সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজবিজ্ঞান ১ম পত্র বিষয়ের অধ্যায়-১১ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

পলি গতকাল একটি ইংরেজি ছায়াছবি দেখল। কলেজে এসে সে বান্ধবী নাজমাকে এর বিষয়বস্ত্ত সম্পর্কে যেমনটি বলল: ছবিটিতে নায়ক দরিদ্র শ্রেণির মানুষ। তার হাতে কোনো সম্পদ নেই। তাদের শোষণ করে অন্য শ্রেণি অঢেল সম্পদের মালিক হয়েছে। তাই তারা সম্পদশালী শ্রেণির বিরুদ্ধে সংগ্রাম করছে। একপর্যায়ে তারা ঐক্যবদ্ধ হয়ে সম্পদশালী শ্রেণিকে পরাজিত করে সমাজে নতুন ব্যবস্থার উদ্ভব ঘটায়। এটা শুনে নাজমা বলল, আসলে এভাবেই প্রতিটি সমাজ পরিবর্তিত হয়।
প্রশ্ন:
ক. উন্নয়ন কী?
খ. বিবর্তন ও প্রগতি ভিন্ন প্রত্যয়—বুঝিয়ে লেখো।
গ. ছায়াছবিটির বিষয়বস্ত্তর সঙ্গে সামাজিক পরিবর্তন সম্পর্কে কোন সমাজবিজ্ঞানীর মতবাদের মিল রয়েছে?
ঘ. সামাজিক পরিবর্তনের কারণ বহুবিধ— কথাটি বিশ্লেষণ করো।
উত্তর-ক.
উন্নয়ন বলতে সাধারণত কোন জিনিসের বৃদ্ধিকে বোঝায়। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বিষয়সমূহের গুণগত বা পরিমাণগত ইতিবাচক পরিবর্তনই উন্নয়ন। জাতীয় আয় বৃদ্ধি, শিল্পায়ন, নগরায়ণ ইত্যাদি উন্নয়নের সূচক।
উত্তর-খ.
বিবর্তন ও প্রগতির মধ্যে কিছু সাদৃশ্য থাকা সত্ত্বেও এরা ভিন্ন প্রত্যয়। বিবর্তন হলো ধারাবাহিক পরিবর্তন বা ক্রমপরিবর্তন। অন্যদিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে সামনের দিকে চলার নাম প্রগতি। বিবর্তন স্বয়ংক্রিয়, অচেতন হলেও প্রগতি মানুষের চেষ্টার ফলে হয়। বিবর্তন সাধারণত জীবজগতের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্যদিকে প্রগতি সামাজিক ক্ষেত্রে প্রযোজ্য।
উত্তর-গ.
ছায়াছবিটির বিষয়বস্ত্তর সঙ্গে সামাজিক পরিবর্তন সম্পর্কে কার্ল মার্ক্সের মতবাদের মিল রয়েছে।
মার্ক্স বস্ত্তবাদী দৃষ্টিকোণ থেকে সামাজিক পরিবর্তনের কারণ নির্ণয় করেন। তাঁর মতে প্রতিটি সমাজেই একটি উৎপাদনব্যবস্থা থাকে। ওই উৎপাদনব্যবস্থায় মূলত দুটি শ্রেণি থাকে। একটি উৎপাদনের উপকরণের মালিক। অপরটি নিঃস্ব শ্রেণি, যাদের হাতে মালিকানা নেই। ঐতিহাসিক প্রক্রিয়ায় এই দুই শ্রেণির মধ্যে দ্বন্দ্ব আবশ্যম্ভাবী। এই দ্বন্দ্বটির মাধ্যমেই সমাজ পরিবর্তিত হয়। তিনি এ প্রক্রিয়ায় সমাজ বিকাশের পাঁচটি স্তর, যেমন: আদিম সাম্যবাদ, দাসপ্রথা, সামন্তবাদ, পুঁজিবাদ ও সমাজতন্ত্রের কথা বলেছেন।
উদ্দীপকের ছায়াছবিটিতে দুটি শ্রেণির অস্তিত্ব লক্ষ করা যাচ্ছে। এক পক্ষের হাতে মালিকানা আছে, অন্য পক্ষের হাতে নেই। দুই শ্রেণির দ্বন্দ্বে সমাজ পরিবর্তনের কথা বলা হয়েছে, যা মার্ক্সের দ্বান্দ্বিক বস্ত্তবাদী ব্যাখ্যার মূল বিষয়।
উত্তর-ঘ.
সমাজ পরিবর্তনের বহুবিধ কারণ বিদ্যমান। অর্থনৈতিক কারণ যেমন আছে, তেমনি রয়েছে রাজনৈতিক কিংবা প্রাকৃতিক পরিবেশের প্রভাব। উৎপাদন, বণ্টন, কিংবা জোগানের পরিবর্তনের সঙ্গে মানুষের জীবনযাত্রা, পারস্পরিক সম্পর্ক, মূল্যবোধ প্রভৃতিও পরিবর্তিত হয়। আবার রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সামাজিক পরিবর্তন সূচিত হয়। নতুন রাষ্ট্রের উদ্ভব, ক্ষমতার পালাবদল কিংবা রাজনৈতিক উত্থান-পতনের সঙ্গে সমাজেও ইতিবাচক বা নেতিবাচক পরিবর্তন আসে। প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ুর পরিবর্তন, ভূমির উর্বরতা শক্তির হ্রাস-বৃদ্ধির সঙ্গেও সামাজিক পরিবর্তন সম্পৃক্ত।
জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি, বয়সকাঠামো, আকার ও আয়তনের ওপর সামাজিক পরিবর্তন অনেকাংশে নির্ভরশীল। এসবের পরিবর্তন সামাজিক পরিবর্তনকে গতিশীল করে। অন্যদিকে, ধর্মীয় প্রভাবও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। ম্যাক্স ওয়েবার সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে ধর্মীয় মূল্যবোধকে চিহ্নিত করেন। আবার সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে মানুষের চিন্তাচেতনা, আশা-আকাঙ্ক্ষা, দৃষ্টিভঙ্গি ইত্যাদি নানা মনস্তাত্ত্বিক উপাদানও দায়ী।
আধুনিক সমাজে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে নানা প্রযুক্তিগত উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন প্রযুক্তির উদ্ভাবন, ব্যবহার ও বিকাশ সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করছে। বিশ্বায়ন ও অবাধ তথ্যপ্রবাহের এ যুগে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করছে। সার্বিকভাবে বললে, সামাজিক পরিবর্তনে একক কোনো উপাদান নয়, বরং বহুবিধ উপাদান ভূমিকা রাখছে।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম