সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৫ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
মুনিরের দাদা স্বাধীনতাযুদ্ধের সময় ছাত্রনেতা ছিলেন এবং একজন মহান নেতার ঐতিহাসিক ভাষণে অনুপ্রাণিত হয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। অবসর সময়ে তিনি তাকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের গল্প শোনাতেন। একদিন ছাত্র-জনতার দুর্বার এক আন্দোলনের বিষয়ে বললেন। আগরতলা ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে গড়ে ওঠা সে আন্দোলনে তাঁদের সহপাঠী আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন। এতে আন্দোলন আরও বেগবান হয় এবং অবশেষে জেনারেল আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। একই সঙ্গে আগরতলা মামলা প্রত্যাহার করে মামলার প্রধান আসামি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের অগ্রদূতসহ জাতীয় নেতাদের মুক্তি দেওয়া হয়।
ক. জাতীয়তাবাদ কী?
খ. ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কেন?
গ. মুনিরের দাদার বর্ণনাকৃত আন্দোলনের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন আন্দোলনের মিল রয়েছে?
ঘ. বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে উদ্দীপকে নির্দেশিত মহান নেতার অবদান মূল্যায়ন করো।
উত্তর-ক
জাতীয়তাবাদ বলতে একধরনের মানসিক ঐক্য বা চেতনাকে বোঝায়, যার দ্বারা কোনো জনগোষ্ঠী নিজেদের মধ্যে সংহতি অনুভব করে। এর ভিত্তিতে তারা একত্রে বসবাস করার অনুপ্রেরণা পেয়ে থাকে। ভাষা, ধর্ম, সংস্কৃতি, আঞ্চলিকতা, রাজনীতি ইত্যাদির মাধ্যমে জাতীয়তাবাদ গড়ে ওঠে।
উত্তর-খ
১৯৬৬ সালে লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ খ্যাত ছয় দফা কর্মসূচি পেশ করেন। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ দূর করার লক্ষ্যে এ ছয় দফা দাবি পেশ করা হয়। ভাষা আন্দোলনের ভিত্তিতে যে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে তা আরও দৃঢ় হয় ছয় দফার ভিত্তিতে। এরই ভিত্তিতে শুরু হয় অধিকার আদায়ের সংগ্রাম, যা স্বাধীনতা আন্দোলনকে উত্সাহ জুগিয়েছিল। তাই ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করা হয়।
উত্তর-গ
মুনিরের দাদা ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান সম্পর্কে বর্ণনা করেছেন।
১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ছয় দফা ঘোষণার পর থেকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর মধ্যে ভীতির সঞ্চার হয়। তাই তারা ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। ফলে বাংলার মানুষের মধ্যে ক্ষোভের মাত্রা আরও বৃদ্ধি পায়। ছয় দফার সঙ্গে ছাত্ররা আরও পাঁচ দফা যুক্ত করে ছাত্র-জনতা এগারো দফা কর্মসূচি নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে।
বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিতে থাকে ‘জাগো জাগো, বাঙালি জাগো’, ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’। ২০ জানুয়ারি ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ শহীদ হন। এ ঘটনার পর চলমান আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ২৪ জানুয়ারিতে প্রবল গণঅভ্যূত্থানে রূপ লাভ করে। এ গণঅভ্যূত্থান আমাদের ইতিহাসে ঊনসত্তরের মহান গণঅভ্যূত্থান হিসেবে পরিচিতি পায়। এ ঘটনা প্রবাহে ১৫ ফেব্রুয়ারি আগরতলা মামলার আসামি সার্জেন্ট জহুরুল হক জেল-হাজতে নিহত হন এবং ১৮ ফেব্রুয়ারি ড. শামসুজ্জোহা সামরিক অফিসার কর্তৃক নিহত হন। উদ্দীপকে আগরতলা মামলাকে কেন্দ্র করে আন্দোলনটি সৃষ্ট এবং সে আন্দোলনে আসাদুজ্জামান শহীদ হন বলে উল্লেখ রয়েছে বিধায় এটি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান।
উত্তর-ঘ
উদ্দীপকে নির্দেশিত মহান নেতা হলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর আপসহীন ও অপ্রতিদ্বন্দ্বী ভূমিকার জন্য তিনি চিরস্মরণীয়। ১৯৬৬ সালে লাহোরে বিরোধী দলগুলোর এ সম্মেলনে ছয় দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে তিনি বাঙালি জাতির অতুলনীয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এই ছয় দফা পরবর্তী সময়ে বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিগণিত হয়। তার এই ছয় দফার পরিপ্রেক্ষিতে পরে ছাত্র-জনতার এগারো দফা কর্মসূচির ভিত্তিতে আন্দোলন ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে রূপ নেয়, যার ফলে জেনারেল আইয়ুব খানের পতন ঘটে। আগরতলা মামলা থেকে মুক্তি পাওয়ার পর তিনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। ১৯৭০ সালের জাতীয় পরিষদের নির্বাচনে তাঁর দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে।
পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী জনগণের নির্বাচিত প্রতিনিধি বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর না করে টালবাহানা শুরু করে। এ পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতাসংগ্রামের সশস্ত্র প্রস্তুতির জন্য উদ্বুদ্ধ করে তোলে। তাঁর এ ভাষণ আজও জাতিকে অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা জোগায়। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর লাল-সবুজের স্বাধীন বাংলায় তিনি হয়ে ওঠেন স্বাধীনতার জীবন্ত কিংবদন্তি ও স্বাধীন বাংলাদেশের স্থপতি। সব বিবেচনায় বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে তাঁর অবদান অতুলনীয়।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম