সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজবিজ্ঞান ২য় পত্র থেকে সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫
# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
বাংলাদেশ স্বাধীন হওয়ার পাঁচ বছর আগে পাকিস্তানের লাহোর শহরে বিরোধী দলগুলোর এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছু দাবি পেশ করেন। এই দাবিগুলো পরবর্তী সময়ে বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে বিবেচিত হয়। এই দাবিগুলোর সমর্থনে ব্যাপকভাবে গণ-আন্দোলন গড়ে ওঠে, যা পরে গণ-অভ্যুত্থানে রূপ নেয়।

প্রশ্ন:
ক. ছাত্রনেতা আসাদুজ্জামান কোন আন্দোলনে শহীদ হন?
খ. পশ্চিম পাকিস্তানিরা কেন উর্দুকে রাষ্ট্রভাষা করতে ছেয়েছিল?
গ. উদ্দীপকে কোন রাজনৈতিক কর্মসূচিকে নির্দেশ করা হয়েছে?
ঘ. উক্ত কর্মসূচি বাঙালি জাতির মুক্তির সনদ—কথাটি বিশ্লেষণ করো।
উত্তর: ক.
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে।
উত্তর: খ.
ভাষা প্রতিটি জাতির একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভাষার ভিত্তিতে গড়ে ওঠে জাতীয়তাবাদ ও নিজস্ব স্বকীয়তা। পশ্চিম পাকিস্তানিরা বরাবরই চেয়েছে পূর্ব পাকিস্তানের জনগণকে তাদের অধীন রাখতে। বাংলা ভাষার ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদ গড়ে উঠুক তা তারা কখনোই চায়নি। তারা চেয়েছে উর্দু ভাষার ভিত্তিতে পাকিস্তানি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে। কেননা তা করা গেলে পূর্ব পাকিস্তানে তাদের শাসন ও শোষণ স্থায়ী করা যাবে।
উত্তর: গ.
উদ্দীপকে ছয় দফা কর্মসূচিকে নির্দেশ করা হয়েছে।
১৯৬৬ সালে লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি পেশ করেন, যা ঐতিহাসিক ছয় দফা হিসেবে খ্যাত। ছয় দফার মধ্যে ছিল—
১। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করতে হবে। এতে আঞ্চলিক স্বায়ত্তশাসনের বিধান থাকবে।
২। কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে দেশরক্ষা ও পররাষ্ট্র বিষয়। অন্যান্য বিষয় থাকবে প্রাদেশিক সরকারের অধীনে।
৩। দেশের দুই অঞ্চলের জন্য দুটি সহজ ও বিনিময়যোগ্য মুদ্রা থাকবে।
৪। সকল প্রকার ট্যাক্স ও খাজনা আদায়ের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে।
৫। বৈদেশিক মুদ্রার ওপর প্রাদেশিক রাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।
৬। আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে আঞ্চলিক সরকার আধা সামরিক বা মিলিশিয়া বাহিনী রাখতে পারবে।
উপরিউক্ত ছয় দফার ভিত্তিতে আন্দোলন পরবর্তী সময়ে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ফলে জেনারেল আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন।
উত্তর: ঘ.
ছয় দফা কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ হিসেবে বিবেচনা করা হয়। ভাষা আন্দোলনের ভিত্তিতে গড়ে ওঠা বাঙালি জাতীয়তাবাদ ছয় দফার ভিত্তিতে পূর্ণ রূপে বিকশিত হয়।
১৯৬৬ সালে লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ খ্যাত ছয় দফা কর্মসূচি পেশ করেন। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ দূর করার লক্ষ্যে এ ছয় দফা দাবি পেশ করা হয়। ভাষা আন্দোলনের ভিত্তিতে যে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে তা আরও দৃঢ় হয় ছয় দফার ভিত্তিতে। এরই ভিত্তিতে শুরু হয় অধিকার আদায়ের সংগ্রাম, যা স্বাধীনতা আন্দোলনকে উত্সাহ জুগিয়েছিল।
পূর্ব পাকিস্তানের জনগণ আর্থসামাজিক নানা দিক থেকে চরম বৈষম্যের শিকার হচ্ছিল। মূলত এই সত্যটি উঠে আসে ছয় দফার মাধ্যমে। ছয় দফা ছিল বাঙালির অধিকার আদায়ের মূলমন্ত্র। ভাষা আন্দোলনের পরে ছয় দফার ভিত্তিতে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়। শুরু হয় রাজপথের সংগ্রাম। পাকিস্তান সরকার একে রাষ্ট্রদ্রোহী আখ্যায়িত করে শেখ মুজিবুর রহমানসহ রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করে। এতে আন্দোলন আরও জোরালো হয়। রূপ নেয় গণ-অভ্যুত্থানে। এই আন্দোলনের ধারাবাহিকতায়ই মূলত ১৯৭০ সালের নির্বাচনের আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় ও ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি রচিত হয়। তাই ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করা হয়।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম