সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্র বিষয় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
দৃশ্যপট-১: মুকুল তার বাবার মতো বুদ্ধিমান। শারীরিক গড়নও একই রকম। তাই অনেকে বলে সে তার বাবার মতো হয়েছে।
দৃশ্যপট-২: মিতুল চাকমার বাড়ি পাহাড়ি এলাকায় হওয়ায় তারা জুমচাষ করে জীবন ধারণ করে। বন্য জীবজন্তুর ভয়ে তারা উঁচু মাচাং ঘরে বসবাস করে।
ক. কোন জলবায়ু অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি?
খ. পরিবার গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ. দৃশ্যপট-১ দ্বারা সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানকে চিহ্নিত করা যায়?
ঘ. দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২-এ নির্দেশিত উপাদানের মধ্যে সমাজজীবনে কোনটির প্রভাব বহুবিধ—আলোচনা করো।
উত্তর-ক
নাতিশীতোষ্ণ অঞ্চলে।
উত্তর-খ
পরিবার হলো সমাজের ক্ষুদ্রতম মৌলিক সংগঠন। একই সঙ্গে পৃথিবীর আদি প্রতিষ্ঠানও বটে। মানুষ তার কিছু মৌলিক প্রয়োজনে পরিবার গঠন করে। যেমন: জৈবিক চাহিদা পূরণ, সন্তান লাভ, সম্পত্তি রক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা, মনস্তাত্ত্বিক চাহিদাসহ নানা চাহিদা পূরণকল্পে মানুষ পরিবার গঠন করে। পরিবার ছাড়া সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে এসব চাহিদা পূরণ সম্ভব নয়। তাই মানুষ পরিবার গঠনে এগিয়ে আসে।
উত্তর-গ
দৃশ্যপট-১ দ্বারা বংশগতির প্রভাবকে চিহ্নিত করা যায়। সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে এটি গুরুত্বপূর্ণ।
মানুষ জীবজগতের সদস্য। জীবজগতের সদস্য হিসেবে ব্যক্তির মধ্যে তার পূর্বপুরুষের জৈবিক ধারা সদা বর্তমান ও ক্রিয়াশীল। দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে পরবর্তী বংশে বর্তিয়ে থাকার প্রক্রিয়াই বংশগতি। শারীরিক গড়ন, গায়ের রং, চুলের ধরন, রক্তের গ্রুপ, জ্ঞান ও পারদর্শিতা, রোগব্যাধি, চলাফেরার ধরন প্রভৃতি উত্তরাধিকার সূত্রে পিতা-মাতা থেকে সন্তানদের মধ্যে বর্তিয়ে থাকে। ব্যক্তি জন্মগতভাবে পিতা-মাতাসহ পূর্ববর্তীদের এসব গুণ অর্জন করে, যা তার সমাজজীবনকে প্রভাবিত করে।
উদ্দীপকে দেখা যাচ্ছে, মুকুল শারীরিক কিছু বৈশিষ্ট্যে তার বাবার মতো হয়েছে, যা বংশগতিকে নির্দেশ করে।
উত্তর-ঘ
দৃশ্যপট-১ দ্বারা বংশগতি আর দৃশ্যপট-২ দ্বারা ভৌগোলিক উপাদানকে চিহ্নিত করা যায়। সমাজজীবনে বংশগতির চেয়ে ভৌগোলিক উপাদানের প্রভাব বহুবিধ।
ভৌগোলিক পরিবেশ বলতে চারপাশের ভৌত ও প্রাকৃতিক পরিবেশ; যেমন: জলবায়ু ও তাপমাত্রা, মৃত্তিকা ও জলের অবস্থান, বনাঞ্চল, পশুপাখি, ঋতু, মাধ্যাকর্ষণ শক্তি, ঝড়বৃষ্টি ইত্যাদিকে বোঝায়। ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশ সমাজজীবনকে নানাভাবে প্রভাবিত করে। ঘরবাড়ির ধরন, পোশাক-পরিচ্ছদ, যানবাহন, অপরাধের ধরন ও প্রকৃতি, খাবারদাবার প্রভৃতির ক্ষেত্রে এর প্রভাব রয়েছে। মানুষ শীত এলে গরম জামা আবার গরমের সময় হালকা জামা পরিধান করে। গরমের দিনে মানুষের মেজাজও একটু উগ্র হয়, তাই তখন ঝগড়াবিবাদও বেশি হয়। আবার বর্ষাকাল এলে নদীপথে যাতায়াত বৃদ্ধি পায়। সমতল এলাকার মানুষ সড়কপথে যাতায়াত করলেও উপকূলীয় এলাকার মানুষ নৌপথে লঞ্চ-স্টিমারে বেশি যাতায়াত করে।
উপকূলীয় অঞ্চলের মানুষের একটি বড় অংশের জীবন ও জীবিকার সঙ্গে জড়িয়ে আছে নদী। আবার পাহাড়ি অঞ্চলের মানুষের সমাজজীবন সমতল এলাকার মানুষ থেকে ভিন্ন। তারা পাহাড়ের ঢালু ভূমিতে জুমচাষ করে। তারা বাঁশ দিয়ে ভূমি থেকে উঁচুতে মাচাং ঘর তৈরি করে থাকে। কেননা, পাহাড়ে বাঁশের আধিক্য আছে এবং বন্য জীবজন্তুর আক্রমণের ভয়ও রয়েছে। অন্যদিকে নদীতীরবর্তী এলাকার মানুষকে ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে থাকতে হয় বলে তারা সাহসী ও বাস্তববাদী হয়।
ভৌগোলিক পরিবেশের সঙ্গে সেখানকার অপরাধ প্রবণতার ধরন এবং প্রকৃতিও সম্পৃক্ত। দেখা যায়, শীতকালে রাতে মানুষের গভীর ঘুম হয়, তাই শীতকালে গ্রামীণ এলাকায় সিঁধ কেটে চুরি-ডাকাতি বেশি হয়। আবার চরাঞ্চলের মানুষের মধ্যে ভূমি নিয়ে বিবাদ বেশি হয়। সমতল এলাকার তুলনায় পাহাড়ি এলাকায় চোরাচালান, পাচারসহ সংঘবদ্ধ অপরাধ বেশি হয়। তাই বলা যায়, সমাজজীবন বংশগতির চেয়ে ভৌগোলিক পরিবেশ দ্বারা বেশি প্রভাবিত হয়।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম