সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৮ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও—
আবদুল করিম গ্রামের কৃষক। তিনি আগে পুরোনো পদ্ধতিতে চাষাবাদ করতেন। অধিক ফসল উত্পাদনের জন্য তিনি বাড়ি থেকে অনেক দূরে উপজেলা সদরে অবস্থিত কৃষি অফিসে গিয়ে পরামর্শ নিতেন। কিন্তু এখন তিনি কৃষি অফিসে না গিয়েও মোবাইল ফোন ব্যবহার করে চাষাবাদ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকেন। অনেক সময় টেলিভিশনেও উন্নত চাষাবাদ সম্পর্তিক তথ্য পেয়ে থাকেন। অন্যদিকে, উন্নত বীজ ও সার ব্যবহারের ফলে তাঁর ফসলের উত্পাদনও বেড়েছে অনেক গুণ। তাই তিনি এখন খুব স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছেন। করিমের মতো অন্য কৃষকদের অবস্থা একই রকম।
প্রশ্ন:
ক. প্রযুক্তি কাকে বলে?
খ. বিশ্বায়ন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকটি পড়ে বাংলাদেশে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কোন প্রভাবকে তুমি চিহ্নিত করবে?
ঘ. তুমি কি মনে করো বাংলাদেশের সামাজিক পরিবর্তনে ওই উপাদানের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে? মতের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর-ক.
প্রযুক্তি বলতে বিজ্ঞানের প্রয়োগরীতিকে বোঝায়। বৈজ্ঞানিক নানা আবিষ্কার ব্যবহার করে কীভাবে সমাজকে এগিয়ে নেওয়া যায় সেই কৌশলই হলো প্রযুক্তি।
উত্তর-খ.
বিশ্বায়ন হলো একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সমগ্র বিশ্বকে একটি গ্রামরূপে কল্পনা করা হয়। সমগ্র বিশ্বকে একই পরিবারভুক্ত করাই এ প্রক্রিয়ার লক্ষ্য। মূলত পণ্য ও তথ্যের অবাধ প্রবাহের ধারণা থেকে বিশ্বায়নের ধারণাটি আসে। ড. জ্যাক হালাকের মতে, বিশ্বায়ন হচ্ছে মূলধনসহ পণ্য ও সেবার অবাধ প্রবাহের একটি সমন্বিত ব্যবস্থা। মোটকথা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে সমগ্র বিশ্ববাসীকে একই পতাকাতলে নিয়ে আসায় প্রক্রিয়াই হলো বিশ্বায়ন।
উত্তর-গ.
উদ্দীপকটি পড়ে বাংলাদেশের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির প্রভাবকে চিহ্নিত করা যায়।
তথ্য ও প্রযুক্তি বলতে সাধারণত তথ্য সংরক্ষণ করা ও একে ব্যবহার করার কৌশলকে বোঝায়। প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের ব্যবহারিক ও প্রায়োগিক দিক। বৈজ্ঞানিক আবিষ্কার, ব্যবহার সম্পর্কিত তথ্য, প্রয়োগবিধি প্রভৃতি তথ্য পাওয়ার নামই তথ্যপ্রযুক্তি। সব সমাজে আজ তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে নানা ধরনের পরিবর্তন সূচিত হয়েছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশে সামাজিক পরিবর্তনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর প্রভাবে কৃষি উত্পাদনে এসেছে ব্যাপক পরিবর্তন। এর ফলে কৃষকেরা যেমন চাষাবাদ সম্পর্কিত সঠিক ও প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন, তেমনি উন্নত জাতের বীজ, সার ও কলাকৌশল ব্যবহার করছে। ফলে বেড়েছে উত্পাদন।
উদ্দীপকে দেখা যাচ্ছে মোবাইল, টেলিভিশন প্রভৃতির মাধ্যমে করিম চাষাবাদ সম্পর্কিত নানা তথ্য পাচ্ছেন। অন্যদিকে, উন্নত বীজ ও সার ব্যবহারের ফলে তার উত্পাদন বেড়েছে অনেক গুণ। এটি সম্ভব হয়েছে তথ্য ও প্রযুক্তির কল্যাণে। তাই উদ্দীপকে বাংলাদেশের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির প্রভাব স্পষ্ট।
উত্তর-ঘ.
বাংলাদেশের সামাজিক পরিবর্তনে তথ্য ও প্রযুক্তির প্রভাব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। মানুষের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন প্রযুক্তিনির্ভর হচ্ছে। দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্যসহ সব ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি প্রভাব বৃদ্ধি পাচ্ছে।
বিশ্বায়নের এ যুগে কোন দেশই আজ বিশ্ব থেকে বিচ্ছিন্ন কিংবা একাকী নয়। অনুন্নত ও উন্নয়নশীল বিশ্ব উন্নত বিশ্বের অনুসরণ ও অনুকরণ করছে। উন্নত দেশের সমাজ ব্যবস্থায় তথ্যপ্রযুক্তি অভাবনীয় পরিবর্তন সূচিত করেছে। এ ক্ষেত্রে উন্নত দেশের অনুকরণ করছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। এর ফলে তথ্য ও প্রযুক্তির প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক কালে বাংলাদেশের দিকে তাকালেই আমরা তা প্রত্যক্ষ করি। বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য তথা সব ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির নির্ভরতা বাড়ছে। গড়ে উঠছে ডিজিটাল ক্লাসরুম। প্রতিষ্ঠিত হচ্ছে অনলাইন ব্যাংকিং। সমাজজীবনে বৃদ্ধি পাচ্ছে মোবাইল, টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট, এফএম রেডিও প্রভৃতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
বাংলাদেশের সমাজিক পরিবর্তনের ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির প্রভাব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে সমাজের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন সূচিত হচ্ছে। শিক্ষার হার যেমন বেড়েছে তেমনি এসেছে কাঙ্ক্ষিত সফলতা। কমেছে সময় ও অর্থের অপচয়। কমেছে নানা জটিলতা। স্বাস্থ্য ক্ষেত্রেও এসেছে ইতিবাচক পরিবর্তন। বেড়েছে স্বাস্থ্য সচেতনতা ও সেবার মান। ব্যবসা-বাণিজ্যে এসেছে গতিশীলতা। কৃষি উত্পাদনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তথ্য ও প্রযুক্তির প্রভাবে সমাজ আরও বেশি গতিশীল হচ্ছে। আগামী দিনে এ প্রভাব আরও বৃদ্ধি পাবে, তা নিঃসন্দেহে বলা যায়।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম