সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৬
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৬ থেকে সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
ক. মধ্যবিত্ত শ্রেণি কারা?
খ. শাসক এলিট ও অশাসক এলিটের মধ্যে তফাত বুঝিয়ে লেখো।
গ. প্রথম ছবিটি দেখে তুমি বাংলাদেশের কোন সমাজকে চিহ্নিত করবে?
ঘ. প্রথম ও দ্বিতীয় ছবিতে নির্দেশিত সমাজের মধ্যে তুলনামূলক আলোচনা করো।
উত্তর: ক. মধ্যবিত্ত শ্রেণি বলতে শিক্ষিত পেশাজীবী শ্রেণিকে বোঝায়; যাঁরা উচ্চশিক্ষিত এবং একটি ভালো চাকরি করেন। যেমন: চিকিত্সক, অধ্যাপক, ম্যাজিস্ট্রেট, আইনজীবী ইত্যাদি। 

উত্তর: খ. শাসক এলিট বলতে বোঝায় প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী ব্যক্তিদের। তাঁরা ক্ষমতাশালী হয়ে থাকেন। অন্যদিকে অশাসক এলিট বলতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বোঝায়, যাঁদের হাতে ক্ষমতা নেই। তাঁরা সর্বদা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন। শাসক এলিট হলেন সরকারি দলের নেতারা আর অশাসক এলিট হলেন বিরোধীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।
উত্তর: গ. প্রথম ছবিটি দেখে বাংলাদেশের গ্রামীণ সমাজকে চিহ্নিত করা যায়।
গ্রামীণ সমাজ হচ্ছে পৃথিবীর প্রাচীন ও স্থায়ী মানবসমষ্টি। কৃষির উদ্ভবের পর মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং গড়ে ওঠে স্থায়ী মানবগোষ্ঠী। গ্রামীণ সমাজ বলতে এমন একটি জনবসতিকে বোঝায়, যা মূলত কৃষিকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
কৃষিভিত্তিক পেশাই গ্রামীণ সমাজের মূল বিষয়। মিনু মাসানির মতে, একটি সাধারণ বংশোদ্ভূত এবং কিছু জমির ওপর সাধারণ মালিকানাসহ একদল লোককে গ্রামীণ সমাজ বলে। মূলত এমন একটি ভৌগোলিক এলাকা হলো গ্রামীণ সমাজ, যেখানে মানুষের প্রধান পেশা কৃষি এবং কৃষিভূমিকে কেন্দ্র করেই জনবসতি গড়ে ওঠে। এখানে জনসংখ্যার ঘনত্ব যেমন কম, তেমনি মানুষের মধ্যে প্রথাগত সম্পর্ক বিদ্যমান।
উদ্দীপকের ছবিতে ভূমিতে কৃষিকাজের দৃশ্য দেখা যাচ্ছে, যা গ্রামীণ সমাজকেই নির্দেশ করছে। কেননা, কৃষিকে কেন্দ্র করে গ্রামীণ সমাজ গড়ে ওঠে।
উত্তর: ঘ. প্রথম ছবি দ্বারা গ্রামীণ সমাজ আর দ্বিতীয় ছবি দ্বারা শহুরে সমাজকে নির্দেশ করা হয়েছে। বাংলাদেশের গ্রামীণ সমাজ ও শহুরে সমাজের মধ্যে নানা ক্ষেত্রে ভিন্নতা বিদ্যমান। গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। কেউ নিজ জমিতে চাষাবাদ করে, কেউ বা আবার অন্যের জমিতে কিংবা কৃষি দিনমজুর হিসেবে কাজ করে। অল্পসংখ্যক মানুষ স্থানীয় স্কুল, মাদ্রাসা, অফিস ও অন্যান্য অকৃষিজ পেশায় কাজ করে। অন্যদিকে নগরের অধিকাংশ মানুষ অকৃষিজ পেশায় জড়িত। তারা বিভিন্ন কলকারখানা, অফিস-আদালত ও অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করে।
গ্রামের মানুষ অর্থনৈতিক দিক থেকে নগরের মানুষের চেয়ে কম সম্পদশালী। নগর সমাজের একটি অংশ উচ্চবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত। বাকি একটি অংশ মধ্যবিত্ত শ্রেণি। কিন্তু গ্রামে এ ধরনের মানুষের সংখ্যা খুবই কম। নগরজীবনে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন দিকে যেমন সুযোগ-সুবিধা রয়েছে, গ্রামীণ জীবনে তা নেই। নগরজীবন অনেকটা প্রযুক্তিনির্ভর ও উন্নত, কিন্তু গ্রামে প্রযুক্তির ব্যবহার কম। প্রথাগত সম্পর্কই গ্রামীণ সমাজের ভিত্তি।
অন্যদিকে নগরের মানুষের মধ্যে মূলত যৌক্তিক সম্পর্ক বিদ্যমান। গ্রামের মানুষ অধিক ধর্মপ্রাণ হয়ে থাকে, কিন্তু নগরজীবনে এর প্রভাব কম। অন্যদিকে গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু শহরে বিভিন্ন ধরনের ব্যক্তিমালিকানাধীন বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের আধিক্য রয়েছে। বাংলাদেশে গ্রামীণ ও নগরজীবনে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ঘরবাড়ি, আসবাব, চিত্তবিনোদন প্রভৃতির মধ্যেও পার্থক্য পরিলক্ষিত হয়। সার্বিকভাবে বললে গ্রাম ও নগরজীবনের মধ্যে নানা ধরনের ভিন্নতা বিদ্যমান।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম