সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর

.
.

প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ থেকে সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন:
ক. ইন্দোনেশিয়ায় প্রাপ্ত জাভা মানব কোন যুগের অধিবাসী? 
খ. ‘প্রত্নতত্ত্ব হলো অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ’ কথাটি ব্যাখ্যা করো।
গ. ছবিতে কোন যুগের একটি আবিষ্কার লক্ষ করা যায়?
ঘ. উক্ত যুগের পরবর্তী যুগের আর্থসামাজিক অগ্রগতিগুলো আলোচনা করো।
উত্তর: ক.
নিম্ন প্রাচীন প্রস্তর যুগের। 
উত্তর: খ.
প্রত্নতত্ত্ব হলো জ্ঞানের এমন একটি শাখা যা অতীত সমাজ সম্পর্কে অধ্যয়ন করে। অতীত সমাজের বিভিন্ন ধ্বংসাবশেষ ও নিদর্শন দ্বারা সে সমাজ সম্পর্কে জানার চেষ্টা করে। খননকাজ থেকে উদ্ধারকৃত অতীত সমাজের বিভিন্ন ধ্বংসাবশেষ সম্পর্কে গবেষণা করে অতীত সমাজ সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার চেষ্টা করে। অতীত যুগের মানুষের বিভিন্ন বস্তুগত উপাদান পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সে যুগ সম্পর্কে অধ্যয়নই প্রত্নতত্ত্ব। তাই প্রত্নতত্ত্বকে অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ বলে অভিহিত করা হয়। 
উত্তর: গ.

ছবিটি দেখে ব্রোঞ্জ যুগের একটি আবিষ্কার লক্ষ করা যায়।
খ্রিষ্টপূর্ব চার হাজার থেকে তিন হাজার বছর আগে মেসোপটেমিয়া, মিসর, ভারত ও চীনে ব্রোঞ্জ যুগ শুরু হয়। তাম্র যুগের শেষের দিকে তামা ও টিনের সংমিশ্রণে মানুষ ব্রোঞ্জ তৈরি করার মধ্য দিয়ে এ যুগের সূচনা হয়। এ যুগে ব্রোঞ্জের তৈরি হাতিয়ারের ব্যবহার শুরু হয়। এ যুগে মানুষ চাকার আবিষ্কার যেমন করে, তেমনি লেখার আবিষ্কারও করে। ব্যবসা-বাণিজ্য আন্তর্জাতিক রূপ পায় এবং স্থায়ী মানব সমাজ গড়ে ওঠে।
উদ্দীপকে একটি গরুর গাড়ির ছবি দেখা যাচ্ছে যাতে ব্রোঞ্জ যুগের গুরুত্বপূর্ণ আবিষ্কার চাকা লক্ষ করা যায়। চাকার আবিষ্কার ব্রোঞ্জ যুগে হয় বিধায় ছবিটি দ্বারা ব্রোঞ্জ যুগকেই নির্দেশ করা হয়েছে।
উত্তর: ঘ.
ব্রোঞ্জ যুগের পরবর্তী যুগ হলো লৌহ যুগ। প্রত্নতাত্ত্বিক ধারায় এটি সর্বশেষ যুগ হিসেবে বিবেচিত। মধ্যপ্রাচ্যে ১৫০০ অব্দে লোহার ব্যবহার শুরুর মধ্য দিয়ে এ যুগের সূচনা হয়। লোহার ব্যবহারের মধ্য দিয়ে এ যুগের নানা আর্থসামাজিক অগ্রগতি লক্ষণীয়। তাই লৌহ যুগকে আধুনিক সভ্যতার যুগ বলা হয়।
লোহার ব্যবহার সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লোহা আবিষ্কারের পর কৃষিতে ব্যাপক পরিবর্তন আসে। লোহা দ্বারা নানা রকম কৃষি যন্ত্রপাতি তৈরির মাধ্যমে উত্পাদনে বৈপ্লবিক পরিবর্তন আসে। যানবাহন তৈরিতে লোহার ব্যবহার বৃদ্ধি পায়। ফলে যানবাহনের ক্ষেত্রে উন্নতি সাধিত হয়ে যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা সহজ হয়। ব্যবসা-বাণিজ্যেও আসে গতিশীলতা। ঘরবাড়ি নির্মাণ, নানা ধরনের গৃহসামগ্রী ও আসবাবপত্র তৈরিতেও লোহার ব্যবহার বৃদ্ধি পায়। শিল্পকলা ও স্থাপত্য শিল্পেও লোহা ব্যবহার হতে থাকে, যা সভ্যতার গতিকে ত্বরান্বিত করে।
লোহা ব্রোঞ্জের তুলনায় শক্ত, দীর্ঘস্থায়ী ও দামে সস্তা হওয়ায় শিল্পায়ন ও নগরায়ণে এর অবদান অপরিসীম। কলকারখানা স্থাপনসহ নানা ক্ষেত্রে লোহার ব্যবহার বৃদ্ধি পায়। লোহার ব্যবহারের ফলে আধুনিক অস্ত্র শিল্পেও ব্যাপক উন্নতি সাধিত হয়।
অন্যদিকে সমাজে লোহার ব্যাপক ব্যবহারের ফলে মানুষের চিন্তা-চেতনারও পরিবর্তন ঘটে। উপরিউক্ত আলোচনা থেকে প্রমাণিত হয় যে পূর্ববর্তী যুগের তুলনায় লৌহ যুগে আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম