সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৭ থেকে একটি সৃজনশীল নমুনা দেওয়া হলো।

গত বছর সাইফুলের বড় ভাই মারা যাওয়ায় বড় ভাইয়ের বিধবা স্ত্রীকে সাইফুল বিয়ে করে। বড় ভাই আগে তার স্ত্রীকে নিয়ে মা-বাবা ও ভাইবোনের সঙ্গে গ্রামের বাড়িতে একসঙ্গে থাকত। কিন্তু সাইফুল চট্টগ্রাম শহরে চাকরি করায় সে স্ত্রীকে চট্টগ্রাম শহরে নিয়ে আসে। স্বামী-স্ত্রী দুজনের পরিবারে তারা নতুন জীবন শুরু করেছে।
ক. মাতৃসূত্রীয় পরিবার কী?
খ. বিবাহ একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান—ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সাইফুলের বিবাহের ধরন নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের পরিবারের ধরন কাঠামোতে কী ধরনের পরিবর্তন হচ্ছে বলে তুমি মনে করো?
উত্তর-ক
যে পরিবারের সন্তানেরা মায়ের দিক থেকে সম্পত্তি ও বংশমর্যাদা উত্তরাধিকার সূত্রে লাভ করে তা-ই মাতৃসূত্রীয় পরিবার। বাংলাদেশে গারো সমাজে এ ধরনের পরিবার দেখা যায়।
উত্তর-খ
বিবাহ হলো নারী-পুরুষের মধ্যে সমাজস্বীকৃত বন্ধন। কতগুলো নিয়ম-নীতি ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে এ বন্ধন তৈরি হয়, যার ভিত্তিতে পরিবার গড়ে ওঠে। এ বন্ধন ছাড়া পরিবার গঠন করা যায় না। বিবাহের মাধ্যমে সন্তানের বৈধতা দান, নতুন সম্পর্ক স্থাপন, সম্পত্তির উত্তরাধিকার নির্ণয়সহ নানা বিষয় নির্ধারিত হয়। এসব বিবেচনায় বিবাহ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান।
উত্তর-গ
সাইফুলের বিবাহ হলো লেভিরেট বিবাহ।
কোনো মহিলার স্বামী মারা গেলে মৃত স্বামীর ভাইয়ের সঙ্গে বিবাহকে লেভিরেট বিবাহ বলে। এ ধরনের বিবাহকে দেবর বিবাহও বলা হয়। বাংলাদেশসহ অনেক সমাজে এ ধরনের বিবাহ দেখা যায়। সাধারণত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সন্তানদের নিরাপত্তা, সম্পত্তি নিজেদের মধ্যে রাখা ইত্যাদি কারণে সমাজে এ ধরনের বিবাহ প্রচলিত। কেননা বিধবা মহিলার অন্য কোথাও বিয়ে হলে সন্তানেরা যেমন অভিভাবকহীন হয়ে যাবে, তেমনি সম্পত্তিও হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে মানবিক কারণেও এ ধরনের বিয়ে হয়ে থাকে। উদ্দীপকে সাইফুল তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করেছে বিধায় তার বিয়ে লেভিরেট বিবাহ।
উত্তর-ঘ
বাংলাদেশে যৌথ পরিবার ভেঙে অণুপরিবার গড়ে উঠছে। নানা আর্থসামাজিক কারণে পরিবারের ধরন কাঠামোতে এ ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে। স্থানান্তর গমন ছাড়াও আধুনিক শিক্ষার প্রসার, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী দৃষ্টিভঙ্গি, পারিবারিক কলহ ও দ্বন্দ্ব্ব-সংঘাত, আর্থিক অনটন প্রভৃতি কারণে পরিবারের ধরন-কাঠামোতে পরিবর্তন অর্থাত্ যৌথ পরিবার ভেঙে অণু পরিবার গড়ে উঠছে। একই কারণে নয়াবাস পরিবারের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
যৌথ পরিবার ভেঙে যাওয়ার পেছনে আরেকটি বড় কারণ হলো মানুষের শ্রম বিভাজন। আগে গ্রামীণ সমাজে পরিবারের সবাই একসঙ্গে কৃষিকাজ কিংবা কুটিরশিল্পে কাজ করত। কিন্তু এর পরিবর্তে এখন মানুষ শহরের বড় বড় কলকারখানায় কাজ করছে। তাই চাইলেও একসঙ্গে যৌথ পরিবারে থাকতে পারছে না। জীবন ও জীবিকার তাগিদে তাকে অণুপরিবার গড়ে তুলতে হচ্ছে। যৌথ পরিবার ভেঙে যাওয়ার পেছনে পারিবারিক কলহ ও আর্থিক অনটন কম দায়ী নয়। যৌথ পরিবারে মানুষ বেশি হওয়ায় অনেক সময় আর্থিক অনটন ও দ্বন্দ্ব-সংঘাত লেগে থাকে। ফলে এ থেকে বাঁচার জন্য অনেক সময় যৌথ পরিবার ভেঙে অণুপরিবার তৈরি হয়। উদ্দীপকে দেখা যাচ্ছে, আগে সাইফুলের বড় ভাই গ্রামে থাকত বিধায় তার স্ত্রীও গ্রামে সবার সঙ্গে যৌথ পরিবারে থাকত। সাইফুল শহরে চাকরি করার কারণে তার স্ত্রীকেও শহরে নিয়ে আসে। ফলে আগের যৌথ পরিবার ভেঙে অণুপরিবার গড়ে ওঠে।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম