সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্র থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাওবৃষ্টির গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাপুর গ্রামে। এসএসসি পাশ করার পর সে চট্টগ্রাম শহরে এসে মহিলা কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি হয়। গ্রামে তার বাবা ও অধিকাংশ প্রতিবেশি চাষাবাদের সঙ্গে জড়িত। এখানে সে যে মামার বাসায় থাকে, তার মামাসহ আশপাশের মানুষ অফিস-আদালত ও শিল্পকারখানায় কাজ করছে। গ্রাম ও নগরজীবনের এ ভিন্নতা তাকে চিন্তার খোরাক জোগাল।
প্রশ্ন:
ক. গ্রাম কাকে বলে?
খ. বাংলাদেশের মানুষ গ্রাম ছেড়ে শহরে স্থানান্তরিত হচ্ছে কেন?
গ. বৃষ্টি গ্রাম ও নগরজীবনের ভিন্নতার কোন দিকটি তুলে ধরেছে?
ঘ. উদ্দীপকে উল্লেখিত দিক ছাড়াও গ্রাম ও নগরজীবনে তুমি আর কী ধরনের পার্থক্য দেখতে পাও?
উত্তর-ক:
গ্রাম বলতে এমন একটি এলাকাকে বোঝায় যেখানে অধিকাংশ মানুষ কৃষিজ পেশায় সম্পৃক্ত এবং মানুষ প্রথাগত সম্পর্কে অভ্যস্থ। কৃষিকাজকে কেন্দ্র করে যে মানববসতি গড়ে ওঠে, তা-ই গ্রাম।

উত্তর-খ:
বাংলাদেশে নানা কারণে গ্রামীণ জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ শহরে আসছে। গ্রামে কর্মসংস্থানের অভাব, দারিদ্র্য, নদীভাঙনসহ নানা সমস্যা থেকে বাঁচতে মানুষ শহরে আসছে। অন্যদিকে, শহরের নানা সুযোগ-সুবিধা যেমন: শিক্ষা, চিকিত্সা, চাকরি, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি গ্রামের মানুষের আকৃষ্ট করছে। একদিকে মানুষ বাধ্য হয়ে শহরে আসছে, অন্যদিকে বেশি সুযোগ-সুবিধা পেতেও শহরে আসছে। দেখা যাচ্ছে, বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরের ক্ষেত্রে দুই ধরনের উপাদানই সমানভাবে কাজ করছে।

উত্তর-গ:
বৃষ্টি গ্রাম ও নগরজীবনের পেশাগত ভিন্নতার চিত্রটি তুলে ধরেছে।
বাংলাদেশের গ্রামে অর্থনৈতিক ভিত্তি হলো ভূমি। ভূমিকে কেন্দ্র করে তাদের জীবন পরিচালিত হয়। গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। কেউ নিজ জমিতে চাষাবাদ করে, কেউবা আবার অন্যের জমিতে কিংবা কৃষি দিনমজুর হিসেবে কাজ করে। অল্পসংখ্যক মানুষ স্থানীয় স্কুল, মাদ্রাসা, অফিস ও অন্যান্য অকৃষিজ পেশায় কাজ করে। অন্যদিকে, নগরের অধিকাংশ মানুষ অকৃষিজ পেশায় জড়িত।
তারা বিভিন্ন কলকারখানা, অফিস-আদালত অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী, কলকারখনার শ্রমিক, ছোট-বড় ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ দেখা যায়। শহরে কৃষিজীবী মানুষ দেখা যায় না। এখানে শ্রম বিভাজন ও পেশাগত বৈচিত্র্য লক্ষণীয়।
উদ্দীপকে বৃষ্টির গ্রামের মানুষ কৃষিকাজ করলেও শহরে সে অকৃষিজ পেশার মানুষকেই দেখতে পাচ্ছে। কেননা, গ্রামীণ সমাজ কৃষিনির্ভর, অন্যদিকে শহুরে সমাজে কৃষিজীবীর পরিবর্তে বিভিন্ন পেশার মানুষ দেখতে পাওয়া যায়। তাই বলা যায়, বৃষ্টি গ্রাম ও নগরজীবনের পেশাগত ভিন্নতার বিষয়টিই তুলে ধরেছে।

উত্তর-ঘ:
উদ্দীপকে উল্লিখিত দিক ছাড়াও গ্রাম ও নগরের মধ্যে অনেক ভিন্নতা বিদ্যমান। পেশাগত ভিন্নতা ছাড়াও সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনের নানা ভিন্নতা লক্ষণীয়।
গ্রামের মানুষ অর্থনৈতিক দিক থেকে নগরের মানুষের চেয়ে কম সম্পদশালী। নগরের একটি অংশ উচ্চবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত। বাকি একটি অংশ মধ্যবিত্ত শ্রেণি। কিন্তু গ্রামে এ ধরনের মানুষের সংখ্যা খুবই কম। নগরে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন দিকে যেমন সুযোগ-সুবিধা রয়েছে, গ্রামীণ জীবনে তা নেই।
নগরজীবন অনেকটা প্রযুক্তিনির্ভর ও উন্নত কিন্তু গ্রামে প্রযুক্তির ব্যবহার কম। প্রথাগত সম্পর্কই গ্রামীণ সমাজের ভিত্তি। অন্যদিকে, নগর মানুষের মধ্যে মূলত যৌক্তিক সম্পর্ক বিদ্যমান। গ্রামে ঐতিহ্যবাহী যৌথ পরিবার দেখা গেলেও শহরে এ ধরনের পরিবারের পরিবর্তে অণু পরিবার দেখা যায়। গ্রামে বিবাহবিচ্ছেদ কম হলেও শহরে বিবাহবিচ্ছেদের হার বেশি।
গ্রামের মানুষ নগরের মানুষের তুলনায় ধর্মপ্রাণ হয়ে থাকে। গ্রামীণ জীবনে ধর্মের প্রভাব অত্যধিক। কিন্তু নগরজীবনে এর প্রভাব কম। অন্যদিকে, গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু শহরে বিভিন্ন ধরনের ব্যক্তিমালিকানাধীন বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের আধিক্য রয়েছে।
সার্বিকভাবে বললে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ঘরবাড়ি, আসবাব, চিত্ত-বিনোদন প্রভৃতি ক্ষেত্রেও গ্রাম ও নগর জীবনে পার্থক্য পরিলক্ষিত হয়।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম