সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৬ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যাপক ফিরোজ মাহমুদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অধ্যাপনার পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত। তিনি পত্রপত্রিকায় নানা আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে কলাম লেখেন। সমাজের বিভিন্ন নেতিবাচক বিষয় নিয়ে জনমত গঠন করা ছাড়াও তিনি টিভি টক শোয় অংশ নেন।
প্রশ্ন:
ক. প্রান্তিক কৃষক কে?
খ. গ্রামীণ সমাজ বলতে কী বোঝায়?
গ. ক্ষমতার ভিত্তিতে অধ্যাপক ফিরোজ মাহমুদের স্তরবিন্যাসের ধরন নির্ণয় করো।
ঘ. ‘আধুনিক নগর সমাজ মূলত সম্পদের পরিমাণ ও মালিকানার ভিত্তিতে স্তরায়িত’-কথাটি বিশ্লেষণ করো।

উত্তর-ক.
প্রান্তিক কৃষক হলেন এমন পরিমাণ ভূমির মালিক, যাঁর দ্বারা কোনো রকম পরিবারের ভরণপোষণ চলে। কোনো উদ্বৃত্ত থাকে না।
উত্তর-খ.
কৃষিকাজকে কেন্দ্র করে যে মানববসতি গড়ে ওঠে, তা-ই গ্রামীণ সমাজ হিসেবে চিহ্নিত করা যায়। মিনু মাসানী একটি সাধারণ বংশোদ্ভূত এবং কিছু জমির ওপর সাধারণ মালিকানাসহ একদল লোককে গ্রামীণ সম্প্রদায় হিসেবে অভিহিত করেন। গ্রামীণ সমাজের ভিত্তি হলো কৃষিভিত্তিক উৎপাদনব্যবস্থা। একই সঙ্গে গ্রামীণ সমাজে কৃষিকেন্দ্রিক কুটির শিল্পও দেখা যায়। মূলত গ্রামীণ সমাজ হলো একটি কৃষিনির্ভর জনপদ যেখানে মানুষ স্থায়ীভাবে বাস করে। এখানে জনসংখ্যার ঘনত্ব কম ও পেশাগত গতিশীলতাও কম।
উত্তর-গ.
অধ্যাপক ফিরোজ মাহমুদ নগর সমাজের চাপ সৃষ্টিকারী দল।
নগর সমাজে ক্ষমতার ভিত্তিতে স্তরবিন্যাসের ধরনগুলো হলো শাসক এলিট, অশাসক এলিট ও চাপ সৃষ্টিকারী দল। চাপ সৃষ্টিকারী দল বলতে সাধারণত কোনো রাজনৈতিক দলকে বোঝায় না। এ শ্রেণিটি মূলত শিক্ষিত ও পেশাজীবী শ্রেণি। সমাজের বিভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে তারা নিজের মতামত প্রকাশ করেন। মৌলিক অধিকার, গণতন্ত্র, মানবাধিকার প্রভৃতি বিষয় নিয়ে বিবৃতি ও সাক্ষাৎকার দিয়ে থাকেন। এরা মূলত অরাজনৈতিক অবস্থানে থেকে সরকার ও ক্ষমতাশালী শ্রেণিকে চাপে রাখার কৌশল অবলম্বন করেন।
উদ্দীপকে অধ্যাপক ফিরোজ মাহমুদের কর্মকাণ্ড বিচার করে বলা যায়, তিনি চাপ সৃষ্টিকারী দলের অন্তভু‌র্ক্ত।
উত্তর-ঘ.
অধুনিক নগর সমাজ বিভিন্ন উপাদানের ভিত্তিতে স্তরায়িত। সম্পদের পরিমাণ ও মালিকানা, ক্ষমতা, বাসস্থান প্রভৃতি উপাদানের ভিত্তিতে নগর সমাজকে স্তরায়িত করা যায়। তবে আধুনিক সব নগর সমাজেই সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে সম্পদের পরিমাণ ও মালিকানা অধিকতর গুরুত্বপূর্ণ। মূলত সম্পদের পরিমাণ ও মালিকানার ভিত্তিতেই স্তরবিন্যাস করা হয়। এর ভিত্তিতে নগর সমাজের স্তরগুলো হলো—
১। উচ্চবিত্ত: শহরের ধনী শ্রেণি হলো উচ্চবিত্ত। কল-কারখানার মালিক, শিল্পপতি, বাণিজ্যিক বহুতল ভবনের মালিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা প্রভৃতি এ শ্রেণির সদস্য। এদের জীবনমান উন্নত এবং এরা শহরের সব সুযোগ-সুবিধা ভোগ করে থাকে।
২। মধ্যবিত্ত: নগরজীবনে পেশাজীবী শ্রেণিই মধ্যবিত্ত শ্রেণি। এরা উচ্চশিক্ষিত ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ভালো পদে চাকরি করে। এরা নগরজীবনে প্রতিনিধিত্বশীল শ্রেণি হিসেবে পরিচিত। এ শ্রেণিকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যথা:
ক. উচ্চমধ্যবিত্ত: অধিক আয় করে এমন পেশাদার শ্রেণি হলো উচ্চমধ্যবিত্ত শ্রেণি। যেমন বিশেষজ্ঞ চিকিৎসক বা ক্লিনিক মালিক, প্রতিষ্ঠিত আইনজীবী ও প্রকৌশলী, মাঝারি শিল্পপতি ইত্যাদি শ্রেণি।
খ. মধ্যবিত্ত: প্রথম শ্রেণির কর্মকর্তা, অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, কবি-সাহিত্যিক প্রভৃতি এ শ্রেণির সদস্য। এদের চেষ্টা থাকে উচ্চমধ্যবিত্ত শ্রেণিতে অবস্থানের।
গ. নিম্নমধ্যবিত্ত: মধ্যবিত্ত শ্রেণির অপেক্ষাকৃত ছোট পদের কর্মকর্তা-কর্মচারী যাদের মোটামুটি শিক্ষা ও দক্ষতা রয়েছে। যেমন কম পুঁজির ব্যবসায়ী, স্কুলশিক্ষক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছোট কর্মকর্তা প্রভৃতি এ স্তরের সদস্য।
৩। নিম্নবিত্ত: নিম্নবিত্ত বলতে শ্রমজীবীদের বোঝায়। এরা বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নস্তরে চাকরি করে। এদের শিক্ষা ও দক্ষতার পরিবর্তে শ্রম দ্বারা জীবিকা নির্বাহ করে। যেমন দিনমজুর, কল-কারখানার শ্রমিক, রিকশাচালক ইত্যাদি পেশার লোক এ শ্রেণির অন্তভু‌র্ক্ত।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম