সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৮

প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজবিজ্ঞান ১ম পত্র বিষয়ের অধ্যায়-৮ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

তাসকিয়া ও তাহসান ভাইবোন। দুজনই পড়াশোনা করে। তাসকিয়া পরিবারের বড় মেয়ে হলেও মা-বাবা সব সময় তাহসানের মতামতের গুরুত্ব দেয়। তাহসান গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। কিন্তু এর আগের বছর তাসকিয়া চাইলেও পরিবারের বাধার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে পারেনি। তাই তাকে নিজ শহরে একটি কলেজে পড়াশোনা করতে হচ্ছে।
প্রশ্ন:
ক. সামাজিক শ্রেণি কী?
খ. ‘সামাজিক স্তরবিন্যাস মূলত সামাজিক’—ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন বৈষম্যকে নির্দেশ করা হয়েছে?
ঘ. উক্ত বৈষম্যের ভিত্তিতে সৃষ্ট সামাজিক প্রভাব আলোচনা করো।
উত্তর-ক.
একই আয় এবং একই ধরণের সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠী। অর্থাত্, উত্পাদনকাজে যারা একই ধরনের ভূমিকা পালন করে ও যাদের আয় ও জীবনযাপন প্রণালির মধ্যে একটা সামঞ্জস্য আছে তারাই একেকটা শ্রেণি।
উত্তর-খ.
সামজিক স্তরবিন্যাসের সামজিক ও প্রাকৃতিক দুই ধরনের উপাদান থাকলেও স্তরবিন্যাস মূলত সামাজিক কারণেই সৃষ্ট। শুধু প্রাকৃতিক কারণে স্তরবিন্যাস হয় না। প্রাকৃতিক কোনো উপাদান ততক্ষণ পর্যন্ত স্তরবিন্যাসের উপাদান হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সমাজের বিদ্যমান ধ্যানধারণা ও মূল্যবোধ এর সঙ্গে না মেশে। যেমন: কালোর চেয়ে সুন্দরকে সমাজ বেশি গুরুত্ব দেয় বলেই তারা আলাদা মর্যাদা ভোগ করে।
উত্তর-গ.
উদ্দীপকে জেন্ডার বৈষম্যকে নির্দেশ করা হয়েছে। জেন্ডার-বৈষম্য বলতে নারী-পুরুষের মধ্যে সামাজিক বিভাজনকে বোঝানো হয়। সমাজ কর্তৃক আরোপিত ও নির্ধারিত নারী-পুরুষের বিভাজন। নারী-পুরুষের মধ্যে শারীরিক তথা প্রাকৃতিক পার্থক্য বাদে যে পার্থক্য ও বিভাজন সমাজে বিদ্যমান, তা-ই জেন্ডার-বৈষম্য। এ বৈষম্যের কারণে সমাজে নারী-পুরুষের সামাজিক অবস্থান ও ভূমিকা ভিন্ন হয়ে থাকে। প্রতিটি সমাজেই কমবেশি এ বৈষম্য লক্ষণীয়।
উদ্দীপকে দেখা যাচ্ছে, পরিবারে তাসকিয়ার চেয়ে তাহসানের মতামত গুরুত্ব পায়। তাসকিয়ার চেয়ে সে বেশি সুযোগ-সুবিধা পায়। পরিবারই ছেলেমেয়ের মধ্যে এ বৈষম্য সৃষ্টি করেছে ,যা জেন্ডার-বৈষম্যের নামান্তর।
উত্তর-ঘ.
জেন্ডার-বৈষম্যের কারণে সৃষ্ট সামাজিক প্রভাব বহুমুখী। এর ফলে একদিকে যেমন নারীরা সমাজে অবমূল্যায়নের শিকার হচ্ছে, অন্যদিকে অনগ্রসর শ্রেণি হিসেবে থেকে যাচ্ছে। জেন্ডার-বৈষম্যের ফলে নারী সৃজনশীলতা ও প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে না। ফলে শিক্ষা-দীক্ষা, চাকরি প্রভৃতি ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। অনেকে গৃহের অভ্যন্তরে আবদ্ধ থেকে সৃজনশীলতায় আসছে স্থবিরতা।
এ বৈষম্যের কারণে নানাবিধ সামাজিক সমস্যা ও অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। এ বৈষম্যের কারণে সমাজে নারীরা অবমূল্যায়ন ও অবদমনের শিকার হচ্ছে। হত্যা, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপসহ নানা ধরনের সহিংসতার প্রত্যক্ষ শিকার হচ্ছে। যৌতুকপ্রথাসহ বিভিন্ন হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। একইভাবে এর জন্য নারী-পুরুষের সামাজিক বন্ধনও দুর্বল হয়ে পড়ছে, যা সামাজিক স্থিতিশীলতার ক্ষেত্রে হুমকিস্বরূপ।
জেন্ডার-বৈষম্যের ফলে সৃষ্ট প্রভাবে নারী তার শ্রমের সঠিক মূল্য পায় না। একই কাজ নারী-পুরুষ সমান করলেও অনেক ক্ষেত্রে নারী পুরুষের মতো আর্থিক মূল্য পায় না। অন্যদিকে, যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও নারী হওয়ার কারণে তাকে অনেক চাকরিতে নির্বাচন করা হয় না। পূরণ হয় না তার অনেক মানবিক চাহিদা। আবার নারীর যোগ্যতা ও দক্ষতা মূল্যায়নের পরিবর্তে আধুনিক বিশ্বে নারীকে পণ্য হিসেবে ব্যবহারের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি বলা যায়, জেন্ডার-বৈষম্যের ভিত্তিতে সৃষ্ট বিভিন্ন সামাজিক প্রভাবে নারীরা নানাবিধ সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছে।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম