সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান বিষয়ের অধ্যায়-১ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
অধ্যাপক লুত্ফুন নেসা ক্লাসে শিক্ষার্থীদের একজন গুণী ব্যক্তির ছবি দেখালেন, যিনি প্রথম দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তী সময়ে তিনি সমাজবিজ্ঞান বিভাগে যোগদান করেন। তাঁর হাত ধরেই মূলত বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক অধ্যয়ন শুরু হয়। তিনি ‘সমাজবিজ্ঞান সমীক্ষণ’সহ বিভিন্ন মূল্যবান গ্রন্থ রচনা করেন।
প্রশ্ন:
ক. সংস্কৃতি নিয়ে ই. বি. টেইলরের সংজ্ঞাটি লেখো।
খ. সংস্কৃতি হলো মানুষের অর্জিত আচরণ— কথাটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন অধ্যাপকের ছবি প্রদর্শিত হয়েছে?
ঘ. বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার দীর্ঘ ইতিহাস রয়েছে—কথাটি বিশ্লেষণ করো।
উত্তর-ক.
সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিকতা, আইন, রীতিনীতি এবং অন্য যেকোনো দক্ষতা ও অভ্যাসের জটিল সমষ্টিই হলো সংস্কৃতি।
উত্তর-খ.
সংস্কৃতি অর্জনের ও ধারণের বিষয়। এটি উত্তরাধিকার সূত্রে লাভ করা যায় না। সমাজের সদস্য হিসেবে প্রত্যেক মানুষকে তা অর্জন করতে হয়। আচার-আচরণ, ধ্যানধারণা, চালচলন, পোশাক-পরিচ্ছদ, খাবারদাবার প্রভৃতি বিষয় মানুষকে আত্মস্থ করতে হয়। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে মানুষ সংস্কৃতি অর্জন করে। তাই বলা যায়, সংস্কৃতি হলো অর্জিত আচরণ।
উত্তর-গ.
উদ্দীপকে অধ্যাপক এ কে নাজমুল করিমের ছবি প্রদর্শিত হয়েছে। অধ্যাপক নাজমুল করিমের হাত ধরেই বাংলাদেশে সমাজবিজ্ঞানের আনুষ্ঠানিক অধ্যয়ন শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমুল করিম সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার আগে রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগে সহায়ক কোর্স হিসেবে সমাজবিজ্ঞান পড়ানো হতো। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হওয়ায় সমাজবিজ্ঞানের কয়েকজন অধ্যাপকের সঙ্গে তার পরিচয় হয় এবং সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার বিষয়ে উত্সাহ পান। ফলে তাঁর অগ্রণী ভূমিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেসকোর যৌথ উদ্যোগে ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়।
ইউনেসকোর বিশেষজ্ঞ ড. পেরী বেসাইনি বিভাগের প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন। অধ্যক্ষ ও নাজমুল করিমসহ মোট চারজন শিক্ষক নতুন এ বিভাগে যোগ দেন। পরের বছর ১৯৫৮ সালে নাজমুল করিম সমাজবিজ্ঞান বিভাগের রিডার হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রথম স্থায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। তাঁর অগ্রণী ভূমিকায় সমাজবিজ্ঞানের বিকাশ তরান্বিত হয়। তিনি সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থসহ বিভিন্ন গ্রন্থ ও গবেষণা প্রবন্ধ রচনা করেন, যা সমাজবিজ্ঞানের জ্ঞানকে প্রসারিত করে।
উদ্দীপকের তথ্যের আলোকে বলা যায়, ক্লাসে অধ্যাপক এ কে নাজমুল করিমের ছবিই প্রদর্শিত হয়েছে।
উত্তর-ঘ.
বাংলাদেশে সমাজবিজ্ঞানচর্চার দীর্ঘ ইতিহাস রয়েছে। অবিভক্ত বাংলায় কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’, আবুল ফজলের ‘আইন-ই-আকবরী’ প্রভৃতি গ্রন্থ সমাজবিজ্ঞানচর্চার পটভূমি রচিত করে। গ্রন্থগুলোয় তাঁরা তত্কালীন বাঙালি সমাজের আর্থসামাজিক বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন। ১৮৩৯ সালে ফরাসি দার্শনিক অগাস্ট কোঁতের হাত ধরে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় অবিভক্ত বাংলার কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাজবিজ্ঞানের অধ্যয়ন শুরু হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে সমাজবিজ্ঞানের পাঠ শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে নাজমুল করিমের সার্বিক প্রচেষ্টায় ও ইউনেসকো সহযোগিতায় ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ১৯৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজে সমাজবিজ্ঞানের অধ্যয়ন শুরু হয়। বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজেও সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে এর বিকাশ অব্যাহত রয়েছে। অধ্যাপক নাজমুল করিমের হাত ধরেই বাংলাদেশে সমাজবিজ্ঞানের আনুষ্ঠানিক অধ্যয়ন শুরু হয়। তারপর অধ্যাপক এফ আর খান, অধ্যাপক আফসার উদ্দিন, ড. রঙ্গলাল সেন, ড. অনুপম সেন, ড. আনোয়ার উল্লাহ চৌধুরী প্রমুখ বাংলাদেশে সমাজবিজ্ঞানের ক্ষেত্রকে আরও গতিশীল করেন। উপরি উক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে বাংলাদেশে সমাজবিজ্ঞানচর্চার দীর্ঘ ইতিহাস রয়েছে।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম