সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৫ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
সম্রাট ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে উপজাতি সম্প্রদায়ের একটি অনুষ্ঠান দেখল। এর মধ্যে তাদের একটি বিবাহ অনুষ্ঠানও ছিল। বিবাহ অনুষ্ঠানটি ছিল দলগত বিবাহ, যেখানে কয়েকজন বোনের সঙ্গে একদল পুরুষের বিবাহ হচ্ছে। বোনেরা সবাই স্ত্রী এবং পুরুষেরা সবাই তাদের স্বামী হিসেবে বিবেচিত হচ্ছে। এভাবে দলগত বিবাহের ভিত্তিতেই তাদের পরিবার গঠিত হচ্ছে।
প্রশ্ন:
ক. ক্রস কাজিন বিবাহ কী?
খ. বিবাহ কেন গুরুত্বপূর্ণ?
গ. সম্রাটের দেখা বিষয়টি মর্গান বর্ণিত কোন স্তরের পরিবারব্যবস্থার সঙ্গে মিল রয়েছে?
ঘ. দীর্ঘ বিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আধুনিক একক পরিবার গড়ে উঠেছে—মর্গানের তত্ত্বের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর-ক.
মামতো ও ফুফাতো ভাইবোনের মধ্যে বিবাহকে ক্রস কাজিন বিবাহ বলে।
উত্তর-খ.
বিবাহের ফলে সমাজস্বীকৃত পন্থায় পরিবার গঠিত হয়। বিবাহ নারী-পুরুষের যৌনজীবনকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলিত করতে সাহায্য করে। বিবাহের মাধ্যমে মানুষ বৈধভাবে জীবন উপভোগ করার সুযোগ পায় এবং সন্তানের বৈধতা দান করে।
বিবাহের মাধ্যমেই সন্তানের পিতা-মাতা নির্ধারিত হয়। বিবাহের মাধ্যমে নতুন আত্মীয়তার সম্পর্কও গড়ে ওঠে। দুটি পরিবারের মধ্যে নতুন জ্ঞাতি ও সামাজিক বন্ধন তৈরি করে। তাই সমাজ জীবনে বিবাহের গুরুত্ব অপরিসীম।
উত্তর-গ.
সম্রাটের দেখা বিষয়টির সঙ্গে মর্গান বর্ণিত পুলালুয়ান পরিবারের মিল রয়েছে।
পুলালুয়ান পরিবার হলো মর্গান বর্ণিত দ্বিতীয় স্তরের পরিবার এবং তৃতীয় স্তরের যৌনজীবন। এখানে আপন জ্ঞাতিসম্পর্কের কয়েকজন বোনের সঙ্গে একদল পুরুষের অথবা আপন জ্ঞাতিসম্পর্কের কয়েকজন পুরুষের সঙ্গে একদল নারীর যৌথ বিবাহের ভিত্তিতে পুলালুয়াল পরিবার গঠিত হয়। এখানে স্ত্রীরা পরস্পর বোন হলেও স্বামীরা পরস্পর ভাই নয়। আবার স্বামীরা পরস্পর ভাই হলেও স্ত্রীরা পরস্পর বোন নয়। আপন জ্ঞাতিসম্পর্কের ভাইবোনদের মধ্যে বিবাহ নিষিদ্ধকরণের মাধ্যমে পুলালুয়ান পরিবারের আবির্ভাব বলে মর্গান মনে করেন।
উদ্দীপকে দেখা যাচ্ছে, একদল বোনের সঙ্গে একদল পুরুষের বিবাহের ভিত্তিতে পরিবার গঠিত হচ্ছে, যা মর্গান বর্ণীত পুলালুয়ান পরিবারকে নির্দেশ করে।
উত্তর-ঘ.
সমাজবিজ্ঞানী মর্গান পরিবারের উত্পত্তি নিয়ে বিবর্তনবাদী ব্যাখ্যা দেন। বিভিন্ন পর্যায়ের যৌনজীবন ও পরিবার নিয়ে আলোচনা করেন। বিভিন্ন পর্যায় অতিক্রম করে একক পরিবার গঠিত হয়েছে বলে তিনি মত দেন।
অবাধ যৌনাচার: প্রথম পর্যায়ের যৌনজীবনে কোনো ধরনের বিবাহ ছিল না। যৌনজীবনের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না।
কনস্যাঙ্গুইন পরিবার: জ্ঞাতিসম্পর্কের ভাইবোনদের মধ্যে বিবাহবন্ধনের ভিত্তিতে এ ধরনের পরিবার গড়ে ওঠে। এটি প্রথম পর্যায়ের পরিবার এবং দ্বিতীয় স্তরের যৌনজীবন।
পুনালুয়ান পরিবার: কয়েকজন বোনের সঙ্গে একদল পুরুষের কিংবা কয়েকজন ভাইয়ের সঙ্গে একদল নারীর বিবাহের মাধ্যমে এ ধরনের পরিবারের সৃষ্টি।
সিনডিয়াসমিয়ান পরিবার: একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে অস্থায়ী যুগলবন্ধনে এ পরিবার গড়ে ওঠে। সাধারণত সন্তান জম্মের পর তা বিলুপ্ত হয়ে যায়।
পিতৃপ্রধান পরিবার: একজন পুরুষের সঙ্গে একাধিক নারীর বিবাহের ফলে এ ধরনের পরিবার গঠিত হয়।
মনোগামী পরিবার: একজন পুরুষের সাথে একজন নারীর বিবাহের ভিত্তিতে মনোগামী বা একক পরিবার গঠিত হয়। এটিই আধুনিক পরিবারের সর্বজনীন রূপ বলে মর্গান মনে করেন।
ওপরের আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে, দীর্ঘ বিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আধুনিক একক পরিবার গড়ে উঠেছে।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম