সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৪ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো

ইফাত ছোটবেলা থেকে দুষ্টু প্রকৃতির। কিন্তু ইদানীং সে আগের মতো দুষ্টুমি করতে পারছে না। স্কুলে থাকলে তাকে অন্য ছাত্রদের মতো আচরণ করতে হচ্ছে। রাস্তায় অন্যদের মতো চলতে হচ্ছে। মন চাইলেও নিজের মতো করে আচরণ করতে পারছে না। সর্বক্ষেত্রে সে সমাজ কাঙ্ক্ষিত আচরণ করতে বাধ্য হচ্ছে।
প্রশ্ন:
ক. অনুভূমিক গতিশীলতা কী?
খ. লোকাচার বলতে তুমি কী বোঝো?
গ. উদ্দীপকটি পড়ে সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয় সম্পর্কে তোমার মনোযোগ আকৃষ্ট হয়?
ঘ. ‘উক্ত বিষয়ের ক্ষেত্রে পরিবার ও ধর্মের ভূমিকা তাৎপর্যপূর্ণ’ কথাটি বিশ্লেষণ করো।
উত্তর: ক.
যে গতিশীলতায় ব্যক্তির পেশা বা পদের পরিবর্তন হয়, কিন্তু মর্যাদার পরিবর্তন হয় না, তা-ই অনুভূমিক গতিশীলতা। যেমন কৃষিকাজ ছেড়ে শ্রমিকের চাকরি নেওয়া।
উত্তর: খ.
সমাজের মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপনে বিভিন্ন নিয়মনীতি, প্রথা ও অভ্যাস মেনে চলে। এ ধরনের অভ্যাস ও প্রথাগত আচার-আচরণকে লোকাচার বলে। মূলত মানুষের দৈনন্দিন আচার-আচরণের স্বীকৃত ধরনগুলোই লোকাচারের অন্তভু‌র্ক্ত। কারও সঙ্গে দেখা হলে সালাম দেওয়া, বিয়ের পর মেয়েদের অলংকার পরা, কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় নতুন জামা পরা ইত্যাদি লোকাচারের উদাহরণ।
উত্তর: গ.
উদ্দীপকটি পড়ে সামাজিক নিয়ন্ত্রণ প্রত্যয়টি সম্পর্কে মনোযোগ আকৃষ্ট হয়। মানুষ সামাজিক জীব। তাই সে সব সময় নিজের ইচ্ছেমতো আচরণ করতে পারে না। সমাজ তার আচরণকে নিয়ন্ত্রণ করে। সামাজিক নিয়ন্ত্রণ বলতে সমাজ কর্তৃক গৃহীত এমন সব পন্থা, ব্যবস্থা বা প্রক্রিয়াকে বোঝায়, যার সাহাযে্য ব্যক্তির কাজকর্ম, তার চালচলন ও আচার-আচরণ সমাজ কাঙ্ক্ষিত ধারায় পরিচালিত করা যায়।
বার্টসন বলেন, সমাজের সদস্যরা সমাজ স্বীকৃত পন্থায় কাঙ্ক্ষিত আচরণ করবে, এমন নিশ্চয়তা প্রদানকারী ব্যবস্থা ও প্রক্রিয়াই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণের দ্বারা ব্যক্তিকে যেমন সমাজ কাঙ্ক্ষিত আচরণে বাধ্য করা হয়, তেমনি বিভিন্ন প্রতিষ্ঠানের ওপরও চাপ প্রয়োগ করে। এখানে ইফাত সর্বক্ষেত্রে সমাজ কাঙ্ক্ষিত আচরণ করতে বাধ্য হচ্ছে। যে ব্যবস্থা ব্যক্তিকে সমাজ কাঙ্ক্ষিত ধারায় আচরণ করতে বাধ্য করে, তাকেই সামাজিক নিয়ন্ত্রণ বলা হয়। যেমনটি ইফাতের ক্ষেত্রে হয়েছে।
উত্তর: ঘ.
সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিবার ও ধর্মের ভূমিকা তাৎপর্যপূর্ণ। সব সমাজেই সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে পরিবার ও ধর্মের ভূমিকা অপরিসীম। পরিবার সমাজের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান। পরিবারই শিশুর সামাজিকীকরণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। শিশুকে সৎ আচরণ ও নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়। পরিবারে শিশু যেভাবে শিক্ষা গ্রহণ করে, অন্য প্রতিষ্ঠান থেকে সেভাবে শিক্ষা নেয় না। কেননা, পরিবারই শিশুর নিরাপদ ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। পরিবারের সদস্যরা আদর-সোহাগ দিয়ে শিশুকে সমাজ কাঙ্ক্ষিত আচরণ করতে শেখায়। প্রয়োজনে শাসন করেও শিশুর আচরণ নিয়ন্ত্রণ করে। পরিবারের গণ্ডির মধ্যেই মানুষ সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত হয়। আদিকাল থেকেই ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ বাহন। আধুনিক সমাজে এর প্রভাব কিছুটা কমলেও এ প্রভাবকে খাটো করে দেখার অবকাশ নেই। কেননা, মানুষের আচার-আচরণের সঙ্গে ধর্ম বিশ্বাসের গভীর সম্পর্ক রয়েছে।
মানুষের নৈতিকতাবোধ মূলত স্বীয় ধর্ম বিশ্বাস দ্বারা চালিত। ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা প্রভৃতি ধারণা ধর্ম বিশ্বাস থেকে গড়ে ওঠে। পরকালে শাস্তির ভয় মানুষকে অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে বিরত রাখে। সামগ্রিকভাবে দেখা যায়, ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম