সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 অধ্যায়-৩
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্র বিষয় থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

মিজান এমন একটি জনগোষ্ঠীর কথা শুনল, যারা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধ। এই জনগোষ্ঠী পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে স্থায়ীভাবে বসবাস করছে। অন্যদিকে সোহাগ এমন একটি জনগোষ্ঠীর কথা শুনল, যারা একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে। এদের মধ্যে একই ধরনের মানসিকতা বিদ্যমান।

ক. সংস্কৃতি কী?
খ. ‘পুঁজিবাদী সমাজের মূল ভিত্তি হলো ব্যক্তিস্বাধীনতা’—কথাটি ব্যাখ্যা করো।
গ. সোহাগের শোনা জনগোষ্ঠীকে তোমার পাঠ্যবইয়ের কোন মৌল প্রত্যয় দ্বারা ব্যাখ্যা করা যায়?
ঘ. ‘সোহাগের শোনা জনগোষ্ঠী মিজানের শোনা জনগোষ্ঠী থেকে ভিন্ন’—প্রমাণ করো।
উত্তর-ক
সহজ অর্থে সংস্কৃতি বলতে মানুষের সৃষ্টিকর্মকে বোঝায়। সমাজে বসবাস করতে গিয়ে মানুষ যেসব বস্তুগত ও অবস্তুগত উপাদান সৃষ্টি করেছে, তা-ই সংস্কৃতি। সমাজের সদস্য হিসেবে ব্যক্তিকে তা অর্জন করতে হয়।
উত্তর-খ
পুঁজিবাদ হলো এমন একটি ব্যবস্থা, যেখানে সম্পদে ব্যক্তিমালিকানা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যক্তিস্বাধীনতা বিদ্যমান। সম্পদ গ্রহণ, হস্তান্তর, বিনিয়োগ প্রভৃতি ক্ষেত্রে ব্যক্তির অবাধ স্বাধীনতা বিদ্যমান থাকে। রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করে না। ব্যক্তিমালিকানা ও ব্যক্তিস্বাধীনতাই পুঁজিবাদের মূলমন্ত্র। তাই ‘পুঁজিবাদী সমাজের মূল ভিত্তি হলো ব্যক্তিস্বাধীনতা’ কথাটি যথার্থ।
উত্তর-গ
সোহাগের শোনা জনগোষ্ঠীকে সম্প্র্রদায় মৌল প্রত্যয় দ্বারা ব্যাখ্যা করা যায়।
সম্প্রদায় বলতে এমন একটি জনগোষ্ঠীকে বোঝানো হয়, যারা একটি নির্দিষ্ট এলাকায় বাস করে এবং তাদের মধ্যে সম্প্রদায়গত মানসিকতা রয়েছে। একই সঙ্গে তাদের পেশা ও জীবনযাপন পদ্ধতির মধ্যে মিল লক্ষণীয়। যেমন বেদে সম্প্রদায়, কুমোর সম্প্রদায়, হরিজন সম্প্রদায় ইত্যাদি। একইভাবে আমরা গ্রামীণ ও শহরের মানুষের গ্রামীণ সম্প্রদায় ও শহুরে সম্প্রদায় হিসেবে বলতে পারি। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার সম্প্রদায়কে এমন একটি জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করেন, যারা একটি নির্দিষ্ট এলাকায় বাস করে এবং যারা একই ধরনের জীবনযাত্রা নির্বাহ করে। সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সংহতি দৃঢ়। সম্প্রদায়ের ভিত্তি হলো এলাকা ও সম্প্রদায়গত মানসিকতা।
উদ্দীপকে দেখা যাচ্ছে, সোহাগের শোনা জনগোষ্ঠী একটি নির্দিষ্ট এলাকায় বাস করে এবং তাদের মধ্যে একই মানসিকতা বিদ্যমান। তাই এই জনগোষ্ঠীকে সম্প্রদায় হিসেবে চিহ্নিত করা যায়।
উত্তর-ঘ
মিজানের শোনা জনগোষ্ঠী হলো সমাজ আর সোহাগের শোনা জনগোষ্ঠী হলো সম্প্রদায়। সমাজ বলতে এমন একটি জনগোষ্ঠীকে বোঝায়, যাদের মধ্যে পারস্পরিক ভাবের আদান-প্রদান হয়েছে এবং যাদের নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। একই সঙ্গে অধিক সময় ধরে তাদের এই সম্পর্ক টিকে থাকে। সমাজ ও সম্প্রদায়ের মধ্যে ভিন্নতা দেখানো হলো—
১. সমাজের ভিত্তি হলো পারস্পরিক সহযোগিতা, অন্যদিকে সম্প্রদায়ের ভিত্তি হলো এলাকা ও সম্প্রদায়গত মানসিকতা। সম্প্রদায়ের এ দুটি ভিত্তি বা বৈশিষ্ট্য সমাজের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
২. সমাজে সংহতি ও সহযোগিতার পাশাপাশি দ্বন্দ্ব-সংঘাত এবং প্রতিযোগিতাও বিদ্যমান। কিন্তু সম্প্রদায়ে দ্বন্দ্ব-সংঘাত এবং প্রতিযোগিতা খুব কম দেখা যায়।
৩. সমাজে ধর্ম, বর্ণ, পেশা প্রভৃতির মধ্যে বৈচিত্র্য দেখা গেলেও সম্প্রদায়ে সাধারণত এসবের মধ্যে মিল দেখা যায়।
৪. সমাজের তুলনায় সম্প্রদায়ে অধিক সংহতি বিদ্যমান। সম্প্রদায়ের সদস্যদের মধ্যে ধর্মের অনুভূতি ক্রিয়াশীল হলেও সমাজে তা দেখা যায় না।
৫. সম্প্রদায়ের তুলনায় সমাজ অপেক্ষাকৃত বৃহত্ অর্থে ব্যবহূত হয়। একই সঙ্গে সমাজ ক্ষুদ্র ও বৃহত্ অর্থে ব্যবহূত হয়। অন্যদিকে সম্প্রদায় দুই অর্থে ব্যবহূত হয় না। বরং ক্ষুদ্র অর্থে ব্যবহূত হয়।
উপরিউক্ত আলোচনা থেকে প্রমাণিত হয় যে সোহাগের শোনা জনগোষ্ঠী অর্থাত্ সম্প্রদায় মিজানের শোনা জনগোষ্ঠী অর্থাত্ সমাজ থেকে ভিন্ন।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম
উত্তর
এসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-১
গতকাল প্রকাশিত ক্যারিয়ার শিক্ষার উত্তর
১. খ ২. গ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. ক ৭. খ ৮. গ ৯. গ ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. গ ২১. ক ২২. গ ২৩. ঘ ২৪. ঘ ২৫. ঘ