সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-১০ থেকে সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# শফিক গ্রামের ভূমিহীন কৃষক। তিনি অন্যের জমিতে চাষাবাদ করেন। শুধু কৃষি দিনমজুরের কাজ করে পরিবারের ভরণপোষণ চালানো কষ্টকর। তাই তিনি এর পাশাপাশি বাড়িতে গবাদি পশুপালনের কথা ভাবছেন। কিন্তু গবাদিপশু ক্রয়ের মতো তাঁর কোনো টাকা নেই। পরে পাশের বাড়ির সামাদের পরামর্শে তিনি একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে একটি গাভি ক্রয় করেন।
প্রশ্ন:
ক. বেসরকারি সংস্থা কী?
খ. গ্রামীণ উন্নয়ন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে বেসরকারি সংস্থার কোন ভূমিকা প্রকাশ পেয়েছে?
ঘ. তুমি কি মনে করো বেসরকারি সংস্থার ওই ভূমিকার ফলে বাংলাদেশে গ্রামীণ উন্নয়ন হচ্ছে?
উত্তর-ক:
বেসরকারি সংস্থা বলতে সরকারি বিধিবদ্ধ আইন দ্বারা নিবন্ধিত, কিন্তু সরাসরি সরকার কর্তৃক পরিচালিত নয় এমন অলাভজনক প্রতিষ্ঠানকে বোঝায়। বেসকারি সংস্থা সরকারের সহযোগী হিসেবে গ্রামীণ উন্নয়নে কাজ করে।
উত্তর-খ:
গ্রামীণ উন্নয়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যার মাধ্যমে গ্রামের আর্থসামাজিক অবস্থার সার্বিক উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়। পল্লির আয়, উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতির গুণগত ও পরিমাণগত উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়। পল্লি উন্নয়নে পল্লির সবার অংশগ্রহণ যেমন নিশ্চিত করা হয়, তেমনি সবার সম-উন্নয়নের বিষয়ও গুরুত্ব পায়। ড. আখতার হামিদ খানের মতে, পল্লি উন্নয়ন এমন একটি প্রক্রিয়া, যা পল্লির সর্বস্তরের জনগণের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা প্রদান করে এবং সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখে।
উত্তর-গ:
উদ্দীপকে বেসরকারি সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমের বিষয়টি প্রকাশ পেয়েছে।
ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষদ্রঋণের জনক বলা হয়ে থাকে। তিনি সত্তরের দশকে বাংলাদেশে ক্ষুদ্রঋণের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলেন। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে এ ঋণ দেওয়া হয়। বিশেষ করে গ্রামীণ ভূমিহীন কৃষকদের জন্য এ ঋণ গ্রহণের বিশেষ সুবিধা রয়েছে। বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা দেশে ক্ষুদ্রঋণ বিতরণ করছে। ক্ষুদ্র ব্যবসা, কৃষিকাজ, গবাদিপশু পালন, হাঁস-মুরগির খামার, ক্ষুদ্রশিল্প, রেশম চাষ, মৎস্য চাষ প্রভৃতি উৎপাদনশীল খাতে এ ঋণ দেওয়া হয়ে থাকে। এককালীন বিতরণ করা হলেও এ ঋণ আদায় করা হয় সাপ্তাহিক কিস্তিতে। গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে এ ঋণ বিতরণ করা হয়।
উদ্দীপকে শফিক বেসরকারি সংস্থা থেকে টাকা নিয়ে গবাদিপশু ক্রয় করার কথা বলা হয়েছে। গবাদিপশু পালন করা উৎপাদনশীল খাত হওয়ায় বেসরকারি সংস্থা তাকে টাকা দিয়েছে। যাকে ক্ষুদ্রঋণ বলা যায়। ক্ষুদ্রঋণ দানের মাধ্যমে বেসরকারি সংস্থা গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখছে।
উত্তর-ঘ:
ক্ষুদ্রঋণের মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন হচ্ছে বলে ব্যাপক প্রচারণা রয়েছে। বিশ্বের বহু দেশে গ্রামীণ ব্যাংকের অনুকরণে ক্ষুদ্রঋণের মাধ্যমে গ্রামীণ উন্নয়নের মডেল তৈরি হচ্ছে। তবে অনেকে এ উন্নয়নের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে থাকে। তারা মনে করেন ক্ষুদ্রঋণের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন পুরোপুরি সম্ভব বলে মনে হচ্ছে না। তাত্ত্বিকভাবে এটা সম্ভব হলেও বাস্তবে তা সম্ভব নয়। কেননা দেখা যাচ্ছে আজকাল দেশে বহু ক্ষুদ্রঋণ দানকারী সংস্থা গড়ে উঠলেও অতি মাত্রায় সুদে ঋণ নিয়ে গ্রামীণ মানুষ খুব বেশি লাভবান হচ্ছে না। অন্যদিকে এ ঋণ নিয়ে অনেকে উৎপাদনমূলক কাজে ব্যবহারের পরিবর্তে অনুৎপাদনশীল খাতে ব্যয় করছে। এক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে অন্য প্রতিষ্ঠানের ঋণ শোধ করছে। অনেকে মনে করেন এর ফলে দরিদ্র মানুষ ঋণের জালে আটকা পড়ে আরও দরিদ্র হচ্ছে।
তবে ড. ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক দেখিয়েছেন যে তাদের গৃহীত সুদ উচ্চ সুদ নয়, তাছাড়া ঋণের টাকা সঠিকভাবে উৎপাদনশীল খাতে ব্যবহার করা ঋণগ্রহীতার দায়িত্ব। এটা করা গেলে ক্ষুদ্র ঋণ দ্বারা উন্নয়ন অবশ্যম্ভাবী। মানুষের দারিদ্র্য মোচনও সম্ভব। ঋণের টাকা কি কাজে বিনিয়োগ করা হচ্ছে তা মনিটরিং করা গেলে এর দ্বারা উন্নয়ন সম্ভব। কিন্তু বাস্তবে অনেক ঋণ গ্রহণকারী যথাযথ বিনিয়োগ করছে না। আমি মনে করি ত্রুটিবিচ্যুতি ও সমালোচনা থাকলেও ক্ষুদ্রঋণ নিয়ে উৎপাদনশীল খাতে বিনিয়োগ করায় বাংলাদেশে গ্রামীণ উন্নয়ন হচ্ছে।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম