘ. বাংলাদেশে উক্ত উপাদানটি কীভাবে সমাজজীবনকে প্রভাবিত করছে? উদাহরণ দিয়ে দেখাও।
উত্তর-ক.
হান্টিংটনের মতে, ৪০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা মানসিক দক্ষতা তথা বুদ্ধিমত্তার জন্য সবচেয়ে অনুকূলে।
উত্তর-খ.
সহজ অর্থে সংস্কৃতি বলতে মানুষের সৃষ্টিকর্মকে বোঝায়। ব্যাপক অর্থে সংস্কৃতি হলো মানুষের জীবনপ্রণালি। সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত আচরণ। আর টি শেফারের মতে, সমাজ থেকে অর্জিত এবং সামাজিকভাবে উত্তরসূরীদের মধ্যে বর্তায় এমন আচরণসমূহের সামগ্রিক রূপই সংস্কৃতি। টেইলর সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত জ্ঞান, শিল্পকলা, রুচিবোধ, বিশ্বাস, মূল্যবোধ, আদর্শ প্রভৃতির জটিল সমন্বয়কে সংস্কৃতি বলে অভিহিত করেছেন। সুতরাং সংস্কৃতি হলো মানুষের সৃষ্ট আচার-আচরণের সামগ্রিক রূপ এবং তা সমাজের সদস্য হিসেবে অর্জন করতে হয়।
উত্তর-গ.
উদ্দীপকে উল্লিখিত বিষয়ের সঙ্গে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক বা প্রাকৃতিক উপাদানের মিল আছে।
ভৌগোলিক পরিবেশ বলতে চারপাশের ভৌত ও প্রাকৃতিক পরিবেশ যেমন জলবায়ু ও তাপমাত্রা, মৃত্তিকা ও জলের অবস্থান, বনাঞ্চল, পশুপাখি, ঋতু, মাধ্যাকর্ষণ শক্তি, ঝড়বৃষ্টি, ভূমিকম্প ইত্যাদিকে বোঝায়। মূলত মানবসৃষ্ট কৃত্রিম পরিবেশ বাদে সবই ভৌগোলিক পরিবেশের উপাদান। সরোকিন ভৌগোলিক পরিবেশ বলতে সেসব মহাজাগতিক উপাদানকে বুঝিয়েছেন, যা মানবসৃষ্ট নয় এবং যা নিজের নিয়মেই পরিবর্তিত হয়। ভৌগোলিক উপাদান মানুষের সমাজজীবনের ওপর ব্যাপক প্রভাব রাখে। ঘর-বাড়ি, পোশাক-পরিচ্ছদ ইত্যাদির ওপর প্রত্যক্ষ প্রভাব রাখে আবার বিজ্ঞান প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ের ওপর পরোক্ষ প্রভাব রাখে। বাসগৃহ, শস্য ইত্যাদির ওপর এর প্রভাব নিবিড় হলেও সামাজিক ও রাজনৈতিক সংগঠন, ধর্মীয় বিশ্বাস প্রভৃতির ওপর নিবিড় নয়। জনসংখ্যার বণ্টন, সভ্যতার উদ্ভব, ঘর-বাড়ির ধরন, পোশাক-পরিচ্ছদ, যানবাহন, পারিবারিক জীবন প্রভৃতি ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশ প্রভাব রাখে।
উদ্দীপকে দেখা যাচ্ছে প্রদীপের বাড়ি পাহাড়ি এলাকায় হওয়ায় সে আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। একই সঙ্গে সমতল ভূমি না থাকায় তাদের জুমচাষ করে জীবনধারণ করতে হয়। পাহাড়ি এলাকায় বন্য জীবজন্তুর আক্রমণ থেকে বাঁচতে মাচাং ঘরে থাকতে হয়। তাই দেখা যাচ্ছে প্রদীপের জীবনে ভৌগোলিক উপাদানের প্রভাবই দৃশ্যমান।
উত্তর-ঘ.
বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। নদ-নদী, পাহাড়-পর্বত, ষড়্ঋতু, নাতিশীতোষ্ণ জলবায়ু প্রভৃতি নিয়ে এখানকার ভৌগোলিক পরিবেশ গঠিত। ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশ এখানকার সমাজজীবনকে নানাভাবে প্রভাবিত করে। ঘর-বাড়ির ধরন, পোশাক-পরিচ্ছদ, যানবাহন, অপরাধের ধরন ও প্রকৃতি, খাবারদাবার প্রভৃতির ক্ষেত্রে এর প্রভাব রয়েছে। বাংলাদেশের সমাজের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।
আমরা জানি বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ ও ষড়্ঋতুর দেশ। নাতিশীতোষ্ণ জলবায়ু হওয়ায় এখানকার ছেলেমেয়েরা তাড়াতাড়ি যৌবনপ্রাপ্ত হয়। তাই এখানে জনসংখ্যার আধিক্য দেখা যায়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানকার খাবারদাবার, পোশাক-পরিচ্ছদ, রোগ-ব্যাধির বৈচিত্র্য দেখা যায়। এখানকার মানুষ শীত এলে গরম জামা আবার গরমের সময় হালকা জামা পরিধান করে। গরমের দিনে মানুষের মেজাজও একটু উগ্র হয়, তাই তখন ঝগড়া-বিবাদও বেশি হয়। আবার বর্ষাকাল এলে নদীপথে যাতায়াত বৃদ্ধি পায়। সমতল এলাকার মানুষ সড়কপথে যাতায়াত করলেও উপকূলীয় এলাকার মানুষ নৌপথে লঞ্চ-স্টিমারে বেশি যাতায়াত করে।
উপকূলীয় অঞ্চলের মানুষের একটি বড় অংশের জীবন ও জীবিকার সঙ্গে জড়িয়ে আছে নদী। আবার পাহাড়ি অঞ্চলের মানুষের সমাজজীবন সমতল এলাকার মানুষ থেকে ভিন্ন। তার পাহাড়ের ঢালু ভূমিতে জুম চাষ করে। জুমকেন্দ্রিক সংস্কৃতিও গড়ে ওঠে। অন্যদিকে নদী-তীরবর্তী এলাকার মানুষকে ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে থাকতে হয় বলে তারা সাহসী ও বাস্তববাদী হয়। ভৌগোলিক পরিবেশের সঙ্গে এখানকার অপরাধপ্রবণতার ধরন এবং প্রকৃতিও সম্পৃক্ত। দেখা যায় শীতকালে রাতে মানুষের গভীর ঘুম হয়, তাই গ্রামীণ এলাকায় সিঁধ কেটে চুরি-ডাকাতি বেশি হয়। আবার চরাঞ্চলের মানুষের মধ্যে ভূমি নিয়ে বিবাদ বেশি হয়। তাই বলা যায় বাংলাদেশের সমাজজীবন ভৌগোলিক পরিবেশ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম