সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৩ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অভি গতকাল একটি চলচ্চিত্র দেখল। সেখানে সে দেখতে পেল, ভূমিদাসদের সঙ্গে খামারমালিকদের দ্বন্দ্বের ফলে গ্রামের কৃষি খামারগুলো বন্ধ হয়ে যায়। ফলে গ্রামের অধিকাংশ মানুষ কাজের সন্ধানে শহরে এসে কলকারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করে। অন্যদিকে ব্যাপক হারে মুক্ত শ্রমিক পাওয়ায় ধনী লোকেরা কলকারখানা গড়ে তুলতে শুরু করল। এতে নতুন উত্পাদনব্যবস্থার সূচনা হলো।

ক. ডুর্খেইমের মতে, আধুনিক সমাজে কোন ধরনের সংহতি বিদ্যমান?
খ. দৃষ্টবাদকে কেন অভিজ্ঞতাবাদ বলা যায়?
গ. অভির দেখা নতুন উত্পাদনব্যবস্থা কার্ল মার্ক্স বর্ণিত কোন উত্পাদনব্যবস্থার সঙ্গে মিল রয়েছে?
ঘ. ‘সমাজ পরিবর্তনের এই ধারাবাহিকতার মূলে রয়েছে শ্রেণিদ্বন্দ্ব’ মার্ক্সের ধারণার আলোকে ব্যাখ্যা করো।

উত্তর-ক
জৈবিক সংহতি।
উত্তর-খ
সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁত্ প্রত্যয়টি ব্যবহার করেন। তিনি বিবর্তনের ধারায় সমাজের বিকাশকে তিন ভাগে ভাগ করেন। সর্বশেষ স্তরকে দৃষ্টবাদী স্তর হিসেবে চিহ্নিত করেন। দৃষ্টবাদের (Positivism) মূলকথা হলো, বিজ্ঞান শুধু বাস্তব জগতের দৃষ্ট বিষয়ের বর্ণনা ও বিশ্লেষণ করবে; এর বাইরে কোনো কিছু অনুসন্ধান করবে না। এই স্তরে জ্ঞান-বিজ্ঞানের বিকাশ ঘটবে এবং সমাজ পরিচালিত হবে যুক্তি ও বাস্তবতার নিরিখে।
মানুষ দৃষ্টের ভিত্তিতে ও অভিজ্ঞতার আলোকে সবকিছু অনুসন্ধান করবে। তাই দৃষ্টবাদকে অভিজ্ঞতাবাদ হিসেবে আখ্যায়িত করা যায়।
উত্তর-গ
অভির দেখা উত্পাদনব্যবস্থা পুঁজিবাদী উত্পাদনব্যবস্থার সঙ্গে মিল রয়েছে।
অষ্টাদশ শতকে ইউরোপে সামন্তবাদী সমাজের অবসানের পর পুঁজিবাদের উদ্ভব। পুঁজিবাদ বলতে এমন উত্পাদনব্যবস্থাকে বোঝায়, যেখানে সম্পদ গ্রহণ, হস্তান্তর ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তি অবাধ স্বাধীনতা ভোগ করে। রাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ করে না। এই ব্যবস্থায় উত্পাদন হয় মূলত বাজারে বিক্রির জন্য। সর্বোচ্চ মুনাফা অর্জন করাই পুঁজিপতির লক্ষ্য থাকে।
উদ্দীপকে দেখা যাচ্ছে, ভূমিদাসদের সঙ্গে খামারমালিকদের দ্বন্দ্বের ফলে যে ব্যবস্থা ভেঙে যায়, তা হলো সামন্তবাদ। শহরে কলকারখানা ও পুঁজির বিকাশের ফলে পুঁজিবাদের উদ্ভব হয়। তাই উদ্দীপকে কার্ল মার্ক্স বর্ণিত পুঁজিবাদী উত্পাদন ব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে বলেই প্রতীয়মান।
উত্তর-ঘ
কার্ল মার্ক্সের বিভিন্ন তত্ত্বের মধ্যে শ্রেণিসংগ্রাম তত্ত্ব অন্যতম। মার্ক্স সমাজ বিকাশের মূল কারণ হিসেবে দ্বন্দ্ব্বকে চিহ্নিত করেন। তাঁর মতে, প্রতিটি সমাজেই একটি উত্পাদনব্যবস্থা থাকে। এই উত্পাদনব্যবস্থায় সম্পদের মালিকানাকে কেন্দ্র করে দুটি বিবদমান শ্রেণি থাকে। যাদের হাতে উত্পাদনের উপায়ের তথা সম্পদের মালিকানা আছে, তারা একটি শ্রেণি। আর যারা উত্পাদনের উপায়ের মালিকানা থেকে বঞ্চিত, তারা একটি শ্রেণি। এই দুই শ্রেণির মধ্যে দ্বন্দ্ব্বের ফলেই সমাজ পরিবর্তিত হয়। দ্বান্দ্বিক প্রক্রিয়ায় সমাজ পরিবর্তনের এই ধারাবাহিকতায় প্রথম স্তরে ছিল আদিম সাম্যবাদ। সেখানে সম্পদের কোনো ব্যক্তিমালিকানা ছিল না বলে কোনো শ্রেণিও ছিল না। এই ব্যবস্থার পরে আসে দাসপ্রথা। এখানে দাসমালিক ও দাস—এই দুটি শ্রেণি ছিল। এই দুই শ্রেণির দ্বন্দ্ব্বে এ ব্যবস্থা ভেঙে গিয়ে সামন্তবাদী উত্পাদনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এই ব্যবস্থায় সম্পদশালী শ্রেণি সামন্ত প্রভু ও সম্পদহীন শ্রেণি ভূমিদাসদের মধ্যে দ্বন্দ্ব্বের ফলে পুঁজিবাদী উত্পাদন ব্যবস্থার সূচনা হয়। পুঁজিবাদেও পুঁজিপতি ও সর্বহারা শ্রেণির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একই প্রক্রিয়ায় এ ব্যবস্থা ভেঙে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সমাজতান্ত্রিক উত্পাদনব্যবস্থায় কোনো ব্যক্তিমালিকানা থাকবে না। তাই কোনো শ্রেণিদ্বন্দ্ব্বও থাকবে না। সমাজতন্ত্র হলো সাম্যবাদী উত্পাদন ব্যবস্থার প্রথম ধাপ । মার্ক্সের মতে, সাম্যবাদই সমাজ বিকাশের সর্বশেষ স্তর।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম