সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৯ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
ক্রিকেট খেলার মাঠে সামাদ ও মনিরের পরিচয় থেকে দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। বেড়াতে গিয়ে একদিন সামাদ অনেকটা জোর করেই মনিরকে মাদকদ্রব্য পান করায়। সামাদ আগে থেকেই মাদকাসক্ত হলেও মনির নতুন করে মাদকে আসক্ত হয়ে পড়ে। ভালো ছাত্র হলেও মনির এখন লেখাপড়ায় ভালো করছে না। তার উগ্র আচরণের কারণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ।
প্রশ্ন:
ক. বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পাস হয় কত সালে?
খ. মাদকাসক্তি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকটি পড়ে মাদকাসক্তির কোন ধরনের কারণকে তুমি চিহ্নিত করবে?
ঘ. আমাদের সমাজে মাদকাসক্তির কী ধরনের প্রভাব তুমি দেখতে পাও?
উত্তর-ক:
১৯৯০ সালে।
উত্তর-খ:
সাধারণ অর্থে মাদকাসক্তি বলতে মাদকের প্রতি আসক্তিকে বোঝায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞানুযায়ী মাদকাসক্তি বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যে অবস্থায় কোনো ব্যক্তি অত্যধিক পরিমাণে মাদক বারবার গ্রহণ করে এবং যা তার নিজের ও সমাজের জন্য ক্ষতিকর। শারীরিক ও মানসিকভাবে মাদকদ্রব্যের ওপর নির্ভরশীল ব্যক্তি বা অভ্যাসবশে মাদকদ্রব্য ব্যবহারকারীকে মাদকাসক্ত বলা যায়। এ অবস্থায় ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে মাদক বা নেশা-জাতীয় দ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়ে।
উত্তর-গ:
উদ্দীপকটি পড়ে মাদকাসক্তির কারণ হিসেবে সঙ্গদোষকেই চিহ্নিত করা যায়। প্রবাদ আছে ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’। এটি দীর্ঘদিনের সামাজিক অভিজ্ঞতার ফসল। নিজ পরিবারের বাইরে কিশোর-যুবকেরা পাড়া, মহল্লা ও স্কুল-কলেজে নানা সঙ্গী-সাথিদের সংস্পর্শে আসে। তাদের আচার-আচরণ, ধ্যানধারণা দ্বারা অন্যরা প্রভাবিত হয়ে থাকে। মাদকাসক্তির ক্ষেত্রেও এ প্রভাব জোরালোভাবে কাজ করে। দেখা যায় সঙ্গী-সাথিদের মধ্যে কেউ মাদকাসক্ত হলে সে অন্যকেও এতে আসক্ত হতে উৎসাহিত করে। এমনকি বাধ্যও করে। এক গবেষণায় দেখা গেছে, ৮৫ দশমিক ৭ শতাংশ মাদকাসক্ত বন্ধুবান্ধবের দ্বারা প্রভাবিত হয়ে এতে আসক্ত হয়। এভাবে মাদকাসক্তির বিস্তার লাভ করে।
উদ্দীপকে দেখা যাচ্ছে সামাদ ধূমপায়ী ও মাদকাসক্ত হলেও তার বন্ধু মনির এসবে অভ্যস্ত নয়। কিন্তু তার সঙ্গে চলাফেরা করতে করতে মনিরও একসময় ধূমপায়ী ও মাদকে আসক্ত হয়ে পড়ে। তাই এখানে সামাজিক মনস্তাত্ত্বিক কারণ সঙ্গদোষের বিষয়টিই প্রকাশ পায়।
উত্তর-ঘ:
আমাদের সমাজে মাদকাসক্তির বহুবিধ ক্ষতিকর প্রভাব লক্ষণীয়। মাদকাসক্তি নানা ধরনের সামাজিক সমস্যার যেমন কারণ; তেমনি শারীরিক, মানসিক ও আর্থিক বিপর্যয়েরও কারণ। মাদকাসক্তির অন্যতম ফলশ্রুতি হলো ব্যক্তির অস্তিত্ব বিপন্ন করা। মাদকাসক্ত ব্যক্তি ক্রমে ক্রমে মাদকের প্রতি এমনই আসক্ত হয়ে পড়ে যে একসময় সে আতÄহত্যা ছাড়া সে মাদকদ্রব্য গ্রহণের বিকল্প খুঁজে পায় না। একই সঙ্গে মাদকের ক্ষতিকর প্রভাবে সে দৈহিকভাবেও অসুস্থ হয়ে পড়ে। একইভাবে মাদকাসক্ত ব্যক্তি পরিবারের সুখ-শান্তিও বিপন্ন করে তোলে।
মাদকাসক্তি নানা ধরনের অপরাধের কারণ। মাদকাসক্ত ব্যক্তি সব সময় উগ্র ও আক্রমণাতÄক স্বভাবের হয়। আসক্তির কারণে তার হিতাহিত জ্ঞান থাকে না, যা অপরাধমূলক কাজে প্ররোচিত করে। অন্যদিকে মাদকের টাকা জোগাড় করতে সে চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে।
মাদকাসক্তি দেশের অর্থনীতির ওপর যেমন প্রতিকূল প্রভাব তৈরি করছে, তেমনি আইন প্রয়োগকারী সংস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। মাদক গ্রহণের পেছনে দেশে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। আবার অবৈধ পথে মাদক আমদানির ফলে মূল্যবান বৈদেশিক মুদ্রা পাচার হচ্ছে। অন্যদিকে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকারকে প্রচুর অর্থ ও জনবল নিয়োগ করতে হচ্ছে।
এ ছাড়া মাদকাসক্ত ব্যক্তি, পরিবার-পরিজন, প্রতিবেশী সবার জন্য বিরক্তি ও আতঙ্কের কারণ। এ ধরনের ব্যক্তি সামাজিক নিরাপত্তাকে দারুণভাবে বিঘ্নিত করে। মাদকাসক্ত ব্যক্তি এইডসসহ বিভিন্ন রোগ ছড়াতেও ভূমিকা রাখে। সর্বোপরি মাদকাসক্তি পরিবার, সমাজ ও দেশের জন্য হুমকিস্বরূপ।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম