সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৮
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৮ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
সামাদ মিয়া গ্রামের কৃষক। তিনি ভালো ফসল ফলানোর জন্য আগে গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে কৃষি অফিসে গিয়ে নানা পরামর্শ নিতেন। কিন্তু এখন তিনি অফিসে না গিয়েও মোবাইল ফোনের মাধ্যমেই পরামর্শ নিতে পারেন। একইভাবে তিনি ফসল রোপণ ও কাটার ক্ষেত্রেও আধুনিক উপাদান ব্যবহার করছেন। এতে তাঁর উত্পাদন বেড়ে আর্থিক উন্নতি সাধিত হচ্ছে।
ক. শিল্পায়ন কী?
খ. ‘নগরায়ণ ও শিল্পায়ন একে অপরের পরিপূরক’, ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকটি পড়ে বাংলাদেশের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কোন উপাদানের প্রভাবকে তুমি চিহ্নিত করবে?
ঘ. বাংলাদেশের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অন্যান্য উপাদানের চেয়ে নির্দেশিত উপাদানটির প্রভাব বৃদ্ধি পাচ্ছে। তুমি কি এর সঙ্গে একমত?
উত্তর-ক
শিল্পায়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝানো হয়, যেখানে ক্ষুদ্র ও হস্তচালিত উত্পাদনের পরিবর্তে যন্ত্র ও শক্তিচালিত কলকারখানায় উত্পাদন হয়। এ প্রক্রিয়ার যান্ত্রিক পদ্ধতিতে অকৃষিজ পণ্য উত্পাদন হয়।
উত্তর-খ
নগরায়ণ ও শিল্পায়ন একটি অপরটিকে গতিশীল করে। যেখানে নগরায়ণ হয়, সেখানে শিল্পায়নও হয়। আবার যেখানে শিল্পায়ন হয়, সেখানে নগরায়ণও হয়। বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। নগরায়ণ ও শিল্পায়ন একে অন্যকে ত্বরান্বিত করে বিধায় বলা হয় এরা একে অপরের পরিপূরক।
উত্তর-গ
উদ্দীপকটি পড়ে বাংলাদেশের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির প্রভাবকে চিহ্নিত করা যায়।
তথ্য ও প্রযুক্তি বলতে সাধারণত তথ্য সংরক্ষণ করা ও একে ব্যবহার করার কৌশলকে বোঝায়। প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের ব্যবহারিক ও প্রায়োগিক দিক। বৈজ্ঞানিক আবিষ্কার, ব্যবহার-সম্পর্কিত তথ্য, প্রয়োগবিধি প্রভৃতি সম্পর্কিত তথ্য পাওয়ার নামই তথ্যপ্রযুক্তি। সব সমাজে আজ তথ্য ও প্রযুক্তি নানা ধরনের পরিবর্তন সূচিত করছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশে সামাজিক পরিবর্তনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর প্রভাবে কৃষি উত্পাদনে এসেছে ব্যাপক পরিবর্তন। এর ফলে কৃষকেরা যেমন চাষাবাদ-সম্পর্কিত সঠিক ও প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন, তেমনি উন্নত জাতের বীজ, সার ও কলাকৌশল ব্যবহার করছেন। ফলে বেড়েছে উত্পাদন।
উদ্দীপকে দেখা যাচ্ছে, মোবাইল ফোনের মাধ্যমে সামাদ মিয়া চাষাবাদ-সম্পর্কিত নানা তথ্য পাচ্ছেন। এটি সম্ভব হয়েছে তথ্য ও প্রযুক্তির কল্যাণে। তাই উদ্দীপকে বাংলাদেশের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তথ্য ও প্রযুুক্তির প্রভাব স্পষ্ট।
উত্তর-ঘ
বাংলাদেশের সামাজিক পরিবর্তনে নগরায়ণ, শিল্পায়ন, বিশ্বায়ন প্রভৃতির চেয়ে তথ্য ও প্রযুক্তির প্রভাব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। মানুষের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন প্রযুক্তিনির্ভর হচ্ছে। দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্যসহ সব ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির প্রভাব বৃদ্ধি পাচ্ছে। বিশ্বায়নের এই যুগে কোনো দেশই আজ বিশ্ব থেকে বিচ্ছিন্ন কিংবা একাকী নয়। অনুন্নত ও উন্নয়নশীল বিশ্ব উন্নত বিশ্বকে অনুসরণ ও অনুকরণ করছে। উন্নত দেশের সমাজব্যবস্থায় তথ্যপ্রযুক্তি অভাবনীয় পরিবর্তন সূচিত করেছে। এ ক্ষেত্রে উন্নত দেশের অনুকরণ করছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। এর ফলে তথ্য ও প্রযুক্তির প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। সাম্প্র্রতিক কালে বাংলাদেশের দিকে তাকালেই আমরা তা প্রত্যক্ষ করি। বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য তথা সব ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির নির্ভরতা বাড়ছে। গড়ে উঠছে ডিজিটাল ক্লাসরুম। প্রতিষ্ঠিত হচ্ছে অনলাইন ব্যাংকিং। সমাজজীবনে বৃদ্ধি পাচ্ছে মোবাইল ফোন, টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট, এফএম রেডিও প্রভৃতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
বাংলাদেশের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির প্রভাব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে সমাজের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন সূচিত হচ্ছে। শিক্ষার হার যেমন বেড়েছে, তেমনি এসেছে কাঙ্ক্ষিত সফলতা। কমেছে সময় ও অর্থের অপচয়। কমেছে নানা জটিলতা। স্বাস্থ্যক্ষেত্রেও এসেছে ইতিবাচক পরিবর্তন। বেড়েছে স্বাস্থ্য সচেতনতা ও সেবার মান। ব্যবসা-বাণিজ্যে এসেছে গতিশীলতা। তথ্যপ্রযুক্তির কল্যাণে মানুষ ঘরে বসে হাজার হাজার মাইল দূরের মানুষের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে পারছে। এর প্রভাবে কৃষি উত্পাদনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তথ্য ও প্রযুক্তির প্রভাবে সমাজ আরও বেশি গতিশীল হচ্ছে। আগামী দিনে এ প্রভাব আরও বৃদ্ধি পাবে, তা নিঃসন্দেহে বলা যায়।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম