বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্র বিষয়ের অধ্যায়-৮ থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
দৃশ্যপট-১: সায়মা পড়াশোনা শেষে একটি নামকরা কলেজে অধ্যাপনা করছেন। কৃষক বাবার ঘরে জন্ম নিলেও তিনি এখন সমাজে অন্যদের তুলনায় আলাদা মর্যাদা পেয়ে থাকেন।
দৃশ্যপট-২: সুমি ভালো ছাত্রী হওয়া সত্ত্বেও পাড়া-প্রতিবেশী এবং পারিবারিক বাধার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তাই বাধ্য হয়ে পড়াশোনার পরিবর্তে বাবার সঙ্গে কুমোরের পেশায় যোগ দেন।
ক. সামাজিক অসমতা কী?
খ. ‘সামাজিক স্তরবিন্যাস মূলত সামাজিক’—বুঝিয়ে লেখো।
গ. দৃশ্যপট-১-এ বর্ণিত বিষয়টি সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনকে নির্দেশ করে?
ঘ. দৃশ্যপট-২-এ বর্ণিত বিষয়টি দৃশ্যপট-১-এ বর্ণিত বিষয় থেকে ভিন্ন—প্রমাণ করো।
উত্তর-ক.
সামাজিক অসমতা হলো মানুষের মধ্যে সামাজিক বিভাজন। বিভিন্ন আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে সমাজে বিদ্যমান উঁচু-নিচু ভেদাভেদ।
উত্তর-খ.
সামাজিক স্তরবিন্যাসে সামাজিক ও প্রাকৃতিক দুই ধরনের উপাদান থাকলেও স্তরবিন্যাস মূলত সামাজিক কারণেই সৃষ্ট। শুধু প্রাকৃতিক কারণে স্তরবিন্যাস হয় না। প্রাকৃতিক কোনো উপাদান ততক্ষণ পর্যন্ত স্তরবিন্যাসের উপাদান হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সমাজের বিদ্যমান ধ্যানধারণা ও মূল্যবোধের সঙ্গে না মেশে। যেমন, কালোর চেয়ে সুন্দরকে, নারীর চেয়ে পুরুষকে সমাজ বেশি গুরুত্ব দেয় বলেই তারা আলাদা মর্যাদা ভোগ করে। সুতরাং দেখা যাচ্ছে, স্তরবিন্যাস মূলত সামাজিক।
উত্তর-গ.
দৃশ্যপট-১-এ বর্ণিত বিষয়টি দ্বারা সামাজিক শ্রেণিকে নির্দেশ করা হয়েছে।
সামাজিক শ্রেণি বলতে এমন একটি দল বা গোষ্ঠীকে বোঝায়, যারা মোটামুটি একই ধরনের জীবন যাপন করে, একই ধরনের সুযোগ-সুবিধা ভোগ করে। অর্থাত্ উত্পাদনকাজে যারা একই ধরনের ভূমিকা পালন করে এবং যাদের আয় ও জীবনযাপন প্রণালির মধ্যে একটা সামঞ্জস্য আছে, তারাই একেকটা শ্রেণি। উত্পাদনকার্যে যারা একই ভূমিকা রাখে, কার্ল মার্ক্স তাদের একেকটা শ্রেণি হিসেবে আখ্যায়িত করেন।
উদ্দীপকে দেখা যাচ্ছে, অধ্যাপক সায়মার বাবা কৃষিজীবী হলেও তিনি নিজের যোগ্যতায় উঁচু পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। মধ্যবিত্ত শ্রেণি হিসেবে মর্যাদা পাচ্ছেন। শ্রেণির মধ্যে গতিশীলতা থাকার কারণে নিজ যোগ্যতার বলে তিনি উঁচু স্তরে উঠতে পেরেছেন।
উত্তর-ঘ.
দৃশ্যপট-২-এ বর্ণিত বিষয়টি হলো বর্ণপ্রথা। বর্ণপ্রথা সামাজিক শ্রেণি থেকে ভিন্ন। নিচে এ ভিন্নতা তুলে ধরা হলো—
১. বর্ণপ্রথা হচ্ছে একটি বদ্ধ ব্যবস্থা, অর্থাত্ ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই বর্ণের মধ্যে থাকতে হয়। অন্যদিকে, শ্রেণি হচ্ছে উন্মুক্ত ব্যবস্থা। মানুষ তার চেষ্টা ও পরিশ্রম দিয়ে এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে যেতে পারে।
২. জাতি-বর্ণে ব্যক্তির মর্যাদা আরোপিত। জন্মসূত্রে তা নির্ধারিত হয়ে থাকে। পক্ষান্তরে শ্রেণির ক্ষেত্রে ব্যক্তির মর্যাদা অর্জিত। যোগ্যতার ভিত্তিতে এটি নির্ধারিত হয়।
৩. জাতি-বর্ণপ্রথা হলো অন্তর্গোত্র বিয়েভিত্তিক গোষ্ঠী। নিজ গোত্রের বাইরে বিয়ে অনুমোদিত নয়। কিন্তু শ্রেণি অন্তর্গোত্র বিয়েভিত্তিক গোষ্ঠী নয়। বিয়ের ক্ষেত্রে এ ধরনের কোনো বিধিনিষেধ নেই।
৪. জাতি-বর্ণভিত্তিক সমাজে কোনো গতিশীলতা নেই। বংশপরম্পরায় একই ধারা অব্যাহত থাকে। অন্যদিকে শ্রেণি গতিশীল বিষয়। এখানে সাধারণত নানা ক্ষেত্রে গতিশীলতা লক্ষ করা যায়।
৫. মূলত ঐতিহ্যবাহী ভারতীয় হিন্দুসমাজে জাতি-বর্ণপ্রথা বিদ্যমান। অন্যান্য ধর্মে এ প্রথা সাধারণত দেখা যায় না। কিন্তু শ্রেণি আধুনিক সব সমাজেই কমবেশি লক্ষণীয়। তাই বর্ণপ্রথা প্রথাগত হলেও শ্রেণির ধারণা আধুনিক। বিশেষ করে পুঁজিবাদী সমাজে শ্রেণির ধারণা প্রকট।
উপরিউক্ত আলোচনা দ্বারা প্রতীয়মান হয়, বর্ণপ্রথা সামাজিক শ্রেণি থেকে ভিন্ন।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম