সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
দৃশ্যপট-ক:
শিবার বাড়ি বান্দরবান জেলার পাহাড়ি এলাকায়। তারা পাহাড়ের ঢালু ভূমিতে জুম চাষ করে। বন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা পাহাড়ি বাঁশ দিয়ে তৈরি উঁচু মাচাং ঘরে বসবাস করে।
দৃশ্যপট-খ:
গ্রামে ট্রাক্টর আসায় মিজানের বাবা এখন গরু দিয়ে চাষের পরিবর্তে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করেন। এতে তাঁদের উত্পাদন খরচ যেমন কমেছে, তেমনি চাষাবাদের নানা ক্ষেত্রে সুবিধা হয়েছে।

ক. হান্টিংটনের মতে, কত ডিগ্রি তাপমাত্রায় মানুষের বুদ্ধিমত্তা বেশি কাজ করে?
খ. ব্যক্তির সমাজজীবন রূপায়ণে পরিবারের ভূমিকাই মুখ্য—কথাটি ব্যাখ্যা করো।
গ. দৃশ্যপট ‘ক’ দ্বারা সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানকে তুমি চিহ্নিত করবে?
ঘ. দৃশ্যপট ‘ক’ ও ‘খ’ এ নির্দেশিত উপাদানের মধ্যে আধুনিক সমাজজীবনে কোন উপাদানটির প্রভাব বৃদ্ধি পাচ্ছে? উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো।
উত্তর-ক
৪০ ডিগ্রি ফারেনহাইট।
উত্তর-খ
পরিবার হলো আদি ও সর্বজনীন সামাজিক প্রতিষ্ঠান। একজন মানুষ জন্মের পর থেকে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করে পরিবারের গণ্ডির মধ্যেই। সামাজিকীকরণের ক্ষেত্রেও পরিবার মূল ভূমিকা পালন করে। পরিবার থেকেই মূলত শিশু তার সমাজকে বুঝতে শেখে। তাই বলা যায় ব্যক্তির সমাজজীবন রূপায়ণে পরিবারের ভূমিকাই মুখ্য।
উত্তর-গ
দৃশ্যপট ‘ক’ দ্বারা সমাজজীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানকে চিহ্নিত করা যায়।
ভৌগোলিক পরিবেশ বলতে চারপাশের ভৌত ও প্রাকৃতিক পরিবেশ যেমন: জলবায়ু ও তাপমাত্রা, মৃত্তিকা ও জলের অবস্থান, বনাঞ্চল, পশুপক্ষী, ঋতু, মাধ্যাকর্ষণ শক্তি, ঝড়বৃষ্টি, ভূমিকম্প ইত্যাদিকে বোঝায়। মূলত মানবসৃষ্ট কৃত্রিম পরিবেশ বাদে সবই ভৌগোলিক পরিবেশের উপাদান। সরোকিন ভৌগোলিক পরিবেশ বলতে সেসব মহাজাগতিক উপাদানকে বুঝিয়েছেন যা মানবসৃষ্ট নয় এবং যা নিজের নিয়মেই পরিবর্তিত হয়। ভৌগোলিক উপাদান মানুষের সমাজজীবনের ওপর ব্যাপক প্রভাব রাখে। ঘরবাড়ি, পোশাক-পরিচ্ছদ ইত্যাদির ওপর প্রত্যক্ষ প্রভাব রাখে, আবার বিজ্ঞান প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ের ওপর পরোক্ষ প্রভাব রাখে। বাসগৃহ, শস্য ইত্যাদির ওপর এর প্রভাব নিবিড় হলেও সামাজিক ও রাজনৈতিক সংগঠন, ধর্মীয় বিশ্বাস প্রভৃতির ওপর নিবিড় নয়। জনসংখ্যার বণ্টন, সভ্যতার উদ্ভব, ঘরবাড়ির ধরন, পোশাক-পরিচ্ছদ, যানবাহন, পারিবারিক জীবন প্রভৃতি ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশ প্রভাব রাখে।
উদ্দীপকে দেখা যাচ্ছে শিবার পরিবার পাহাড়ি ঢালু ভূমিতে জুম চাষ করে। একই সঙ্গে বন্য জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা উঁচু মাচাং ঘরে বসবাস করে। একই সঙ্গে পাহাড়ে বাঁশের আধিক্য থাকায় তাদের ঘরগুলোও বাঁশ দিয়ে তৈরি, যা ভৌগোলিক উপাদানকে নির্দেশ করছে।
উত্তর-ঘ
আধুনিক সমাজজীবনে সাংস্কৃতিক উপাদানের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। মানুষ ক্রমান্বয়ে নানা ধরনের জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও আবিষ্কারের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।
সাংস্কৃতিক উপাদান বলতে মানবসৃষ্ট নানা ধরনের বস্তুগত ও অবস্তুগত উপাদানকে বোঝায়। বস্তুগত উপাদানের মধ্যে মানুষের প্রয়োজনে উদ্ভাবিত তথ্যপ্রযুক্তি ও নানা আবিষ্কারকে বোঝানো হয়। আর জ্ঞান, দক্ষতা, ধ্যানধারণা, বিশ্বাস, মূল্যবোধ প্রভৃতি অবস্তুগত উপাদানের আওতাভুক্ত। আধুনিক সমাজজীবনে বস্তুগত উপাদানের প্রভাব যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি অবস্তুগত উপাদানের প্রভাবকেও অস্বীকার করার উপায় নেই। তবে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের এ যুগে সমাজজীবন অনেকটাই নানা বস্তুগত উপাদানের ওপর নির্ভরশীল। মানুষ যত না প্রকৃতির ওপর নির্ভরশীল তার চেয়ে বেশি সাংস্কৃতিক উপাদান তথা প্রযুক্তির ওপর নির্ভরশীল।
মানুষের দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি সামগ্রিক জীবন নানা আবিষ্কার দ্বারা প্রভাবিত হচ্ছে। বিভিন্ন কৃষিপ্রযুক্তি আবিষ্কারের ফলে খাদ্য উত্পাদন বৃদ্ধি পুেয়েছে। একইভাবে চিকিত্সা ক্ষেত্রে নানা আবিষ্কারের ফলে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পেয়েছে। কলকারখানায় নানা প্রযুক্তির ব্যবহারের ফলে উত্পাদন বেড়েছে বহুগুণে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে দূরের মানুষের সঙ্গে যোগাযোগ ও নির্ভরশীলতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মানুষ দিন দিন প্রযুক্তিনির্ভর হচ্ছে। ওপরের আলোচনা থেকে এটি স্পষ্ট যে আধুনিক সমাজজীবনে সাংস্কৃতিক উপাদানের প্রভাব বৃদ্ধি পাচ্ছে।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম